রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখা ক্যাম্পাস পরিচালনার জন্য সরকারি কলেজের পাঁচজন শিক্ষককে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে প্রতিষ্ঠানটির সার্বিক তদারকি ও পরিচালনার জন্য দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠন করে ঢাকা শিক্ষা বোর্ড।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি কলেজ-১ শাখা) উপসচিব মো. আ. কদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান বৃদ্ধি এবং অনিয়ম-অব্যবস্থাপনা দূর করতে প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসে বিদ্যমান প্রধান শিক্ষক ছাড়া বাকি ৫টি শাখার জন্য একজন করে পৃথক শাখা প্রধান হিসেবে স্ব-বেতনে প্রেষণে পদায়ন করা হলো।
আরও বলা হয়, হাজারীবাগ সরকারি কলেজের সংযুক্ত সহযোগী অধ্যাপক (বাংলা) মো. আব্দুল হালিমকে মূল বালক ক্যাম্পাসের (মনিপুর ৬০ ফিট রোড) শাখা প্রধান করা হয়েছে। কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (ব্যবস্থাপনা) মো. নজরুল ইসলামকে কলেজ ক্যাম্পাসের (রূপনগর আবাসিক এলাকা) দায়িত্ব দেওয়া হয়েছে। টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের ইনসিটু সহযোগী অধ্যাপক (ইংরেজি) মোহাম্মদ আক্তার হোসেনকে রূপনগরের শাখা-১ ক্যাম্পাসে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (রসায়ন) শেখ শাহরীয়ার হাসানকে ইব্রাহিমপুরের শাখা-২ ক্যাম্পাসে এবং টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সহকারী অধ্যাপক (দর্শন) মুহাম্মাদ নুর-এ-আলমকে শেওড়াপাড়ার শাখা-৩ ক্যাম্পাসের শাখা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে নতুন শাখা প্রধানদের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, পদায়ন পাওয়া কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখার আয়-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট শাখার শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।
এর আগে প্রতিষ্ঠানটিতে তদারকি জোরদার এবং অনিয়ম-দুর্নীতি রোধে গত ২১ জুন দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠন করে ঢাকা শিক্ষা বোর্ড। বিশেষ কমিটির সভাপতি হিসেবে রয়েছেন ম. হামিদুল হক মানিক। তিনি এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন-শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক ৩), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিদ্যালয় শাখার পরিদর্শক, শিক্ষক প্রতিনিধি শামীমা আহমেদ, অভিভাবক প্রতিনিধি শাকিল মোল্লা। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
এর আগে গত ১৭ মে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অনিয়ম নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে গত ১৮ মে ‘শিক্ষকদের ৯৮ ভাগ অবৈধ, অনিয়ম ৬০০ কোটির’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়, রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে শিক্ষক এখন ৬৭৬ জন। তাঁদের মধ্যে ৬৬২ জনের নিয়োগে মানা হয়নি কোনো নিয়মনীতি। সব প্রক্রিয়াকে পাশ কাটিয়ে ইচ্ছেমতো তাঁদের নিয়োগ দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। পাশাপাশি একাডেমিক উন্নয়ন ও নগর ভাতা, পরিচালনা কমিটির সম্মানী ভাতা, ভবন নির্মাণসহ বিভিন্ন খাতে মোট ৬০০ কোটি টাকার বেশি অনিয়মের তথ্য পাওয়া গেছে।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাইবার নিরাপত্তা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি অত্যাধুনিক ‘সাইবার সিকিউরিটি ল্যাব’ উদ্বোধন করা হয়েছে...
২৫ মিনিট আগে
দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনটি সাজানো হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে ‘রবীন্দ্র পর্ব’ হিসেবে। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে অনুষ্ঠিত হবে ‘নজরুল পর্ব’।
৫ ঘণ্টা আগে
পরীক্ষায় অনিয়ম ও নকলের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, নকলের ধরন বদলেছে। এ কারণে পাবলিক পরীক্ষা–সংক্রান্ত আইন পরিবর্তন করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে
৮ ঘণ্টা আগে