Ajker Patrika

জনস্বাস্থ্য: স্কুলের সামনে অস্বাস্থ্যকর খাবার

• স্কুল-কলেজের বাইরেই খোলা পরিবেশে দোকান।

• কর্তৃপক্ষ উঠিয়ে দিলেও স্থায়ী সমাধান হচ্ছে না।

• ভেজাল ও নিম্নমানের খাবারে নানা রোগের ঝুঁকি।

• এবার বিক্রেতাদের প্রশিক্ষণের ভাবনা কর্তৃপক্ষের।

আবুল বাসার সাজ্জাদ, ঢাকা
জনস্বাস্থ্য: স্কুলের সামনে অস্বাস্থ্যকর খাবার
রাজধানীর খিলগাঁওয়ের হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসেছে ভেলপুরি, ফুচকা, মুড়ি ও ছোলার দোকান। সম্প্রতি তোলা। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের অনেকেই বাসা থেকে টিফিন নিয়ে এলেও স্কুলের সামনের ফেরিওয়ালার মুখরোচক খাবার তাদের টানে। শিক্ষাপ্রতিষ্ঠানের ঠিক বাইরেসহ আশপাশের এসব দোকানে ঝালমুড়ি, চটপটি, আচার, ফুচকা, ভেলপুরিসহ হরেক রকমের খাবার। খেতে সুস্বাদু হলেও বেশির ভাগ ক্ষেত্রেই খাবারগুলো পরিবেশিত হয় অপরিচ্ছন্ন পরিবেশে। তৈরির উপাদান নিয়েও আছে প্রশ্ন। এসব খাবার খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে কম বয়সী শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বিক্রি হওয়া অস্বাস্থ্যকর খাবার নিয়ে অভিভাবকসহ বিভিন্ন মহলের উদ্বেগ অনেক দিনের। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব উদ্যোগে অস্থায়ী দোকান বা ফেরিওয়ালাদের সরানোর উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। অনবরত ধুলাবালু ও মাছির সংস্পর্শে আসা এসব খাবার খেয়ে শিশু-কিশোররা পেটের সমস্যাসহ নানা ধরনের অসুস্থতায় ভুগছে। চিকিৎসকদের মতে, এ ধরনের খাবারে ভেজাল বা বহু ব্যবহৃত তেল, ক্ষতিকর রং ও বিভিন্ন বিষাক্ত রাসায়নিক উপকরণ থাকতে পারে। দীর্ঘ মেয়াদে এসব খাবার খেলে হতে পারে অনেক জটিল স্বাস্থ্যসমস্যাও।

গত রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর খিলগাঁওয়ের হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে দেখা যায় ভেলপুরি, ফুচকা, ঝালমুড়ি ও ছোলার দোকান ঘিরে শিক্ষার্থীদের ভিড়। খোলা অবস্থায় রেখে পরিবেশন করা এসব খাবার কেউ সড়কেই দাঁড়িয়ে খাচ্ছে, কেউ আবার কিনে ভেতরে নিয়ে যাচ্ছে।

শিক্ষার্থীদের একজন মো. সালমান জানায়, সে বাসা থেকে টিফিন নিয়ে এলেও প্রতিদিন বাইরের খাবার খায়। সালমানের ভাষায়, ‘বাসার খাবার তো এত মজা না। এসব খুব মজা লাগে। আমি ভেলপুরি, মুড়ি, ফুচকা একেক দিন একেকটা খাই।’

স্পষ্টই বোঝা গেল, অস্বাস্থ্যকরভাবে পরিবেশন করা এসব খাবারের ঝুঁকি নিয়ে তেমন সচেতনতা বা দুর্ভাবনা নেই সালমানের। দৃশ্যত একই রকম মনোভাব অন্যদেরও। ভিড় করে তারা এসব খাবার কিনে খুশিমনেই খাচ্ছে।

খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের সামনেও একই চিত্র। সড়কের পাশে বসে কামরুল নামে একজন বিক্রি করছেন আচার, আমড়া ও পেয়ারা। পাশ দিয়ে যানবাহন চলাচলের সময় ধুলাবালু উড়ে খাবারের ওপর পড়ছে। তাঁর পাশেই কাচঘেরা ভ্যানে চটপটি ও ফুচকা বিক্রি করেন আকন মিয়া। ভেলপুরি রাখা হয়েছে আলাদা একটি খোলা টেবিলে। তরল টকের পাত্রেও নেই কোনো ঢাকনা। সেখানে মাছিও উড়তে দেখা যায়।

মধ্যবয়সী চটপটি বিক্রেতা আকন মিয়া বলেন, ১৯৭২ সাল থেকে তাঁর বাবা জায়গাটিতে খাবার বিক্রি করতেন। তিনি নিজেও দীর্ঘদিন ধরে এই ব্যবসা করছেন। তাঁর দাবি, খাবার খারাপ হলে এত বছর ধরে ব্যবসা করা সম্ভব হতো না।

আকন মিয়া বলেন, কিছু বিক্রেতা খরচ বাঁচাতে তেঁতুলের বদলে টক তৈরির জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করেন, যা খেয়ে শিশুদের পেটের সমস্যা হয়। তবে তিনি নিজের খাবারে এমন কিছু ব্যবহার করেন না।

খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুন্নেসা বলেন, ‘শিক্ষার্থীদের বাইরের খাবার খেতে নিষেধ করা হলেও তারা মানতে চায় না। আবার হকাররা বিদ্যালয়ের জায়গার বাইরে বসায় আমাদের পক্ষে সরাসরি উচ্ছেদ করাও সম্ভব নয়।’

প্রধান শিক্ষিকা জানান, একবার সিটি করপোরেশনকে বিষয়টি জানানোর পর পুলিশ এসে দোকানদারদের সরিয়ে দেয়। কিন্তু তারা পরদিনই আবার বসে যায়।

বয়স ও শিক্ষার মাত্রা কিছুটা বেশি হওয়ায় কলেজ শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি, ভেজাল খাদ্য বিষয়ে সচেতনতা কিছু বেশি থাকারই কথা। কিন্তু রাজধানীর বিভিন্ন কলেজের সামনেও অনুরূপ খাবার প্রতিনিয়ত বিক্রি হচ্ছে। মহাখালীর তিতুমীর কলেজের সামনে সম্প্রতি দেখা যায়, খোলা পরিবেশে বিভিন্ন খাবার ও শরবত বিক্রি হচ্ছে। শরবত বিক্রেতা মো. মনির দ্রুত পরিবেশনের জন্য আগে থেকেই কয়েক গ্লাস শরবত বরফসহ তৈরি করে রাখেন। সেগুলোতে কোনো ঢাকনা নেই।

গ্লাসগুলোতে ধুলা-ময়লা এসে পড়ছে না?—এই প্রশ্নে মনিরের জবাব, ‘গ্লাসে আর কতটুকু ধুলা পড়ে? সারা দিন রাস্তায় চলাফেরা করতে করতেই কত ধুলা খাই তার ঠিক আছে?’

হলিক্রস গার্লস হাইস্কুল থেকে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন তাসনিম আক্তার। এ সময় মেয়ে বায়না ধরল ভেলপুরি খাবে। অনিচ্ছাসত্ত্বেও মেয়েকে ভেলপুরিওয়ালার কাছে নিয়ে গেলেন।

এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে তাসনিম বললেন, ‘বাচ্চারা এসব খেলে মাঝেমধ্যেই রাতে বা পরের দিন সকালে বলে পেটব্যথা করছে। তবু এসব খেতে চায়। আমরা তো জানি এসব অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়। কিন্তু বাচ্চারা তো মানতে চায় না। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে যেসব খাবার বিক্রি হয়, সে বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি থাকা উচিত। বিক্রেতাদেরও সচেতন করা দরকার।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ

বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, ‘স্ট্রিট ফুড বিক্রির ক্ষেত্রে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। খাবার যথাসম্ভব কাচঘেরা স্থানে রাখতে হবে। বিক্রেতাদের সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। ক্রেতাদেরও খাবার খাওয়ার আগে হাত পরিষ্কার করা কিংবা পরিষ্কার চামচ ব্যবহার করা উচিত।’

মুশতাক হোসেন আরও বলেন, বাসি বা পচা খাবার যেন বিক্রি না হয়, তা দেখতে হবে। খাবারে কৃত্রিম টক তৈরির উপাদানের পরিবর্তে প্রাকৃতিক তেঁতুল ব্যবহার করা উচিত। কাপড়ের রং বা অন্য কোনো অননুমোদিত রং খাবারে মেশানো যাবে না। কাপড় বা অন্য কাজে ব্যবহৃত রং খাবারে মেশালে পেটব্যথা, ত্বকের সমস্যাসহ দীর্ঘ মেয়াদে লিভার, কিডনি ও ক্যানসারের মতো ঝুঁকি তৈরি হতে পারে।

সরকারের ভাবনা ও উদ্যোগ

গত ২৭ অক্টোবর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, মানোন্নয়নের লক্ষ্যে রাস্তার পাশের খাবার বিক্রির অস্থায়ী দোকানগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। তিনি বলেন, ‘রাস্তার পাশের এসব অস্থায়ী দোকানের খাবার অনেকেই পছন্দ করে খান। তবে এতে বিভিন্ন ধরনের জীবাণু ও ভেজাল উপাদান থাকায় মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অস্বাস্থ্যকর খাবারের অন্যতম উৎস এসব দোকান।’

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (আইন ও নীতি) মো. আনোয়ারুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, স্ট্রিট ফুড বিক্রেতাদের অনেকেই অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন। এ কারণে তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করাকে সমাধান হিসেবে দেখছে না কর্তৃপক্ষ। বরং বিক্রেতাদের সচেতন করতে প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। খাবারে যেন ক্ষতিকর কোনো উপাদান মেশানো না হয়, সে বিষয়ে বিক্রেতাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এদিকে ২৭ অক্টোবর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, রাস্তার পাশের এসব খাবার বিক্রির অস্থায়ী দোকানগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলাম সরকার জানান, মূলত রাজধানীর খিলগাঁও, বেইলি রোডসহ বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থাকা খাবার বিক্রেতাদের নিয়ে প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের কর্মসূচি গ্রহণ করা হবে। তবে এ কর্মসূচি কবে থেকে শুরু হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত