
রংপুরের পীরগাছায় নির্মাণাধীন উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ঠিকাদারপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে উপজেলার পীরগাছা-টু-কদমতলী সড়কের ফাকের মোড় এলাকায় এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। পরে বিক্ষুব্ধ স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন স্টেডিয়ামের কলামের নিচের বেজমেন্টে রড ব্যবহার করা হয়নি। পাথরের পরিবর্তে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে, সিমেন্টের পরিমাণ কম দেওয়া হয়েছে এবং ভিটি বালু দিয়ে কাজ চলছে। তাদের দাবি, বেজমেন্ট ঢালাই দেওয়ার সাতদিন পরও হাতের টানে তা ভেঙে উঠে এসেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব অনিয়ম চোখে পড়ার পর গতকাল বৃহস্পতিবার তারা ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে বলেন। কিন্তু আজ শুক্রবার আবার কাজ শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঠিকাদারপক্ষের লোকজন কয়েকজন স্থানীয় ব্যক্তির ওপর হাতুড়ি ও শাবল দিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় আহতদের মধ্যে মুকুট মিয়া, আব্দুল জলিল, আহসান হাবিব ও রেজাউল করিমের নাম জানা গেছে। আহত ১০ জনের মধ্যে তিনজনকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে আজ সকাল ১১টার দিকে স্থানীয়রা পীরগাছা-টু-রংপুর সড়কের ফাকের মোড় এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন। পরে পুলিশ প্রশাসন ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।
স্থানীয়রা নিম্নমানের নির্মাণকাজ বন্ধ করে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে রংপুরের পীরগাছা উপজেলার পীরগাছা-টু-রংপুর সড়কের ফাকের মোড় এলাকায় তিন একর জমির ওপর উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ চলছে। এ প্রকল্পের জন্য বরাদ্দ ৮ কোটি ৭৩ লাখ টাকা।
গত ২০২৪ সালের নভেম্বরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জিএনএনএন্ডবিসি (জেভি), পাকুরিয়া, রাজবাড়ী নামের প্রতিষ্ঠান। তবে বর্তমানে ঢাকার মোন্তা বিল্ডার্স নির্মাণকাজ করছে বলে জানা গেছে।
মোন্তা বিল্ডার্সের সুমন মিয়া বলেন, `বৃষ্টির কারণে হয়তো ঢালাই উঠে যাচ্ছে।' তবে তিনি বলেন, তারা এখনো বেজমেন্ট ঢালাই করেননি।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, `আমরা যতটুকু জানি, প্রকল্পটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তারা সরাসরি এটা বাস্তবায়ন করছে। স্থানীয় কোনো কর্তৃপক্ষকে এ কাজের তদারককারী হিসেবে রাখা হয়নি। তবে ওই প্রকল্পের নিম্নমানের কাজের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।'

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ভোরের পাখিচরের অর্ধশতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন থেকে বাঁচতে বসতঘর সরিয়ে নিচ্ছেন চরবাসী। এদিকে পানি বাড়তে থাকায় তিস্তার চরের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।
৩১ মিনিট আগে
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও তাঁর অস্ত্রভান্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত সুলাইমান তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ...
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মদনখালী ইউনিয়নের আলমপুর খয়রুল্লা গ্রামের ধারাকোল বিলে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সাইদুল ইসলাম ব্যারাকে সিলিং ফ্যানের সঙ্গে তাঁর বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিষয়ে ব্যারাকের অন্য পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে পারিবারিক ও মানসিক কারণে সাইদুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে সবকিছু স্পষ্ট হয়ে যাবে...
১ ঘণ্টা আগে