Ajker Patrika

লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে

করমুক্ত ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণমুক্ত একটি দেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করছেন একদল মানুষ। সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি, ব্যক্তিস্বাধীনতা ও সীমিত সরকারব্যবস্থার ধারণায় গড়ে ওঠা লিবারল্যান্ডের বাস্তবতা অনুসন্ধান করেছেন আল-জাজিরার সাংবাদিক আঁতোয়ান অ্যালেন।

আজকের পত্রিকা ডেস্ক­
লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে
লিবারল্যান্ড প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর একদল মানুষ। ছবি: আল-জাজিরা

ইউরোপের দীর্ঘতম নদী দানিউব। এই নদীপথেই একদিন ক্রোয়েশিয়ার পুলিশের একটি নৌযান অনুসরণ করতে শুরু করে সাংবাদিক আঁতোয়ান অ্যালেনকে। তাঁর গন্তব্য এমন এক ভূখণ্ড, যাকে ঘিরে তৈরি হয়েছে করমুক্ত, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণমুক্ত একটি নতুন দেশ প্রতিষ্ঠার স্বপ্ন। নাম লিবারল্যান্ড।

ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যকার সীমান্তবিরোধের কারণে দানিউবের পশ্চিম তীরে প্রায় ৭ বর্গকিলোমিটারের একটি বনাঞ্চল দীর্ঘদিন ধরে জনবসতিহীন রয়েছে। ২০১৫ সালে এই ভূখণ্ডকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন চেক রাজনীতিক ও ইউটিউবার ভিট ইয়েডলিচকা। তাঁর ঘোষিত রাষ্ট্রের নাম ‘ফ্রি রিপাবলিক অব লিবারল্যান্ড’। দেশটির প্রধান নীতি—কোনো কর দিতে হবে না।

ইয়েডলিচকার দাবি, নিজ দেশে রাজনৈতিক পরিবর্তন আনার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তিনি নিজের দেশ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এ কাজে তাঁর পাশে রয়েছেন বেশ কয়েকজন ধনকুবের। এমনকি আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়িরও দীর্ঘদিন ধরে এই ধারণার প্রতি সমর্থন রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে লিবারল্যান্ডে প্রবেশ করা সহজ নয়। সেখানে গেলে গ্রেপ্তারের আশঙ্কা থাকায় সমর্থকেরা সার্বিয়ার দানিউব তীরবর্তী এলাকায় ‘লিবারপুলকো’ নামের একটি উৎসবে মিলিত হন। এতে যুক্ত হয়েছে অ্যানার্কোক্যাপিটালিস্ট সম্মেলন ‘অ্যানার্কাপুলকো’-এর কার্যক্রমও।

সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিশ্বাস, মানুষকে শাসকের অধীন না রেখে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দেওয়া উচিত। তাঁদের কাছে কর হলো উৎপাদনশীল হওয়ার জন্য একধরনের জরিমানা। সরকারের নিয়ন্ত্রণ, বাধ্যতামূলক টিকাদান এবং নজরদারির বিরুদ্ধেও তাঁদের অবস্থান রয়েছে।

লিবারল্যান্ডকে ঘিরে ধনকুবেরদের বিচরণ নিয়ে নানা আলোচনা থাকলেও সম্মেলনে গিয়ে আল-জাজিরার সাংবাদিক আঁতোয়ান অ্যালেন তেমন কোনো বিলিয়নিয়ারের দেখা পাননি। বরং সেখানে ছিলেন ছোট খামারের মালিক, উদ্যোক্তা ও ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী মানুষ।

বিশ্বজুড়েই স্বশাসিত ও ব্যক্তিমালিকানাধীন বসতি প্রতিষ্ঠার উদ্যোগ বাড়ছে। হন্ডুরাসের বেসরকারি শহর প্রসপেরা থেকে শুরু করে বিভিন্ন স্বনির্ভর বসতি এই প্রবণতার উদাহরণ। তবে লিবারল্যান্ডের সবচেয়ে বড় সমস্যা এর ভূখণ্ডের নিয়ন্ত্রণ।

ক্রোয়েশিয়া অবশ্য লিবারল্যান্ডের রাষ্ট্রীয় দাবিকে স্বীকৃতি দেয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আল-জাজিরাকে জানিয়েছে, এ উদ্যোগের কোনো আইনগত ভিত্তি নেই। ২০২৩ সালে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ লিবারল্যান্ড সমর্থকদের নির্মিত বসতিও উচ্ছেদ করে।

অন্যদিকে ইয়েডলিচকার লক্ষ্য, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে লিবারল্যান্ডকে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। তবে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রেও রয়েছে শর্ত। সেখানে আর্থিকভাবে দেউলিয়া ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয় না বলে জানিয়েছেন তিনি।

এতে প্রশ্ন উঠেছে, সীমিত সরকার ও করমুক্তির প্রতিশ্রুতির আড়ালে দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে কীভাবে? যে দেশে নাগরিকত্বের সুযোগই আর্থিক সক্ষমতার সঙ্গে যুক্ত, সেখানে স্বাধীনতার সুফল সবার কাছে সমানভাবে পৌঁছাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

ভূখণ্ডটির অস্তিত্ব বাস্তব হলেও লিবারল্যান্ড এখনো রাষ্ট্র হয়ে ওঠেনি। এর পাসপোর্টও আন্তর্জাতিকভাবে ব্যবহারযোগ্য নয়। ফলে নতুন একটি দেশ প্রতিষ্ঠার এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা সফল হবে, আর সেই দেশের স্বাধীনতা কাদের জন্য নিশ্চিত হবে—সেই প্রশ্নই থেকে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত