
সিরিয়া কনস্যুলেটে বিমান হামলায় শীর্ষস্থানীয় কমান্ডারসহ সাতজন নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। গত শনিবার (১৩ এপ্রিল) রাতে এ হামলা চালায় দেশটি। এটি ইরানের ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা। এ হামলার সঙ্গে অন্তত ৯টি দেশ সম্পৃক্ত ছিল। এর মধ্যে ইরান ছাড়াও ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। সেগুলো ভূপাতিত বা প্রতিহত করেছিল ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও মধ্যপ্রাচ্যের মুসলিমপ্রধান দেশ জর্ডান।
এই হামলাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, জর্ডানের রাজা আবদুল্লাহর কন্যা প্রিন্সেস সালমা, যিনি একজন পাইলট, শনিবার রাতে পাঁচটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছেন। তথ্যটি বাংলা ভাষাসহ অন্যান্য ভাষায় ফেসবুক, এক্সে (সাবেক টুইটার) ছড়িয়েছে।
দাবিটি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজ উইক গতকাল সোমবার (১৫ এপ্রিল) একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে বলা হয়, রাজকুমারী সালমা জর্ডানের রাজকীয় বিমানবাহিনীর ফার্স্ট লেফটেন্যান্ট।
তাঁকে নিয়ে আরব আমিরাতের ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক সংবাদমাধ্যম ‘এমিরেটস ওমেন’-এর একটি প্রতিবেদনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে।
ভাইরাল ওই স্ক্রিনশটে শিরোনাম লেখা, জর্ডানের রাজকুমারী সালমা এক রাতে পাঁচটি ইরানি ড্রোন ভূপাতিত করেছেন। স্ক্রিনশটটিতে প্রতিবেদনটির সূচনার অংশটুকুও দেখা যাচ্ছে। সেখানে অবশ্য লেখা, ‘চলমান সংঘাতের মধ্যেই জর্ডানের রাজকুমারী সালমা বিনতে আবদুল্লাহ আবারও মানবতার প্রতি তাঁর অবিচল অঙ্গীকার প্রদর্শন করেছেন।’

স্পষ্টত, ভাইরাল স্ক্রিনশটটি এডিট করা। এটি ‘এমিরেটস ওমেন’ একটি পুরোনো প্রতিবেদন সম্পাদনা করে তৈরি করা হয়েছে। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর তাঁকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এমিরেটস ওমেন। মূল প্রতিবেদনটি ছিল গাজায় উড়োজাহাজযোগে চিকিৎসাসহায়তা সরবরাহে রাজকুমারী সালমার অংশগ্রহণ নিয়ে। এই প্রতিবেদনের শিরোনাম সম্পাদনা করেই তাঁর ইরানি ড্রোন ভূপাতিত করার দাবিটি প্রচার করা হচ্ছে।
জর্ডানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ ডিসেম্বর গাজায় অবস্থিত জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালে প্যারাস্যুট-যোগে পঞ্চমবারের মতো জরুরি চিকিৎসাসহায়তা পাঠায় দেশটির বিমানবাহিনীর একটি দল। ওই দলের নেতৃত্বে ছিলেন রাজকুমারী সালমা।
মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান মিসবারও দাবিটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, রাজকুমারী সালমার ইরানি ড্রোন ভূপাতিত করার দাবিতে প্রচারিত সংবাদটি সঠিক নয়। এডিট করা একটি ছবি প্রচার করা হচ্ছে। ইসরায়েলে ইরানি হামলার সময় সালমার অংশগ্রহণের বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, জর্ডানের রাজকুমারী সালমা জর্ডান বিমানবাহিনীর প্রথম নারী বৈমানিক। ২০২০ সালে প্রাথমিক প্রশিক্ষণ শেষে তিনি দেশটির বিমানবাহিনীতে যোগ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হারিয়ে যাচ্ছে Y ক্রোমোজোম, তবে কি বিলুপ্ত হবে পুরুষ?’ শীর্ষক একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। এই ফটোকার্ডটি নেটিজেনদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
৮ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশে গাড়ি ওভারটেক করাকে কেন্দ্র করে বাংলাদেশি পর্যটকদের ওপর লাঠিসোঁটা ও কুঠার নিয়ে নৃশংস হামলা চালানো হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পোস্টটিতে দাবি করা হয়েছে, ‘বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন। মনে রেখো বাংলাদেশ, এর বিচার কিন্তু একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশা আল্লাহ।’ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে...
১ দিন আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে রামের বিগ্রহ (মূর্তি) নির্মাণে ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ২ কোটি টাকা সহায়তা করবেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে