
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশগুলোর এক কূটনীতিক এবং এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রস্তাবিত এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি অবিলম্বে কোনো টোল ছাড়াই খুলে দেওয়া হবে এবং চুক্তির শর্ত বাস্তবায়নের ভিত্তিতে ইরান ধাপে ধাপে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পাবে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকের আওতায় যুদ্ধবিরতি আরও ৬০ দিনের জন্য বাড়ানো হবে। এর মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত থাকবে। একই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে। চুক্তির খসড়ায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো বাস্তব পদক্ষেপ কার্যকর হবে আরও বিস্তারিত দ্বিতীয় একটি চুক্তি সম্পাদনের পর।
খসড়া নথি সম্পর্কে অবগত মধ্যস্থতাকারী দেশগুলোর এক কূটনীতিক বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির পাঠ্য নিয়ে একমত হয়েছে। তবে এখনো উভয় পক্ষের চূড়ান্ত অনুমোদন বাকি রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ইরানের উচ্চপর্যায়ে চুক্তিটি অনুমোদন পেয়েছে বলে জানা গেছে। তবে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনো এতে চূড়ান্ত সম্মতি দিয়েছেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।
ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন সপ্তাহান্তেই একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তেহরান এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
গত দুই মাসে একাধিকবার হোয়াইট হাউস মনে করেছিল যে একটি চুক্তি হতে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত আলোচনা ভেঙে পড়েছিল। তবু এবার মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিরা আশাবাদী যে চুক্তিটি শেষ পর্যন্ত বাস্তবায়নের পথে এগোবে।
এদিকে বৃহস্পতিবার চারটি মার্কিন বিমানবাহিনীর সি-১৭ পরিবহন বিমান ইউরোপের উদ্দেশে যাত্রা করেছে। সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবেই এই সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানা গেছে।
দুই মধ্যস্থতাকারী দেশের দুই কূটনীতিক এবং দুই মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, বুধবার রাতে দীর্ঘ আলোচনার পর প্রাথমিক সমঝোতা অর্জিত হয়। আলোচনায় কাতারের মধ্যস্থতাকারী আলী আল-থাওয়াদি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তেহরানে অনুষ্ঠিত ওই আলোচনার সময় আল-থাওয়াদি একাধিকবার ফোনে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে যোগাযোগ করেন বলেও জানা গেছে।
চুক্তি চূড়ান্ত হয়েছে বলে ট্রাম্পের ঘোষণাটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য অপ্রত্যাশিত ছিল। মার্কিন এক সূত্রের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে আলোচনার অগ্রগতি জানার চেষ্টা করছিলেন।
প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, ইরান প্রতিশ্রুতি দেবে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে চলমান বিরোধের সমাধানে কাজ করবে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, এই বিরোধের সমাধানে ইরানের ভেতরেই জাতিসংঘের পরিদর্শকদের তত্ত্বাবধানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামকে কম সমৃদ্ধ পর্যায়ে নামিয়ে আনার বিকল্প বিবেচনায় নেওয়া হয়েছে এবং ট্রাম্প এ বিষয়ে সম্মতি দিয়েছেন।
তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো পদক্ষেপ বাস্তবায়ন হবে কেবল তখনই, যখন আরও বিস্তৃত ও বিস্তারিত দ্বিতীয় একটি চুক্তি সম্পাদিত হবে। বিশ্লেষকদের মতে, সেটি অর্জন করা সহজ হবে না। মধ্যস্থতাকারী দেশগুলোর এক কূটনীতিক দাবি করেছেন, বর্তমান এমওইউতে পারমাণবিক ইস্যুর সব গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের সব প্রধান শর্ত পূরণ করে।
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো হরমুজ প্রণালি পুনরায় চালু করা। খসড়া অনুযায়ী, চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই প্রণালিটি খুলে দেওয়া হবে এবং ৩০ দিনের মধ্যে যুদ্ধ-পূর্ব সময়ের সমপরিমাণ জাহাজ চলাচল পুনরুদ্ধার করা হবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রও তার অবরোধ প্রত্যাহার করবে।
মার্কিন কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার পর ইরানকে ৬০ দিনের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা শিথিল করা হবে, যাতে দেশটি আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারে। এতে তেহরানের জন্য গুরুত্বপূর্ণ রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে।
চুক্তির শর্ত যথাযথভাবে বাস্তবায়িত হলে এবং পরবর্তী আলোচনায় ইরান সদিচ্ছা প্রদর্শন করলে নিষেধাজ্ঞা আরও শিথিল করা হতে পারে। তবে বিদেশে আটকে থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। খসড়া নথিতে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পরপরই তাদের কিছু অর্থ মুক্ত করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, চুক্তি বাস্তবায়নের অগ্রগতির ভিত্তিতে ধাপে ধাপে অর্থ ছাড়া হবে। প্রশাসনের বাইরে থাকা এক মার্কিন সূত্রের আশঙ্কা, এই অর্থের বিষয়টি হয়তো কোনো গোপন পার্শ্বচুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হতে পারে। যদিও এক মার্কিন কর্মকর্তা সম্প্রতি এ ধরনের সম্ভাবনা নাকচ করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্র, ইরান ও কাতার সাম্প্রতিক দিনগুলোতে এমন একটি ব্যবস্থার বিষয়ে আলোচনা করেছে, যার মাধ্যমে কাতারে আটকে থাকা ইরানের কিছু অর্থ মানবিক পণ্য কেনার জন্য ব্যবহারের সুযোগ দেওয়া হবে।
কাতার ও পাকিস্তানের যৌথ মধ্যস্থতায় হওয়া এই চুক্তির নাম রাখা হয়েছে ‘ইসলামাবাদ চুক্তি’। তবে সেটি কার্যকর হবে কেবল তখনই, যখন উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে এতে স্বাক্ষর করবে। মধ্যস্থতাকারী দেশগুলোর এক কূটনীতিক বলেছেন, চুক্তির শেষ মুহূর্তের বিষয়গুলো চূড়ান্ত করা এবং স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ নির্ধারণে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ চলছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ...
১ ঘণ্টা আগে
চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান একটি চূড়ান্ত চুক্তির ‘একেবারে কাছাকাছি’ পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে...
৩ ঘণ্টা আগে
বলিউড সুপারস্টার সালমান খানের পানভেল ফার্মহাউসের প্রতিবেশী কেতন কাক্করের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মানহানিকর বক্তব্য অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সম্পত্তি নিয়ে একটি পুরোনো মামলার শুনানিতে আদালত এই রায়...
৬ ঘণ্টা আগে
চীনের এই জনসংখ্যার সংকট এখন ‘গাণিতিকভাবে অপরিবর্তনশীল’ এবং এটি সময়ের ব্যবধানে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, ভোক্তা বাজার এবং বিশ্বমঞ্চে পরাশক্তি হওয়ার উচ্চাকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেবে...
৬ ঘণ্টা আগে