Ajker Patrika

মেসিকে থামানোর মতো কেউ কি আছে: হামজা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ মে ২০২৬, ২২: ৩৭
মেসিকে থামানোর মতো কেউ কি আছে: হামজা
হামজা চৌধুরীর চোখে লিওনেল মেসি অপ্রতিরোধ্য। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সন্ধ্যায় হামজা একটি ভিডিও পোস্ট করেছেন। মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার উল্লেখ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই রোনালদো ৪১ বছর পূর্ণ করেছেন। সময়ের দুই তারকা ফুটবলারের এটাই হতে পারে শেষ বিশ্বকাপ। ফেসবুকে এক ভিডিও বার্তায় হামজা লিখেছেন, ‘আপনি যদি রোনালদো এবং মেসির নেতৃত্ব দেওয়ার কৌশল তুলনা করেন, আমার মতে রোনালদো সম্ভবত অনেক বেশি। এটা হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। কিছু মানুষ বিশ্বাস করে যে তিনি এই দক্ষতা নিয়ে জন্মেছেন।’

তিন বছর আগেই সময়ের দুই তারকা ফুটবলার মেসি-রোনালদো চলে গেছেন ইউরোপ ছেড়ে। ২০২৩ সাল থেকে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। একই বছর মেসি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে পাড়ি জমান ইন্টার মায়ামিতে। ইউরোপ ছাড়লেও দুজনেই স্ব স্ব ক্লাবে দুর্দান্ত খেলছেন। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।

মেসিকে সেরা মনে করলেও হামজা ফেসবুকে রোনালদোর কথাও বলেছেন বারবার। যদি শেষ ম্যাচে রোনালদো-মেসির মধ্যে কাউকে বেছে নিতে বলা হয়, সেক্ষেত্রে কাকে বেছে নেবেন ফুটবলপ্রেমীরা— বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার একটি কুইজ ছুড়ে দিয়েছেন। হামজা লিখেছেন, ‘মেসি কি সর্বকালের সেরা? আমার জন্য, অবশ্যই। কোনো সন্দেহ ছাড়াই। আজ আমরা লিওনেল মেসিকে নিয়ে কথা বলছি। মানুষ তাকে অনুসরণ করতে শুরু করে, যেভাবে তারা রোনালদোকে করে, তবে এটি নেতৃত্বের দুটি ভিন্ন কৌশল এবং তারা দুজনই স্পষ্টতই খুব ভালো কাজ করে। আপনাদের জন্য আমার আরেকটি প্রশ্ন আছে। সুতরাং, আপনার যদি খেলার জন্য একটি শেষ ম্যাচ থাকে, তবে আপনি কাকে বেছে নেবেন? মেসি নাকি রোনালদো? কমেন্টে লিখুন।’

২০২৫ সালের মার্চে অভিষেকের পর বাংলাদেশের প্রাণভোমরা হয়ে উঠেছেন হামজা। ঢাকার জাতীয় স্টেডিয়াম হোক বা বিদেশের ভেন্যু—তাঁকে একনজর দেখতে গ্যালারি দর্শকপূর্ণ হয়ে ওঠে। মাঠের সর্বত্র বিরাজ করছেন তিনি। গোলের পাশাপাশি অ্যাসিস্ট তো করেনই। এমনকি রক্ষণভাগও সামলান দারুণভাবে।

হামজা যেমন বাংলাদেশের প্রাণভোমরা, আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি। একইভাবে পর্তুগালের প্রাণভোমরা রোনালদো। গত পরশু রোনালদোকে নিয়ে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। আর্জেন্টিনা এখনো দল ঘোষণা না করলেও মেসি থাকছেন নিশ্চিতভাবেই। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে তিনি তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেছেন। এবার মেসি, রোনালদো দুজনই ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত