Ajker Patrika

চোর সন্দেহে ধাওয়া, বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
চোর সন্দেহে ধাওয়া, বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরির অভিযোগ ওঠার প্রায় ঘণ্টাখানেকের মধ্যে একটি বহুতল ভবন থেকে পড়ে আকাশ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাতে কুলিয়ারচর বাজারের একটি শপিং টাওয়ারে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আকাশ কুলিয়ারচর পৌর এলাকার চারারবন মহল্লার জুয়েল মিয়ার ছেলে।

স্থানীয়দের দাবি, বুধবার রাতের দিকে কুলিয়ারচর মডেল মসজিদে চুরির চেষ্টা করার সময় আকাশকে স্থানীয়রা দেখে ফেলেন। পরে তিনি সেখান থেকে পালিয়ে যান। কিছুক্ষণ পর কুলিয়ারচর বাজারের ‘এস জামান টাওয়ারে’ প্রবেশ করেন তিনি। সেখানে আবারও চুরির চেষ্টা করলে স্থানীয়রা ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ধাওয়া খেয়ে বা ধরা পড়ার ভয়ে আকাশ ভবনের ওপর থেকে লাফ দেন, অথবা অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। বহুতল ভবন থেকে পড়ে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।’ তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত