
স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দুই সপ্তাহ পিছিয়ে অবশেষে মুম্বাইয়ে হাজির হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আর বর্ষার প্রথম বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের এই বাণিজ্যিক রাজধানী। তীব্র জলাবদ্ধতা, দেয়াল ধস এবং যানজটের মধ্যেই আজ বুধবার সকালে এক নাটকীয় ঘটনার সাক্ষী হলেন মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে। সকালে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মেয়রের চোখের সামনেই এক ব্যক্তি খোলা ম্যানহোলে পড়ে যান।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মেয়র হুঁশিয়ারি দিয়েছেন, মুম্বাইয়ের কোনো এলাকায় ম্যানহোল খোলা পাওয়া গেলে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হবে।
এদিকে বর্ষার প্রথম বর্ষণেই মুম্বাইয়ের এই নাজুক পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন ‘মহায়ুতি’ জোট ও বিরোধী শিবসেনার (ইউবিটি) মধ্যে তীব্র রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি শুরু হয়েছে।
আজ ভোরে মুম্বাইয়ের দাদর, হিন্দমাতা, গান্ধী মার্কেটসহ বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শনে বের হন মেয়র ঋতু তাওড়ে। পরিদর্শন চলাকালে তাঁর সামনে এক ব্যক্তি হঠাৎ একটি খোলা ম্যানহোলে পড়ে যান। তাৎক্ষণিকভাবে জানা যায়, ওই ব্যক্তি বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) একজন পরিচ্ছন্নতাকর্মী।
এই ঘটনায় ক্ষুব্ধ মেয়র সেখানে উপস্থিত কর্মকর্তাদের তীব্র ভাষায় তিরস্কার করেন এবং ভবিষ্যতে এমন গাফিলতি দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র তাওড়ে বলেন, আবর্জনা পরিষ্কার করার জন্যই ম্যানহোলের ঢাকনাটি সরানো হয়েছিল। তবে তিনি জনসাধারণের অসচেতনতাকেও কিছুটা দায়ী করেন।
মেয়র বলেন, ‘সেখানে সতর্কতা সংকেত এবং ব্যারিকেড দেওয়া ছিল। ওই ব্যক্তির উচিত ছিল একটু দেখে চলা। যখন স্পষ্ট করে “সতর্ক থাকুন” লেখা থাকে, তখন মানুষেরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আমি মুম্বাইয়ের বাসিন্দাদের অনুরোধ করব, বিএমসির দেওয়া সতর্কতা নির্দেশিকাগুলো যেন তাঁরা মেনে চলেন।’
মেয়র আরও বলেন, রাস্তা থেকে দ্রুত পানি সরানোর জন্য প্রচুর পাম্প বসানো হয়েছে এবং ড্রেন পরিষ্কার করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে।
গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টা থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় শহরের তিনটি প্রধান স্টেশনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মুম্বাইয়ের এই জলাবদ্ধতা নিয়ে ক্ষমতাসীন একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা ও বিজেপির জোট সরকারকে তীব্র আক্রমণ করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আদিত্য ঠাকরে অভিযোগ করেন, ক্ষমতাসীন দল রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে বিএমসির তহবিল ফাঁকা করে দিয়েছে এবং শাসনব্যবস্থার বারোটা বাজিয়েছে।
আদিত্য ঠাকরের এই আক্রমণের জবাবে পাল্টা জবাব দিয়েছেন মেয়র ঋতু তাওড়ে। তিনি বলেন, ‘ঘরে বসে টুইট করলেই কাজ হয় না, কাজের জন্য মাঠে নামতে হয়। করোনা মহামারির সময় উনি (আদিত্য ঠাকরে) ঘরে বসেই সবকিছু সামলেছিলেন। আমি বিরোধী দলকে বলব, সোফা ছেড়ে রাস্তায় নেমে কাজ দেখুন।’
জলবায়ু পরিবর্তনের কারণে মুম্বাইয়ের মতো উপকূলীয় শহরগুলোতে এখন অতিবৃষ্টির প্রবণতা বাড়ছে। এমন পরিস্থিতিতে বিএমসির মতো বৃহৎ নগর সংস্থাগুলোর প্রস্তুতি এবং রাজনৈতিক সমন্বয়হীনতা আগামী দিনগুলোতে মুম্বাইয়ের সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়াবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদেরা।

ইরানে সরকারবিরোধী আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধের সময় বিক্ষোভকারীদের নেটওয়ার্ক সচল রাখতে দেশটিতে হাজার হাজার ‘স্টারলিংক’ স্যাটেলাইট ইন্টারনেট রিসিভার পাচার করা হয়েছিল। এমন দাবি করেছেন খোদ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়ে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৫০টি এ
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছেন প্রভাবশালী কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যান। প্রগতিশীল প্রতিদ্বন্দ্বী ব্র্যাড ল্যান্ডারের কাছে তাঁর এই পরাজয়কে দলটির ভেতরে বামপন্থী ধারার একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার জন্য একটি বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও)।
৯ ঘণ্টা আগে