একজন প্রতিমা তৈরি শিল্পী ভারতে গিয়ে হয়ে ওঠেন অস্ত্র তৈরির কারিগর। পরে দেশে ফিরে সাজিয়ে নিয়েছেন অস্ত্রের ডিজাইনার, কেনা-বেচার লোকসহ কয়েকজনের একটি দল। এসব তারা বিক্রি করতেন সন্ত্রাসী ও চাঁদাবাজদের কাছে। এ চক্রের ৬ জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে র্যাব।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। তাদের আদালতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মোখলেছুর রহমান সাগর (৪২), মো. তানভির আহম্মেদ (৩২), অনিক হাসান (২৮), মো. আবু ইউসুফ সৈকত (২৮), রাজু হোসেন (৩৮) ও মো. আমির হোসেন (৪০)।
র্যাব বলছে, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪টি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ, ৭টি পিস্তলের কাঠের ফর্মা, ১০টি ফায়ারিং ম্যাকানিজম, ৪টি ট্রিগার, দুটি পিস্তলের হ্যান্ডগ্রিপ, দুটি ড্রিল বিট, ৫টি রেত, ৫০টি স্প্রিং, ৪০টি পিস্তলের নাট বল্টু, দুটি কম্পাস, ৩টি গাজ, ৪টি ক্লাম, দুটি ড্রিল মেশিনসহ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।
ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রের মূল হোতা মো. মোখলেছুর রহমান সাগর ও তার প্রধান সহযোগী মো. তানভির আহম্মেদসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব। সাগর পেশায় একজন ভাস্কর্য বা মূর্তি তৈরির কারিগর। সেই সুবাদে সাগর ভারতের কলকাতায় এবং আসামের শিলিগুড়িতে প্রায় ১২ বছর কাজ করে সে। সেখানে সুকুমার নামের একজন অস্ত্র তৈরির কারিগরের সঙ্গে পরিচয়ের পর সাগর অস্ত্র তৈরির দক্ষতা অর্জন করে। পরে দেশে এসে স্বল্পদিনে কোটিপতি হওয়ার আশায় অবৈধ অস্ত্র তৈরি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সরবরাহের পরিকল্পনা করে।’
এ র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘প্রথমে তানভির, অনিক ও সৈকতকে নিয়ে অস্ত্র তৈরি ও সরবরাহের একটি সিন্ডিকেট গড়ে তোলে সাগর। তানভির পেশায় একজন সিএনজির লেজার ডিজাইনার হওয়ায়, সাগরের দেওয়া নকশা অনুযায়ী বিভিন্ন অস্ত্রের যন্ত্রাংশ তৈরির মাধ্যমে প্রধান সহযোগী হিসেবে কাজ করতো। অবৈধ অস্ত্রগুলো অনিক ও সৈকত বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রি করতো। এ ক্ষেত্রে প্রতিটি অস্ত্র ৩ লাখ টাকায় বিক্রি করতো।’
ফরিদ উদ্দিন বলেন, ‘তাদের অবৈধ অস্ত্রের অন্যতম ক্রেতা আমির ও রাজু। তারা এই অস্ত্র কিনে বিভিন্ন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও নাশকতাকারীদের কাছে বিক্রি করতো।’

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২৫ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২৫ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬