Ajker Patrika

একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ জুন ২০২৬, ১৭: ০৯
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
শনিবার রাজধানীর মিরপুর মুসলিম বাজার খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। ছবি: আজকের পত্রিকা

ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সে জন্য সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেছেন, ‘ওয়াসা, তিতাস গ্যাস, রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয় এবং উন্নয়নকাজগুলো সমন্বিতভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। নগরবাসীর দুর্ভোগ কমিয়ে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও জলাবদ্ধতামুক্ত নগর গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুর মুসলিম বাজার খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, গত ৫ আগস্টের পর থেকে মিরপুর মুসলিম বাজার খাল থেকে এখন পর্যন্ত ৪১৬ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে। এ কার্যক্রম চলমান এবং পর্যায়ক্রমে অন্যান্য খালেও একই ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

শফিকুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘ প্রায় ১৯ বছরে এ ধরনের বৃহৎ পরিসরে খাল থেকে বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি। খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে ডিএনসিসি, যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়।’ তিনি আরও বলেন, ‘যেসব এলাকায় পানি জমে থাকার প্রবণতা বেশি এবং হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব স্থানের সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

মিরপুরের খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলমান প্রক্রিয়া। ঢাকার দুই সিটির ৫৬টি খাল থেকে আপাতত ময়লা অপসারণের উদ্যোগ নিয়েছি। খাল দখলমুক্ত রাখতে গাইড ওয়াল নির্মাণ করে সীমানা তৈরি করে দেব।’ নগরবাসীকে খালে ময়লা না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খালের ওপর ময়লা ফেললে জরিমানা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত