
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন রেস্তোরাঁয় বিস্ফোরণে এক চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এই বিস্ফোরণ মূলত একটি হামলার ফলে ঘটেছে। স্থানীয় সময় গতকাল সোমবার কাবুলের শাহর-এ-নও বাণিজ্যিক এলাকায় ওই রেস্তোরাঁটিতে হামলা চালানো হয়।
পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, এলাকাটিতে বিভিন্ন অফিস, শপিং কমপ্লেক্স ও দূতাবাস রয়েছে এবং এটি শহরের অন্যতম নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত। জাদরান আরও জানান, চীনা নুডলস রেস্তোরাঁটি যৌথভাবে পরিচালনা করতেন আব্দুল মজিদ নামের এক চীনা মুসলিম, তাঁর স্ত্রী এবং আব্দুল জব্বার মাহমুদ নামের একজন আফগান অংশীদার। রেস্তোরাঁটি মূলত চীনা মুসলিম সম্প্রদায়ের জন্য খাবার পরিবেশন করত।
বিস্ফোরণটি রেস্তোরাঁর কিচেনের কাছে ঘটেছিল। এতে আইয়ুব নামে এক চীনা নাগরিক এবং ছয়জন আফগান নিহত হন। পরে আইএসআইএলের আফগান শাখা এই হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানায়, এটি ছিল আত্মঘাতী বোমা হামলা। আইএসআইএলের আমাক নিউজ এজেন্সি বলেছে, উইঘুরদের ওপর চীনা সরকারের ক্রমবর্ধমান অপরাধের প্রতিবাদে তারা চীনা নাগরিকদের লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
মানবাধিকার গোষ্ঠীগুলো বেইজিংয়ের বিরুদ্ধে চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী প্রায় ১ কোটি উইঘুর মুসলিমের ওপর ব্যাপক নির্যাতনের অভিযোগ তুলে আসছে। তবে বেইজিং এই নির্যাতনের কথা অস্বীকার করেছে এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ এনেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণে রেস্তোরাঁর সামনের দিকে বিশাল গর্ত তৈরি হয়েছে এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়া বের হচ্ছে।
ইতালীয় এনজিও ইমার্জেন্সি জানিয়েছে, কাবুলে তাদের পরিচালিত একটি চিকিৎসাকেন্দ্রে বিস্ফোরণস্থল থেকে ২০ জনকে আনা হয়েছিল, যাঁদের মধ্যে ৭ জন পৌঁছানোর আগেই মারা যান। সংস্থাটি বলেছে, হতাহতের এই সংখ্যা এখনো প্রাথমিক।
এনজিওটি এক বিবৃতিতে বলেছে, হাসপাতালের কাছে শাহর-এ-নও এলাকায় বিস্ফোরণের পর ২০ জনকে ইমার্জেন্সির সার্জিক্যাল সেন্টারে আনা হয়। তাঁদের মধ্যে সাতজন হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত ছিলেন।’ আহত ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে বলেও তারা জানিয়েছে।
২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় আসার পর থেকে কাবুলসহ পুরো আফগানিস্তানে বিস্ফোরণের ঘটনা কমেছে। তবে আইএসআইএলের সহযোগী সংগঠনগুলো এখনো দেশটিতে সক্রিয় রয়েছে এবং মাঝেমধ্যে এই ধরনের হামলা চালিয়ে থাকে।

ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকি সম্প্রদায়ের তিন গির্জা নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
২ ঘণ্টা আগে
ভারত তিব্বতের কৈলাস-মানস সরোবর যাত্রার জন্য হিমালয়ের লিপুলেখ গিরিপথ পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত-নেপাল সম্পর্কে। বিতর্কিত কালাপানি অঞ্চলের অন্তর্ভুক্ত এই গিরিপথ নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে নেপাল ভারতের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ফিলিপাইনের সিনেট ভবনে বুধবার (১৩ মে) সন্ধ্যায় এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত সিনেটর রোনাল্ড ডেলা রোসাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে এই উত্তেজনার সূত্রপাত হয়।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানিয়েছে চীন। আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছালে তাঁকে ঘিরে আয়োজন করা হয় লালগালিচা সংবর্ধনা। দুই দিনের গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য চীনে গেছেন ট্রাম্প।
৪ ঘণ্টা আগে