
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায়। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। সারা দেশে ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে আসন নিতে হয়েছে।।
বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হয়ে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
দাখিল পরীক্ষা শুরু হবে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা দিয়ে। ২৪ মে পর্যন্ত দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে। আর ৭ থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।
এদিন এসএসসি ও দাখিল ভোকেশনালের শিক্ষার্থীরা দেবেন বাংলা-২ বিষয়ের পরীক্ষা। ১৪ মে তাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ১৭ থেকে ২১মে তাদের ব্যবহারিক পরীক্ষা ও ১ থেকে ১৮ জুন এ পরীক্ষার্থীদের বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজধানীর সব কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এবারই প্রথমবারের মতো এসএসসি ও সমমান পরীক্ষার প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে থাকছে সিসিটিভি ক্যামেরা।
এ পরীক্ষা আয়োজনে সবগুলো পরীক্ষা কেন্দ্রের সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়ম রোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। যেসব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল বা অকেজো অবস্থায় রয়েছে, সেসব পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে।
নির্দেশনায় প্রতিটি পরীক্ষা কক্ষে ‘কাঁটাওয়ালা’ ঘড়ি টাঙানোর ব্যবস্থা নিতেও বলা হয়েছে এতে। স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের বলেছে অধিদপ্তর। একইসঙ্গে কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে কোনো শিক্ষক বা পরীক্ষার্থী যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতেও বলা হয়েছে নির্দেশনায়।

কোনো পরীক্ষার্থী যেন কোনোভাবেই এ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এছাড়া বোর্ডগুলো ও অধিদপ্তর থেকে দেওয়া নির্দেশনা ‘যথাযথভাবে’ পালন করতে বলা হয়েছে নির্দেশনায়।

অধিদপ্তর বলেছে, ‘নির্দেশনাসমূহ প্রতিপালনে কোন প্রকার অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে এসএসসি ও সমমান পরীক্ষায় কেন্দ্রের টয়লেট তল্লাশি করতে কেন্দ্রসচিবদের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর পরপরই কেন্দ্রের টয়লেটগুলো তল্লাশি করাতে হবে এবং কোনো ধরনের নকলের সামগ্রী পাওয়া গেলে তা ফেলে দিতে হবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী এবং প্রত্যবেক্ষক ছাড়া পরীক্ষা কেন্দ্রের ভেতরে অন্য কোনো ব্যক্তি অবস্থান করতে পারবেন না।
একইসঙ্গে ৫ বা ৬ ফুট লম্বা প্রতি বেঞ্চে ২ জন এবং ৪ ফুট লম্বা বেঞ্চে ১ জনের আসন ব্যবস্থা করতে এবং প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষ পরিদর্শক আর প্রতিটি পরীক্ষা কক্ষে কমপক্ষে দুইজন করে পরিদর্শক দায়িত্ব পালনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইস্পাহানি-সিআইইউ স্পোর্টস কার্নিভাল ২০২৬’। সিআইইউ স্পোর্টস ক্লাবের আয়োজনে এবং ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় এই বর্ণাঢ্য ক্রীড়া উৎসবটি চট্টগ্রামের...
১ ঘণ্টা আগে
পরীক্ষার রুটিন অনুযায়ী, প্রথম দিন সকাল ১০টায় শুরু হবে বাংলা প্রথম পত্র। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
৩ ঘণ্টা আগে
দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।
১৪ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যিনি দুর্নীতি করবেন, তিনি ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না। আগামীকাল মঙ্গলবার শুরু হতে যাওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যের একপর্যায়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
১৮ ঘণ্টা আগে