
জিবুতির পূর্ব উপকূলে অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় আরও ৮৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
বেঁচে যাওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাতে স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে আইওএম জানায়, এডেন উপসাগরের কাছে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি জিবুতির পূর্ব উপকূলের গুহেরে এলাকায় নৌকাটি ডুবে যায়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের আগপর্যন্ত কোনো এক সময়ে দুর্ঘটনাটি ঘটে।
আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, ৩০০ জনেরও বেশি আরোহী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। নৌকাডুবির পর ৮০ জনের বেশি মানুষ প্রাণে বেঁচে যান। তাঁরা সবাই ইথিওপিয়ার নাগরিক।
জিবুতির কর্তৃপক্ষের অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোইসাক বলেন, ‘জরুরি সহায়তা দেওয়ার জন্য আমাদের দল স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে।’
প্রাণহানির ঘটনাটিকে ‘ভয়াবহ’ উল্লেখ করে শোক প্রকাশ করেন আলেক্সান্দ্রে কোইসাক। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) তিনি বলেন, নিহতের যে সংখ্যা জানানো হয়েছে, তাতে কেবল জিবুতির কর্তৃপক্ষের দাফন করা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের কেউ কেউ নিজেরাই অন্যদের মরদেহ দাফন করেছেন। তবে কর্তৃপক্ষ মরদেহগুলোর পরিচয় ও অস্তিত্ব যাচাই করতে না পারা পর্যন্ত তাঁদের সরকারি হিসাবে অন্তর্ভুক্ত করা হবে না।
কোইসাক আরও বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা এ পথে থাকা বিপদের বিষয়টি স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেয়। অভিবাসনপ্রত্যাশীরা অর্থনৈতিক সুযোগের সন্ধানে এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন।’
আফ্রিকা থেকে আসা হাজারো অভিবাসনপ্রত্যাশীর জন্য জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালি পাড়ি দেওয়া পরিচিত হলেও বিপজ্জনক পথ। প্রণালিটির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২০ কিলোমিটার বা ১২ দশমিক ৪ মাইল।
উপসাগরীয় দেশগুলোতে কাজ ও নিরাপত্তার সন্ধানে অনেকেই এ পথে যাত্রা করেন। এ অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের কারণে অস্থিতিশীলতা বৃদ্ধি এবং গত মাসে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে আবার লড়াই শুরু হলেও অভিবাসনপ্রত্যাশীদের যাত্রা থেমে নেই।
আইওএম জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর থেকে ২০ হাজারের বেশি মানুষ ইথিওপিয়া থেকে জিবুতিতে গিয়েছেন। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত বছর পাঁচ লাখের বেশি মানুষ এ পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের মধ্যে অন্তত ৯০০ জন নিহত হয়েছেন অথবা নিখোঁজ রয়েছেন।
অভিবাসনপ্রত্যাশীদের কাছে জিবুতি শুধু যাত্রা শুরুর স্থান হিসেবেই গুরুত্বপূর্ণ নয় বরং ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় সেখান থেকেও কয়েক হাজার মানুষ পালিয়ে দেশটিতে আশ্রয় নিচ্ছেন।

রবার্ট হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। মাইকেল উডফোর্ড যুক্ত আছেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ক্ষুদ্র অর্থনীতির ভিত্তি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হলেন তাঁরা।
১ ঘণ্টা আগে
ভারতের সবচেয়ে ধনী পরিবারের পর্যায়ে থাকা মানুষদের জীবনযাত্রার মানও বেশ কয়েকটি উন্নত অর্থনীতির দেশের আয়ের দিক থেকে সবচেয়ে নিচের স্তরে থাকা মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
৪ ঘণ্টা আগে
চলন্ত স্কুটারে ধাক্কা দিয়ে তিন আরোহীকে হত্যার পর তরুণ বললেন, ‘বাবা সব সামলে নেবেন।’ এমনই দৃশ্য দেখা গেল ভারতের কেরালার কোচির নেদুম্বাসেরি বিমানবন্দরের কাছের এক সড়কে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযাগমাধ্যমে ছড়িয়ে গেছে।
৫ ঘণ্টা আগে
ভারতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে বিরোধী দল ও ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ অব্যাহত রয়েছে।
৭ ঘণ্টা আগে