ফ্যাক্টচেক /গার্মেন্টস শ্রমিক আন্দোলনের ভিডিও ছাত্রলীগের ধর্মঘটের দৃশ্য বলে প্রচার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আজ (১০ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ধর্মঘটের সমর্থনে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে হাজারের বেশি শেয়ার ও রিয়েকশন রয়েছে। এ ছাড়া পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী ভিডিওটিকে ছাত্রলীগের ধর্মঘট ঘিরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাম্প্রতিক অবস্থানের দৃশ্য বলে মনে করছেন।
আজকের পত্রিকার অনুসন্ধান
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সড়কের এক পাশে পুলিশের সদস্যরা দাঁড়িয়ে আছেন। অপর পাশে অনেক মানুষের জমায়েত দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে অনেকে মুঠোফোনে ভিডিও ধারণ করছেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে বিভিন্ন স্লোগানও শোনা যায়।
তবে ভিডিওটির সত্যতা যাচাইয়ে কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘Feruz Kobir Akash’ নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও পাওয়া যায়। গত ৪ নভেম্বর বেলা ১১টা ৩৮ মিনিটে ‘হেমায়েতপুর ফের গার্মেন্টস শ্রমিকের বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন’ ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। এর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। তবে ভিডিওতে আওয়ামীলীগ সমর্থিত কোনো শ্লোগান বা তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান করলে ‘Kawsar Green Farm’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটির বর্ধিত সংস্করণ পাওয়া যায়। ‘গার্মেন্টস শ্রমিক আন্দোলন সাভার হেমায়েতপুর’ শিরোনামে ভিডিওটি চলতি বছরের ৩ নভেম্বর আপলোড করা হয়। ভিডিওটির বর্ধিত সংস্করণেও একই স্থান, পুলিশের অবস্থান ও শ্রমিকদের জমায়েতের দৃশ্য দেখা যায়। অর্থ্যাৎ, ভিডিও প্রকাশের তারিখ ও শিরোনাম পর্যালোচনা করে স্পষ্ট হয়, আলোচিত ভিডিওটি মূলত সাভারের হেমায়েতপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় ধারণ করা।

উল্লেখ্য, সম্প্রতি পোশাক কারখানার সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলনকরেছেন দেশের পোশাক শ্রমিকেরা।
সিদ্ধান্ত
ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশের মুখোমুখি আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবস্থানের দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ভিডিওটি সাভারের হেমায়েতপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের দৃশ্য।









