আধুনিক বাংলা সংগীতের পরিচিত নাম রবি চৌধুরী। মৌলিক গানের পাশাপাশি প্লেব্যাকেও খ্যাতি রয়েছে তাঁর। ২০১৫ সালে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমার সংগীত পরিচালনা করেন তিনি। এরপর এই ভূমিকায় আর পাওয়া যায়নি তাঁকে। ১১ বছর পর আবারও নারগিস আক্তারের সিনেমায় সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন রবি চৌধুরী।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা নারগিস আক্তার সরকারি অনুদানে নির্মাণ করছেন ‘জাত’ নামের সিনেমা। এই সিনেমার গান তৈরির জন্য তিনি বেছে নিয়েছেন রবি চৌধুরীকে। দীর্ঘদিন পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরতে পেরে আনন্দিত রবি চৌধুরী।
রবি চৌধুরী জানান, জাত সিনেমার গল্প অনুযায়ী গান তৈরি করছেন তিনি। এখানে রোমান্টিক, স্যাড ঘরানার পাশাপাশি থাকবে একটি সুফি ঘরানার গান। নতুন প্রজন্মের শিল্পীদের দিয়েই গান রেকর্ড করার পরিকল্পনা করছেন তিনি। কণ্ঠ দিতে পারেন তিনি নিজেও। রবি চৌধুরী বলেন, ‘নতুন প্রজন্মের শিল্পীদের দিয়ে গানগুলো গাওয়ানোর ইচ্ছা আছে। যার কণ্ঠে ভালো মানাবে, তাকেই বেছে নেওয়া হবে। নির্মাতার সঙ্গে আলাপ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কোনো গানে যদি আমার কণ্ঠ ভালো লাগে নির্মাতার, তাহলে আমার গানও থাকতে পারে।’
সিনেমার সংগীত পরিচালনায় দীর্ঘ বিরতি প্রসঙ্গে জানতে চাইলে রবি চৌধুরী বলেন, ‘সিনেমার গানে সিন্ডিকেটের কথা মোটামুটি সবাই জানে। আমি কখনো সিন্ডিকেটের অংশ হতে চাই না। ৩৬ বছরের সংগীত ক্যারিয়ারে সিন্ডিকেট ছাড়াই গান করে যাচ্ছি। এ কারণেই সিনেমার সংগীত পরিচালনায় এই গ্যাপ। তবে মাঝে অভিনেত্রী রোজিনা আপার পরিচালিত একটি সিনেমায় কাজ করার কথা ছিল। কিন্তু সে সময় করোনায় আক্রান্ত হয়েছিলাম। তাই করা হয়নি। আবারও সিনেমার গান তৈরির সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করছি, ভালো গান উপহার দিতে পারব।’
এখন থেকে নিয়মিত সিনেমার সংগীত পরিচালক হিসেবে দেখা যাবে কি না—জানতে চাইলে রবি চৌধুরী বলেন, ‘সিনেমার সংগীত পরিচালনার বিষয়টি নির্ভর করে নির্মাতার ওপর। কোনো নির্মাতা যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে অবশ্যই দেখা যাবে।’
২০২৩-২৪ অর্থবছরে অনুদান পেয়েছিল জাত। সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন প্রয়াত অভিনেতা মান্নার স্ত্রী শেলী কাদের। এখনো আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়নি।










