
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ শনিবার সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তিনিও শিগগিরই আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডে যাবেন।
অন্যদিকে, এই আলোচনার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রোববার থেকেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। এ ছাড়া প্রতিনিধি দলে আরও আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, নিরাপত্তা, কেন্দ্রীয় ব্যাংক ও জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তারাও।
এদিকে এর কয়েক ঘণ্টা আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করেছে।
আইআরজিসির দাবি, লেবাননে ইসরায়েলের হামলা এবং যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে জানায়, সেখানে প্রবেশ করলে জাহাজগুলো নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আজ শনিবার হরমুজ প্রণালি দিয়ে ৫৫টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করেছে। এসব জাহাজে ১ কোটি ৭০ লাখ ব্যারেলের বেশি তেলসহ বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা হয়েছে।
সুইজারল্যান্ডের আলোচনায় বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান পূর্ববর্তী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিষয়ে জোর দেবে। অতীতে অপর পক্ষ (যুক্তরাষ্ট্র) একাধিকবার চুক্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, ওয়াশিংটনের ১৪ দফা সমঝোতার ভিত্তিতে হওয়া যুদ্ধবিরতি টিকে থাকবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি জানান, হরমুজ প্রণালি বাস্তবে বন্ধ হয়ে গেছে—এমন কোনো তথ্য তাঁর কাছে নেই।
ভ্যান্স বলেন, ‘আমি শিগগিরই সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হব। তবে কূটনৈতিক সমন্বয় ও আনুষ্ঠানিকতার বিষয়গুলো সব সময়ই কিছুটা জটিল।’
তিনি আরও জানান, মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইতিমধ্যে সুইজারল্যান্ডে অবস্থান করছেন এবং আলোচনার কারিগরি বিষয়গুলো নিয়ে কাজ করছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ৬০ দিনের আলোচনার অন্যতম শর্ত ছিল লেবাননে সংঘাত বন্ধ করা। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ তাদের বাহিনীর ওপর ৫০টির বেশি রকেট ও গোলা নিক্ষেপ করেছে। এর জবাব হিসেবে তারা হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে।
অন্যদিকে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ বলেছে, তারা লেবাননে ইসরায়েলকে ‘অবাধ চলাচলের সুযোগ’ দেবে না।
ইসরায়েলও স্পষ্ট করেছে, তারা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার অংশ নয় এবং দক্ষিণ লেবাননে দখল করা অবস্থান থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।
মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল ও হিজবুল্লাহ-সংশ্লিষ্ট সূত্রও। তবে লেবাননে ইসরায়েলের হামলা এখনো অব্যাহত রয়েছে।
এদিকে, ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে লেবাননে হামলা সীমিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে দখল করা এলাকা থেকে সেনা সরানো হবে না।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন হামলা চালিয়েছে। এসব অঞ্চল হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশ বা সেনাদের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রায় ৪৪০ কোটি রুপি জমা থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট কার্যক্রম (টাকা তোলার প্রক্রিয়া) ফ্রিজ বা স্থগিত করা হয়েছে। দলটির কয়েকজন বিদ্রোহী বিধায়ক এই তহবিলের উৎস নিয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়ে অভিযোগ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো...
২ ঘণ্টা আগে
লেবাননে চলমান ইসরায়েলি হামলা ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার অংশ হিসেবে তিনি শিগগির সুইজারল্যান্ডে যেতে...
৪ ঘণ্টা আগে
ভারতের রাজধানী দিল্লিতে সদ্যোজাত শিশু পাচারকারী এক চক্রের সন্ধান পেয়েছে দিল্লি পুলিশ। চক্রটি দরিদ্র দম্পতিদের কাছ থেকে মাত্র চার-পাঁচ দিন বয়সী শিশুদের সংগ্রহ করে দিল্লির সন্তানহীন দম্পতিদের কাছে চড়া দামে বিক্রি করছিল...
৬ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের পারভানি জেলায় একটি মন্দিরের ছাদ ধসে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ২০ পুণ্যার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে