প্রায়ই রাতে ঘুম আসতে দেরি হয়। আবার অনেক সময় মাঝরাতে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসছে না। এমন সমস্যা কি প্রতিনিয়তই হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে জেনে নিন, এর পেছনে থাকতে পারে শরীরে থাকা সাধারণ একটি ভিটামিনের মাত্রার প্রভাব। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, শরীরে ভিটামিন ডির মাত্রার সঙ্গে মধ্যবয়সী ও বয়স্ক ব্যক্তিদের ঘুমের সময় ও ঘুমের ধারাবাহিকতার সম্পর্ক রয়েছে।
দ্য জার্নাল অব জেরোন্টোলজি: মেডিকেল সায়েন্সেস সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে।
গবেষকেরা যুক্তরাষ্ট্রের ৪৬০ জন নারী ও পুরুষের তথ্য বিশ্লেষণ করেছেন। তাঁদের গড় বয়স ছিল ৭১ বছর। তাঁরা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিংয়ের ইন্ট্রামিউরাল রিসার্চ প্রোগ্রামের অধীনে পরিচালিত ‘বাল্টিমোর লংগিটিউডিনাল স্টাডি অন এজিং’-এর অংশ ছিলেন।
অংশগ্রহণকারীদের শরীরে ভিটামিন ডির মাত্রা নির্ধারণে প্রচলিত মানদণ্ড ব্যবহার করে তাঁদের কয়েকটি দলে ভাগ করা হয়। এরপর ভিটামিনের মাত্রার সঙ্গে তাঁদের ঘুমের বিভিন্ন বৈশিষ্ট্যের সম্পর্ক বিশ্লেষণ করা হয়।
গবেষণায় আরও দেখা গেছে, যাঁদের শরীরে ভিটামিন ডির মাত্রা বেশি, তাঁরা রাতে তুলনামূলক বেশি সময় ঘুমান। ঘুমের মধ্যে জেগে উঠলেও তাঁদের আবার ঘুমিয়ে পড়তে কম সময় লাগে। অন্যদিকে, শরীরে ভিটামিন ডির মাত্রা কম হলে ঘুমের সময়ও তুলনামূলক কম হতে পারে।
ভিটামিন ডির মাত্রা বাড়ানোর মাধ্যমে ঘুমের স্বাস্থ্যের উন্নতি সম্ভব কি না, তা আরও গভীরভাবে অনুসন্ধান করা প্রয়োজন বলে মনে করেন গবেষণাটির জ্যেষ্ঠ লেখক অ্যাডাম স্পাইরা। তিনি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ব্লুমবার্গ স্কুলের মানসিক স্বাস্থ্য বিভাগের অধ্যাপক এবং জনস হপকিন্স সেন্টার অন এজিং অ্যান্ড হেলথের শিক্ষক।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমের নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মধ্যে অনিদ্রা ও ঘুমের ব্যাঘাত বেশ সাধারণ। একই সঙ্গে এই বয়সী মানুষের শরীরে ভিটামিন ডির ঘাটতি বা অপর্যাপ্ত মাত্রাও দেখা যায়।
গবেষকদের মতে, বয়স্ক ব্যক্তিদের ঘুমের সমস্যাকে অবহেলা করার সুযোগ নেই। কারণ, ঘুমের সমস্যার সঙ্গে ডিমেনশিয়া, ডায়াবেটিস, হৃদ্রোগসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যাওয়ার সম্পর্ক রয়েছে। ফলে ঘুমের মান ভালো রাখার সম্ভাব্য উপায় খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।
এর আগে কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের ফলে মানুষের ঘুমের উন্নতি হতে পারে। তবে এসব গবেষণায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল তুলনামূলক কম। পাশাপাশি তাঁদের বৈশিষ্ট্যের মধ্যেও পর্যাপ্ত বৈচিত্র্য ছিল না। ফলে বিষয়টি নিয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।
নতুন এই গবেষণায় শুধু ভিটামিন ডি নয়, ভিটামিন বি১২-এর মাত্রাও পরীক্ষা করেছেন গবেষকেরা। এর কারণ, আগের কয়েকটি গবেষণায় ঘুমের ওপর ভিটামিন বি১২-এর সম্ভাব্য প্রভাবের কথা উঠে এসেছিল।
গবেষণাটিতে দেখা গেছে, যেসব নারীর শরীরে ভিটামিন বি১২-এর মাত্রা বেশি, তাঁরা ঘুমিয়ে পড়ার পর তুলনামূলক কম সময় জেগে থাকেন। তবে পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। যদিও গবেষকেরা জানিয়েছেন, এ বিষয়ে পাওয়া পরিসংখ্যানগত প্রমাণ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়।
গবেষণার ফলাফলে দেখা গেছে, ঘুমের সঙ্গে ভিটামিন ডির সম্পর্ক সবার ক্ষেত্রে একই রকম নয়। বয়স, জাতিগত পরিচয়, লিঙ্গসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিলে এই সম্পর্কের ধরনে পার্থক্য দেখা যায়। শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গ অংশগ্রহণকারীদের মধ্যে ঘুমের সময়ের পার্থক্য বেশি স্পষ্ট ছিল বলে জানিয়েছেন গবেষকেরা। অর্থাৎ, শরীরে ভিটামিনের মাত্রা ও ঘুমের সম্পর্ক বুঝতে ব্যক্তির বিভিন্ন বৈশিষ্ট্যও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
গবেষকেরা বলছেন, ভিটামিন ডি ও ঘুমের সম্পর্কের বিষয়টি আরও বিস্তৃতভাবে পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে, শরীরে নির্দিষ্ট কোনো ভিটামিনের ঘাটতি ঘুমের ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা জানতে আরও বিস্তর গবেষণা প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
এ ছাড়া দীর্ঘ সময় ধরে শরীরে ভিটামিন ডির মাত্রার পরিবর্তনের সঙ্গে ঘুমের ধরন পরিবর্তনের কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও ভবিষ্যৎ গবেষণার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত একটি সেবাকেন্দ্র ক্লিভল্যান্ড ক্লিনিকের এক প্রতিবেদনে লেখা হয়েছে, কিছু খাবারে প্রাকৃতিকভাবেই ভিটামিন ডি পাওয়া যায়। যাঁরা ভিটামিন ডি-এর স্বল্পতায় ভুগছেন, তাঁরা স্যামন, টুনা, ম্যাকেরেল ও সার্ডিনের মতো চর্বিযুক্ত মাছ, গরুর যকৃত, মাশরুম, ডিমের কুসুমজাতীয় খাবারগুলো খেতে পারেন। অধিক মাত্রায় ভিটামিন ডি রয়েছে গরুর দুধ, সয়া, কাঠবাদাম, ওটসের দুধ, কমলার রস এবং দইয়ের মতো অন্যান্য দুগ্ধজাত খাবারে। এ ছাড়া চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন।
তবে গবেষণায় ভিটামিন ডির মাত্রার সঙ্গে ঘুমের মানের সম্পর্ক পাওয়া গেলেও, ভিটামিন ডির ঘাটতিই যে ঘুমের সমস্যার সরাসরি কারণ, তা প্রমাণিত হয়নি। তাই শুধু ঘুমের উন্নতির আশায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়।













