রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা টিকটক করছেন দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাতে ল্যাম্পপোস্টের আলোতে ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলা গানের তালে নাচছেন। এক যুবক ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করছেন। ‘প্রেমে পড়ে যাই’ শিরোনামের একটি গান ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায়। গত শনিবার (৬ জুলাই) ‘সাপোর্টারস অব বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের প্রায় ৪ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে ভিডিওটি পোস্ট করা হয়। গ্রুপটিতে ‘চোরের মার বড় গলা’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়। একই দাবিতে গত ২১ মে ‘বাংলা নিউজ পয়েন্ট’ নামের আরেকটি পেজ থেকেও ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে ৬ হাজার শেয়ার হয়েছে, দেখা হয়েছে ৪১ লাখ বার।
ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও পাওয়া যায়। চলতি বছরের গত ৩০ এপ্রিল ‘প্রনমী নাফি’ নামের একটি ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়।
ভিডিওটিতে নৃত্যরত নারীটির সঙ্গে ফেসবুকে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। দুটি ভিডিওতেই দৃশ্যমান নারীটিকে একই পোশাক পরিহিত দেখা যাচ্ছে। ভিডিও দুটি ধারণের স্থানও একই এবং একই ব্যক্তিকে ক্যামেরা হাতে দেখা যায়। কিন্তু টিকটকের ভিডিওটিতে রুমিন ফারহানার উপস্থিতি দেখা যায়নি।
ভিডিওটি সম্পর্কে আরও নিশ্চিত হতে একই নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। অ্যাকাউন্টটি থেকে প্রনমী নাফির পরিচয় পাওয়া যায়। অ্যাকাউন্টধারীর পরিচয়ে ‘পাবলিক ফিগার’ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থী বলে দাবি করা হয়েছে। এই অ্যাকাউন্টে ভিডিওটি গত ১ মে পোস্ট করা হয়। ভিডিওটির কমেন্টবক্সে প্রনমী নাফি লিখেছেন, ‘কে কে দেখেছেন আমার কভার করা গানটা?’
অর্থাৎ, রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ব্যারিস্টার রুমিন ফারহানা টিকটক করছেন দাবিতে ভাইরাল ভিডিওটির মডেল মূলত প্রনমী নাফি নামে এক সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি। প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাঁর মুখে রুমিন ফারহানার মুখাবয়ব বসিয়ে ডিপফেক ভিডিও তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, ‘বাংলা নিউজ পয়েন্ট’ নামের পেজটিতে রুমিন ফারহানার আরও একটি ডিপফেক ভিডিও পাওয়া যায়। গত ২৯ এপ্রিল ‘তারেক রহমানের সঙ্গে ভিডিও কল শেষে রুমিন ফারহানার উল্লাস’ ক্যাপশনে পেজটিতে ভিডিওটি পোস্ট করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের নাচের একটি ভিডিও সম্পাদনা করে ডিপফেক ভিডিওটি তৈরি করা হয়েছে।

‘ক্ষমা করে দিও আমাদের, আমরা অকৃতজ্ঞ জাতি। তোমার বাড়ির আঙিনায় তোমার উষ্ণ অনুভূতি আর বাঙালিরা পাবে না। বুকের ভিতর রাখা আছো তুমি, তুমি আমার অনুভূতি...
৭ ঘণ্টা আগে
‘যদি কেউ পুলিশ হত্যার জন্য জুলাই যোদ্ধাদের নামে মামলা করে, তাহলে রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের নামে আমি মামলা করব’—এনসিপি নেতা ও সংসদ সদস্য আখতার হোসেন এমন বক্তব্য দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
‘গণভোটের রায় না মানলে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র, বিএনপির উচিত হবে সময় থাকতে মেনে নেওয়া’—এই বক্তব্য আলোকচিত্রী ও সমাজকর্মী শহিদুল আলমের দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে তাঁর ছবিও ব্যবহার করা হয়েছে।
১ দিন আগে
‘বিএনপি নামক দলটিকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো’— জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হান্নান মাসউদের এমন উদ্ধৃতি দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিকে অনেক ব্যবহারকারী সত্য মনে করে শেয়ার করেছেন, আবার কেউ কেউ এমন মন্ত্যবের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
১ দিন আগে