এক বছরের বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। অবশেষে সব লড়াই থামিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হয় তাঁকে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা ও কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় শুকুর মরদেহ। সেখানে সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শেষ বিদায় জানান তাঁকে।
শুকু আপা ছিলেন আয়রন লেডি
—সুষমা সরকার, অভিনেত্রী
আমি সব সময় শুকু আপাকে আয়রন লেডি বলতাম। এত ঝড়ঝাপটা, এত প্রতিকূলতা—কোনো কিছুই তাঁকে স্পর্শ করতে পারেনি। সবকিছু হাসিমুখে সামলে নিতেন। শুকু আপা আমার কাছে একটি শক্তি। যখন মন খারাপ হতো বা কোনো বিষয় নিয়ে চিন্তায় পড়তাম, তখন তাঁর শরণাপন্ন হতাম। তাঁর সঙ্গে ২০ বছরের সম্পর্ক। চেন্নাই থেকে যখন চিকিৎসা শেষে ফেরেন, তখনো তিনি হাসিমুখে সবার সঙ্গে কথা বলছিলেন। সবাইকে বলছিলেন, ‘মন খারাপের কিছু নেই, আমি মরে যাচ্ছি না।’ আমার বিশ্বাস ছিল, তিনি সুস্থ হয়ে যাবেন। এ কথা আমি সবাইকে বলেছি। কিন্তু তা হলো না।
মানুষকে ভালোবাসতে পারতেন
—স্বাগতা, অভিনেত্রী
শুকু আপুর মতো মানুষ এক দিনে তৈরি হয় না, সহজে তৈরি হয় না। তিনি অসাধারণ মানুষ ছিলেন। তাঁর সবচেয়ে বড় গুণ, নিজের সবকিছু উজাড় করে দিয়ে মানুষকে ভালোবাসতে পারতেন। ভালো ছবি আঁকতে পারতেন, গল্প লিখতে পারতেন, পরিচালনা করতে পারতেন। আমার বেশির ভাগ ভালো কাজ তাঁর সঙ্গে। কাজের বাইরেও আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল। এ রকম সম্পর্ক অন্য কারও সঙ্গে হওয়া মনে হয় সম্ভব নয়। আমরা দুজন বোনের মতো ছিলাম, বন্ধু ছিলাম, সারথি ছিলাম। তাঁকে হারানো পুরো ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি।
সব পরিস্থিতি হাসিমুখে সামাল দিতেন
—চয়নিকা চৌধুরী, পরিচালক
শুধু শিল্পী হলেই হয় না, ভালো মানুষ হতে হয়। আমার কাছে তিনিই ভালো শিল্পী, যিনি একজন ভালো মানুষ। শুকু আপা ছিলেন প্রকৃতপক্ষে সেই ভালো মানুষ। অনেক মেধাবী ও পরিশ্রমী ছিলেন। ঘরে-বাইরে সব জায়গায় পরিশ্রম করে যেতেন। সব পরিস্থিতি হাসিমুখে সামাল দিতে পারতেন। তাঁর বিদায় আমাদের জন্য অনেক বড় ক্ষতি। আমার সৌভাগ্য হয়েছে শুকু আপার লেখা একটি নাটক পরিচালনা করার। তাঁর সঙ্গে আমার অনেক স্মৃতি। সব সময় আমাকে সাহস দিতেন। চেন্নাইয়ে তিনি যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন, সে সময় আমি আমার মেয়েকে নিয়ে ওখানে যাই। অসুস্থতার মধ্যেও তিনি আমাকে বিভিন্ন পরামর্শ ও সাহস দিচ্ছিলেন। ঢাকায় ফিরে এসেও সব সময় খোঁজখবর নিতেন।
জীবনের শেষ পর্যন্ত লড়াই করে গেছেন
—ইমতিয়াজ বর্ষণ, অভিনেতা
আমার অভিনয়ের যাত্রা শুরু হয়েছে আতিক ভাই ও শুকু আপার হাত ধরে। শুকু আপা আমাকে একজন পেশাদার অভিনেতা বানিয়েছেন। তিনি একজন ফাইটার; জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছেন। খুব সাধারণ জীবনযাপন করতেন। আমরা অনেকেই দুপুরে না খেতে পারলে তাঁর কাছে চলে যেতাম। তিনি আমাদের জন্য খাবার রান্না করে রাখতেন। এমন অনেক স্মৃতি রয়েছে তাঁর সঙ্গে। শুধু আমি নই, আমার মতো অনেকেই তাঁর হাত ধরে উঠে এসেছে। সবাই তাঁর ও তাঁর সন্তানদের জন্য দোয়া করবেন।










