
ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দুই সিটি করপোরেশনের দুটি বড় প্রকল্প নিয়ে সরকারের উচ্চপর্যায়ে নীতিনির্ধারণী বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে বিদেশি বিনিয়োগে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প দুটির অগ্রগতি পর্যালোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বৈঠকে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আমিনবাজার এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বড় ধরনের বিনিয়োগ করছে চীনের সিএমইসি গ্রুপ।
বর্জ্য ব্যবহার: প্রতিদিন ঢাকা শহরের প্রায় ৩ হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করা হবে।
উৎপাদনক্ষমতা: এই কেন্দ্র থেকে দৈনিক ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
গ্রিডে সরবরাহ: ২০২৮ সালের আগস্ট মাসের মধ্যে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
মেয়াদ: প্রকল্পটি থেকে আগামী ২৫ বছর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মাতুয়াইলে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ‘বি অ্যান্ড এফ কোম্পানি’ একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে।
বৈঠকের তথ্যানুযায়ী, এই প্রকল্পের বিশেষত্ব হলো এর বহুমুখী উৎপাদনক্ষমতা। এই প্রকল্পে প্রতিদিন ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদন করা হবে। এই গ্যাস থেকে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা (দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা) বিদ্যুৎ তৈরি হবে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এই কেন্দ্র থেকে সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য ও পরিবেশবান্ধব ইকো-ব্রিকস (ইট) উৎপাদিত হবে।
প্রকল্পটির মাধ্যমে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে বৈঠকে জানানো হয়।
প্রকল্প দুটির কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি জরুরি আন্তমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন।
উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নির্ধারিত সময়সীমার মধ্যে দুটি প্রকল্পই বাস্তবায়ন করার ওপর বিশেষ জোর দিয়েছেন। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব সর্বোত্তম প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন তিনি।
আজকের এই উচ্চপর্যায়ের বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম; ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

আজ শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১৩ ঘণ্টা আগে
সকাল থেকেই ঢাকায় দেখা মিলেছে মিষ্টি রোদের। তবে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলছে, আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
২ দিন আগে
এভারেস্টের বেস ক্যাম্পে পর্বতারোহীদের জ্বালানি পোড়ানো এবং হিমবাহের ওপর সরাসরি প্রস্রাব ফেলার কারণে প্রতিবছর প্রায় ২ হাজার ৫০০ টন বরফ ও তুষার গলে যাচ্ছে। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
২ দিন আগে
মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ দুর্বল হতে পারে। ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাত অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৩ দিন আগে