ভারতের ‘তামাশা কুইন’: মঞ্চে শো চলাকালেই যিনি সন্তান প্রসব করেছিলেন

মঞ্চের প্রতি ভালোবাসা কতটা গভীর হলে সন্তান জন্ম দিয়েও ফিরে আসা যায় নাচের আসরে! মহারাষ্ট্রের লোকনাট্যের কিংবদন্তি শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন যেন সেই বিরল দৃষ্টান্ত।
১৯৬০-এর দশকের কথা। ভারতের মহারাষ্ট্রের শিখর শিংনাপুর গ্রামে একটি অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করছিলেন বিঠাবাই। হঠাৎ মঞ্চে থাকতেই শুরু হয় তাঁর প্রসববেদনা। তবে অনুষ্ঠান বন্ধ করেননি তিনি। নিঃশব্দে মঞ্চের পেছনে একটি তাঁবুতে চলে যান।
এদিকে বাইরে অপেক্ষমাণ দর্শকেরা তাঁকে খুঁজছিলেন। সবার প্রশ্ন, ‘বিঠা কোথায়?’
কিছুক্ষণ পর মঞ্চে ফিরে আসেন বিঠাবাই। তবে এবার তাঁর কোলে সদ্যোজাত সন্তান। আট সন্তানের মধ্যে এটি ছিল সপ্তম।
বিঠাবাইয়ের মেয়ে ও লোকশিল্পী মঙ্গলা বানসোদে বিবিসি মারাঠিকে বলেন, ঘটনাটি দেখে দর্শকেরা হতবাক হয়ে গিয়েছিলেন। তবে তাঁরা বিরক্ত না হয়ে বলেছিলেন, ‘আমরা আপনার অনুষ্ঠান পরে দেখব।’
এই ঘটনাই বলে দেয়, মঞ্চের সঙ্গে বিঠাবাইয়ের সম্পর্ক কতটা গভীর ছিল।
বিঠাবাই ছিলেন একাধারে গায়িকা, নৃত্যশিল্পী ও নাট্যদলের প্রধান। কয়েক দশক ধরে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় নৃত্য পরিবেশন করে দর্শকদের মন জয় করেন তিনি। তাঁর অসাধারণ অভিনয় ও নাচের জন্য তাঁকে দেওয়া হয়েছিল ‘তামাশা সম্রাজ্ঞী’ উপাধি।
‘তামাশা’ মহারাষ্ট্রের একটি ঐতিহ্যবাহী লোকনাট্যধারা। গান, নাচ, অভিনয় ও কৌতুকের সমন্বয়ে গড়ে উঠেছে এই শিল্প। এর অন্যতম আকর্ষণ ‘লাবণী’। এটি গান ও নৃত্যের বিশেষ এক ধারা। ঢোলকি নামের দুই মুখওয়ালা ঢোলের তালে লাবণী পরিবেশন করা হয়। এসব গানের কথায় কখনো প্রেম, কখনো সামাজিক বাস্তবতা, আবার কখনো রাজনৈতিক প্রতিবাদ উঠে আসে।
বিঠাবাইয়ের মৃত্যুর দুই দশকের বেশি সময় পর এবার বড় পর্দায় উঠে আসছে তাঁর জীবন ও সংগ্রামের গল্প। তাঁকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বলিউডের সংগীতনির্ভর সিনেমা ‘ঈথা’। এতে বিঠাবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটি ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।
লক্ষ্মণ উটেকর পরিচালিত ছবিটি যোগীরাজ বাগুলের লেখা মারাঠি বই অবলম্বনে নির্মিত। সিনেমাটিতে বিঠাবাইয়ের সোনালি সময় এবং সেই সময়ের শিল্পীদের জীবন তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
শ্রদ্ধা কাপুরের জন্য লাবণী নাচ শেখাও ছিল বড় চ্যালেঞ্জ। এর আগে কখনো এই নাচ করেননি তিনি। চরিত্রের প্রয়োজনে প্রায় চার কেজি ওজনের ঘুঙুর পরে নাচের অনুশীলন করেছেন।
এক প্রচার অনুষ্ঠানে শ্রদ্ধা বলেন, তামাশা শিল্পীদের জীবন ছিল অনেক কঠিন। তাঁদের নাচের মধ্যে যেমন আনন্দ রয়েছে, তেমনি রয়েছে গভীর কষ্টের ছাপ।
তামাশা শিল্পীদের জীবন শুধু মঞ্চের আলোয় ভরা ছিল না। তাঁদের অনেকেই সমাজের নিপীড়িত জাতিগোষ্ঠী থেকে উঠে এসেছিলেন। দর্শকদের কাছে তাঁদের শিল্পের বিপুল জনপ্রিয়তা থাকলেও বাস্তব জীবনে তাঁদের নানা ধরনের বৈষম্য ও অপমানের মুখোমুখি হতে হতো।
বিঠাবাই নিজেও জাতপাত নিয়ে সরব ছিলেন। তামাশা শিল্পীদের প্রতি সমাজের অসম্মান এবং পুরুষ দর্শকদের অশালীন আচরণের প্রতিবাদ করেছেন তিনি। তাঁর গানের মধ্যেও এসব বিষয় উঠে এসেছে।
ইতিহাসবিদ শৈলজা পাইকের নথিভুক্ত করা ১৯৬০-এর দশকের একটি লাবণী গানে বিঠাবাই পুরুষদের অশালীন আচরণের সমালোচনা করেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, জীবিকার প্রয়োজনে তিনি নাচেন, দর্শকদের মনোরঞ্জনের জন্য নিজের সম্মান বিসর্জন দিতে নয়।
‘ঈথা’ সিনেমাটি বিঠাবাইয়ের জীবন থেকে অনুপ্রাণিত হলেও এটি সরাসরি কোনো বায়োপিক নয় বলে জানিয়েছেন পরিচালক লক্ষ্মণ উটেকর।
এদিকে সিনেমায় বিঠাবাই-এর নাম পরিবর্তন করে ‘বিঠাবাই ভাউ গাওকর’ রাখায় বিতর্ক তৈরি হয়েছে। মূলত তাঁর নাম ছিল বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকর। সমালোচকদের মতে, এই নামের মধ্যেই তাঁর পারিবারিক ও সামাজিক পরিচয়ের গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে।
‘মাং’ শব্দটি তাঁকে ঐতিহাসিকভাবে নিপীড়িত দলিত সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে। অন্যদিকে ‘নারায়ণগাঁওকর’ নামটি তাঁর পরিবারের জন্মস্থান নারায়ণগাঁওয়ের পরিচয় বহন করে।
এই নাম শুধু ব্যক্তিগত পরিচয় ছিল না। তাঁর বাবার পরিচালিত দলের নামও ছিল ‘ভাউ-বাপু মাং নারায়ণগাঁওকর তামাশা মণ্ডল’। ফলে সিনেমায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
জীবনের নানা প্রতিকূলতা, সামাজিক বৈষম্য ও ব্যক্তিগত সংগ্রাম পেরিয়ে বিঠাবাই হয়ে উঠেছিলেন মহারাষ্ট্রের লোকশিল্পের এক উজ্জ্বল নাম। তাঁর জীবন নিয়ে নির্মিত ‘ঈথা’ নতুন প্রজন্মের সামনে সেই শিল্পী ও তাঁর সময়ের ইতিহাস কতটা তুলে ধরতে পারে, এখন সেটিই দেখার বিষয়।
তথ্যসূত্রে: বিবিসি









