Ajker Patrika

সাভারে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা, ১৮ হকার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা, ১৮ হকার গ্রেপ্তার
চোখ ও মাথায় আঘাত পাওয়া আনসার কর্মকর্তা ও সদস্য (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে কর্তব্যরত আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহকারী প্লাটুন কমান্ডার শহীদুল ইসলাম বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে সাভার মডেল থানায় মামলাটি করেন। এতে মামলায় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর শুক্রবার রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন হকারকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (৯ মে) তাঁদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটপাতে ভাসমান দোকান বসানোকে কেন্দ্র করে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় প্লাটুন কমান্ডার মো. শামসুজ্জামানের দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত হন আরও পাঁচ আনসার সদস্য।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখল করে হকাররা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এসব দোকান থেকে একটি প্রভাবশালী চক্র প্রতিদিন ৪-৫ লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় করত বলে অভিযোগ রয়েছে। প্রায় দেড় মাস আগে বাসস্ট্যান্ড এলাকা থেকে হকারদের উচ্ছেদ করা হলেও তাঁরা পুনরায় ফুটপাত দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকাল ও বিকেলে পৃথকভাবে ২০ জন করে আনসার সদস্য বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করতেন। শুক্রবার বিকেলে নিউমার্কেটের সামনে হকাররা পুনরায় ফুটপাত ও মহাসড়ক দখল করে দোকান বসিয়েছে—এমন তথ্যের ভিত্তিতে প্লাটুন কমান্ডার শামসুজ্জামানের নেতৃত্বে ১৪-১৫ জন আনসার সদস্য ঘটনাস্থলে যান।

আহত আনসার সদস্যদের অভিযোগ, সেখানে পৌঁছানোর পরই চাপাতি, রড, লাঠি ও ইট হাতে থাকা ৪০-৫০ জন হকার অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আনসার সদস্য গুরুতর আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি দাবি করেন, হকারদের কাছ থেকে চাঁদা আদায়কারী চক্রের ইন্ধনেই এই হামলার ঘটনা ঘটেছে।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে ৫ হত্যা: মরদেহগুলোর ওপর ছিল লিখিত অভিযোগ, যা লেখা আছে

গাজীপুরে তিন শিশুসন্তান, স্ত্রী ও শ্যালককে হত্যা: ফোনকলে স্বীকারোক্তি দিয়ে পলাতক অভিযুক্ত

গাজীপুরে গভীর রাতে একই পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে হত্যা

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ভারত, বাংলাদেশের আকাশে কি তারই ঝলকানি

সংবিধি না হওয়া পর্যন্ত ববিতে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না: সিন্ডিকেট সভার সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত