
রংপুরের পীরগঞ্জে চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম নিরাপত্তা চেয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলাম ক্রয়সূত্রে ওই জমির মালিক। তিনি সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ করছিলেন। নির্মাণকাজ চলাকালে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় এক জামায়াত নেতা।
ভুক্তভোগী জানান, গত সোমবার (৬ জুলাই) সকালে শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও জামায়াতে ইসলামীর ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বাতেন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ১০-১১ জন দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্ত ব্যক্তিরা আমিনুল ইসলামসহ তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, ‘আমি বৈধভাবে এই সম্পত্তির মালিক। সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করছিলাম। দলের প্রভাব খাটিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে জামায়াত নেতা বাতেন মিয়া। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
স্থানীয় বাসিন্দা সিমা বেগম, রবিউল মিয়া, রিপন মিয়াসহ অনেকেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে অভিযুক্ত বাতেন মিয়া বলেন, ‘আমার যা করণীয় আছে, তা-ই করব, সেটা আপনাকে আমি বলব না।’
উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে বলেন, ‘বিষয়টি আমার নজরে আসলে দেখব।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল ইতিমধ্যে পুলিশ পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতায় সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের মুলাদী উপজেলার চার কৃতী সন্তান। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপসচিব এবং সমমর্যাদার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর উচ্চতর এই পদে আসীন হয়েছেন তাঁরা।
৮ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশি নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজবে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
৩৯ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
১ ঘণ্টা আগে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অধিকাংশ গভীর নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এখনো বিচ্ছিন্ন রয়েছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক যোগাযোগ। তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি।
১ ঘণ্টা আগে