মাথাব্যথা হলেই আমরা চটজলদি একটা পেইনকিলার খেয়ে নিই। ব্যথা সাময়িকভাবে দূর হলেও দু-তিন দিন পর তা আবার একই রূপে ফিরে আসে। কিন্তু শরীর যখন বারবার মাথাব্যথার সংকেত দেয়, তখন তা শুধু পেইনকিলার দিয়ে চেপে রাখা বুদ্ধিমানের কাজ নয়। আসল কারণ না খুঁজে শুধু ওষুধ খেলে এই চক্র চলতেই থাকে।
কেন হয়
অনিয়মিত জীবনযাপনের ছোট ছোট কিছু সাধারণ অভ্যাসই মূলত এই ঘনঘন মাথাব্যথার মূল কারণ।
- পর্যাপ্ত পানি না খেলে শরীর তৃষ্ণার্ত হওয়ার আগেই মস্তিষ্ক সংবেদনশীল হয়ে ওঠে এবং মাথাব্যথার মাধ্যমে সংকেত দেয়।
- ঘুমের সময়সূচি বারবার পাল্টালে মস্তিষ্কের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়।
- ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা এবং ঘাড় সামনের দিকে ঝুঁকিয়ে রাখার ফলে মাথার পেছনের পেশিতে চাপ পড়ে।
- দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, যা থেকে মাথাব্যথা শুরু হতে পারে।
- সব সময় একধরনের দুশ্চিন্তায় থাকলে কাঁধ, চোয়াল ও মাথার ত্বকের পেশি শক্ত হয়ে মাথাব্যথা সৃষ্টি করে।
সমাধানের উপায়
ওষুধ শুধু তাৎক্ষণিক আরাম দেয়, কিন্তু বারবার ফিরে আসা প্রতিরোধ করতে পারে না। এ জন্য প্রতিদিনের খাবার, ঘুম, পানিপানের পরিমাণ ও মানসিক চাপের মাত্রা একটি ডায়েরিতে লিখে ট্র্যাক করুন। নিজের মাথাব্যথার নির্দিষ্ট কারণটি ধরতে পারলে এই যন্ত্রণাদায়ক চক্র থেকে স্থায়ী মুক্তি সম্ভব।










