বাস কেনার নামে ইসলামী ব্যাংক থেকে নেওয়া প্রায় ৮০ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় এস আলম গ্রুপের ১১ কর্ণধারের বিরুদ্ধে পাঁচ মাসের সাজা পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন এই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওজি ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান গোফরানুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তাঁর সহোদর ওসমান গনি, মো. রাশেদুল আলম, আব্দুস সামাদ, মো. আব্দুল্লাহ হাসান, শহিদুল আলম, ফারজানা বেগম, ফারজানা পারভীন ও আহসানুল আলম।
মামলার নথি ও ইসলামী ব্যাংক সূত্র জানায়, ২০২৩ সালের ডিসেম্বরে ১৩৪টি বিলাসবহুল হিনো বাস কেনার জন্য ওজি ট্রাভেলস লিমিটেডকে ১০৯ কোটি ৪২ লাখ টাকার বিনিয়োগ অনুমোদন দেয় ইসলামী ব্যাংক। পরে ২০২৪ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত আট দফায় নাভানা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আফতাব অটোমোবাইলস লিমিটেডের অনুকূলে ৮৫ কোটি ৩০ লাখ টাকা ছাড় করা হয়। অর্থ ছাড় দেওয়া হয় ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখা থেকে।
চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে বাস সরবরাহ করার কথা থাকলেও এখন পর্যন্ত একটি বাসও সরবরাহ করা হয়নি। ফলে ব্যাংকের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়ে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের শীর্ষ কর্মকর্তারা আত্মগোপনে চলে যাওয়ায় ঋণ আদায় আরও অনিশ্চিত হয়ে পড়ে।
এই অবস্থায় পাওনা অর্থ উদ্ধারে গত বছরের ২৬ আগস্ট ওজি ট্রাভেলস লিমিটেড ও আফতাব অটোমোবাইলস লিমিটেডের বিরুদ্ধে চট্টগ্রাম অর্থঋণ আদালতে মামলা করে ইসলামী ব্যাংক। মামলার হিসাব অনুযায়ী, চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ৮০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৭৬১ টাকা।
মামলায় আফতাব অটোমোবাইলসের পরিচালক সফিউল ইসলাম, খালেদা ইসলাম, সাজেদুল ইসলাম ও মিয়া সেলিম শেখকেও আসামি করা হয়েছে। এর আগে গত ৯ নভেম্বর আদালত ৬০ দিনের মধ্যে পুরো পাওনা অর্থ পরিশোধের নির্দেশ দেন। নির্দেশনা অমান্য করায় সর্বশেষ সাজা পরোয়ানা জারি করা হয়।
অর্থঋণ মামলার পাশাপাশি প্রতারণার অভিযোগে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও পৃথক একটি ফৌজদারি মামলা করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকের অভিযোগ, পুরো অর্থ ছাড়ের পরও বাস সরবরাহ না করে ঋণগ্রহীতা ও সরবরাহকারী প্রতিষ্ঠান পরিকল্পিতভাবে ব্যাংকের সঙ্গে প্রতারণা করেছে।
ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘চুক্তি অনুযায়ী বাসগুলো সরবরাহ করা হলে সেগুলো ব্যাংকের নামে নিবন্ধন হওয়ার কথা ছিল। এতে ঋণের বিপরীতে কোলাটারেল সিকিউরিটি নিশ্চিত হতো। কিন্তু গাড়ি সরবরাহ না হওয়ায় পুরো বিনিয়োগ এখন ঝুঁকির মধ্যে রয়েছে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এস আলম গ্রুপের বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ দেড় লাখ কোটি টাকার বেশি। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকে নেওয়া হয়েছে প্রায় ৮৮ হাজার কোটি টাকা। তবে এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিলেটে দেড় বছরের কন্যাসন্তানকে বটি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে খোদ মায়ের বিরুদ্ধে। আজ শুক্রবার ভোরে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। মাকে আটক করেছে পুলিশ। তিনি মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ।
৩৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা আবু জাফর রোড এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উত্তেজনা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
১ ঘণ্টা আগে
কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সরকারি খাদ্যশস্যের মজুত বাড়াতে ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। জেলার পাঁচটি উপজেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নে হামের প্রাদুর্ভাবের পর এবার কয়েকটি পাহাড়ি গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। স্থানীয় ফার্মেসিগুলোতে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দেওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে