ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য চলতি সপ্তাহেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৈঠকে প্রয়োজনীয় অবকাঠামো, করণীয় ও অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। চলতি বছর এ সংকট আরও বাড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুততম সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি ও ব্যয়বহুল ওষুধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে ১৭টি লিনিয়ার অ্যাকসিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, আধুনিক ল্যাবরেটরি স্থাপন, নতুন হাসপাতাল ভবন নির্মাণ ত্বরান্বিত করা এবং অত্যন্ত ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়াতে হবে। মুভমেন্ট ডিসঅর্ডারসহ বিভিন্ন স্নায়ুরোগের চিকিৎসা জেলা পর্যায়েই চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
জিয়াউদ্দিন হায়দার বলেন, বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো প্রয়োজনীয় ওষুধ দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়া দরকার। পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম গতিশীল করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক মো. মাহবুবুল আলম, ইমরান সরকার, মো. মাজহারুল ইসলাম ও মো. নুরুদ্দীন।









