
বলিউডের বহুল প্রতীক্ষিত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ডন থ্রি’ সিনেমাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নজিরবিহীন জটিলতা। এই প্রজেক্ট থেকে মূল নায়ক রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানো ও এর ফলে প্রযোজক ফারহান আখতারের সঙ্গে তৈরি হওয়া চরম বিবাদ মেটাতে এবার মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সালমান খান।
সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ফারহান ও রণবীরের এই দ্বন্দ্বে যখন পুরো বলিউড দ্বিধাবিভক্ত, তখন সালমান খান নিজে উদ্যোগী হয়ে দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। কোনো প্রকাশ্য ‘মিডিয়া সার্কাস’ বা বিতর্ক তৈরি না করে তাঁরা যেন সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়টি মিটিয়ে নেন, সেই চেষ্টাই করছেন তিনি।
বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানিয়েছে, ফারহান আখতার ও রণবীর সিং—দুজনের সঙ্গেই সালমানের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি দুজনের সঙ্গেই যোগাযোগ করেছেন। নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটিয়ে নিতে বলেছেন। তিনি ফারহানকে বুঝিয়েছেন যে, সৃজনশীল মতপার্থক্য ইন্ডাস্ট্রির খুবই সাধারণ একটি বিষয়। রণবীরের অবস্থান বোঝার জন্য তাঁর সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেছেন। সালমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হন।
এই দ্বন্দ্ব মেটাতে এর আগেও বেশ কিছু বড় উদ্যোগ নেওয়া হয়েছিল। গত ফেব্রুয়ারিতে আমির খান তাঁর বাংলোয় একটি হাই-প্রোফাইল বৈঠকের আয়োজন করেছিলেন, যেখানে উপস্থিত ছিলেন করণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালা, একতা কাপুর, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি, জোয়া আখতার এবং জি এন্টারটেইনমেন্টের এমডি পুনিত গোয়েঙ্কা। সেই বৈঠকের পর সবাই আশাবাদী ছিলেন, শিগগির এ সমস্যা মিটে যাবে। কিন্তু তা হয়নি। একাধিকবার উদ্যোগ নিয়েও ডন থ্রি নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানে ব্যর্থ হয়েছে প্রডিউসারস গিল্ড অব ইন্ডিয়া।
পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সম্প্রতি রণবীর সিংকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ডন থ্রির বিষয়টি নিয়ে কথা বলার জন্য একাধিকবার নোটিশ পাঠানো ও রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও রণবীর সশরীরে হাজির হয়ে এই বিষয়ে কোনো আলোচনা করতে রাজি হননি। তাই তাঁকে ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের এই সিদ্ধান্তের পর আবার আলোচনায় উঠে এসেছে ডন থ্রি। আমির খানের পর এবার তাই সালমান খান মধ্যস্থতার জন্য এগিয়ে এসেছেন। জানা গেছে, দুই পক্ষই সালমান খানের এই অভিভাবকসুলভ পরামর্শকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। ফেডারেশনের এই নিষেধাজ্ঞার পর কোনো বড় সামাজিক বিতর্ক এড়াতে তাঁরা এখন একটি সৌহার্দ্যপূর্ণ সমাধানের পথ খুঁজছেন।
২০২৩ সালে একটি ধামাকা টিজার প্রকাশের মাধ্যমে রণবীর সিংকে নতুন ‘ডন’ হিসেবে অফিসিয়ালি পরিচয় করিয়ে দিয়েছিল ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট। রণবীরের সম্মতিতেই সব প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং তাঁর ‘ধুরন্ধর’ সিনেমার কাজ শেষ হতেই ডন থ্রির শুটিং শুরুর কথা ছিল।
কিন্তু শুটিং শুরু হওয়ার মাত্র তিন সপ্তাহ আগে রণবীর সিং হুট করেই এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেন। যার ফলে প্রযোজনা সংস্থার প্রায় ৪৫ কোটি রুপির বিশাল আর্থিক ক্ষতি হয়। এই ক্ষতিপূরণ দাবি করে রণবীরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন ফারহান আখতার, যা তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরায়।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে