
রাত তখন ১১টা। ঢাকা-বগুড়া মহাসড়কের পাশেই এক দোকানের বারান্দায় একটা বাজারের ব্যাগ হাতে বসে ছিল মেয়েটি। গায়ে পরিষ্কার জামাকাপড়, অথচ মুখে অভিমান। যেন অপেক্ষা করছে, কেউ এসে তার মান ভাঙাবে। কিন্তু কে আসবে? মা-বাবা থেকেও নেই। স্বজনদের কাছে তাই তার কোনো দাম নেই। আজ এর বাড়ি, তো কাল ওর বাড়ি। সেখানেও জোটে অবহেলা আর অপমান। তাই তো তেমন কিছু না ভেবে ছোট্ট মেয়েটি বেরিয়ে পড়ে রাস্তায়।
শিশুটির নাম জান্নাতি খাতুন। বয়স ১১ বছর। স্থানীয় কয়েক তরুণ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেলেও সেখানে আশ্রয় মেলেনি। পরে স্বজনদের খুঁজে বের করে তার থাকার ব্যবস্থা করেন ওই তরুণেরাই। বুধবার রাতে বগুড়ার শেরপুরে এই ঘটনা ঘটে।
শেরপুর পৌর শহরের বাসিন্দা সবুজ ইসলাম রাত ১১টার দিকে বাসায় ফিরছিলেন। এ সময় দোকানের বারান্দায় মেয়েটিকে একা বসে থাকতে দেখে তার সঙ্গে কথা বলেন। জানতে পারেন, খুব ছোট থাকতেই ভেঙে গেছে জান্নাতির পারিবারিক বন্ধন। মা-বাবার বিচ্ছেদের পর বাবা ঢাকায় নতুন সংসার গড়েছেন। মা অন্যত্র বিয়ে করে আলাদা হয়ে যান। এর পর থেকে কখনো খালার বাড়ি, আবার কখনো মামার বাড়িতে আশ্রয় মিললেও কোথাও স্থায়ীভাবে ঠাঁই হয়নি তার। বিভিন্ন সময় অবহেলা ও নির্যাতনের শিকার হওয়ার কথাও জানায় সে। শেষ পর্যন্ত খালার বাড়ি ছেড়ে বেরিয়ে আসে।
পরে সবুজের ফোন পেয়ে স্থানীয় আবু জাফর, মাহমুদুল হাসান মুজাহিদ, তনু, সাব্বিরসহ কয়েক তরুণ ঘটনাস্থলে উপস্থিত হন।
আবু জাফর বলেন, ‘সেখান থেকেই শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলে তিনি দায়িত্ব নিতে অস্বীকার করেন। আমাদেরকে সমাজসেবা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু সমাজসেবা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই সবাই মেয়েটিকে নিয়ে শেরপুর থানায় গিয়েছিলাম। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন মেয়েটিকে থানায় রাখতে অপারগতা প্রকাশ করেন এবং বিভিন্ন আইনি জটিলতার কথা উল্লেখ করেন। একই সঙ্গে আত্মীয়স্বজনের খোঁজ নিজেদের দায়িত্বে নিতে বলেন। থানায় রাখা সম্ভব নয় বলেও জানান তিনি।’
এতে বিপাকে পড়েন ওই তরুণেরা। গভীর রাত পর্যন্ত তাঁরা মেয়েটিকে নিয়ে থানার চত্বরে অপেক্ষা করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুকে মোবাইলে জানান তাঁরা। এরপরও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি থানা-পুলিশ, এমন অভিযোগ করেন তাঁরা।
পরে বাধ্য হয়ে ওই তরুণেরা শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্বজনদের খোঁজ শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর গভীর রাতে শাহবন্দেগী ইউনিয়নের দহপাড়া গ্রামে তার মামার বাড়ির সন্ধান পাওয়া যায়। পরে মামা ও নানার সঙ্গে কথা বলে মেয়েটির থাকার ব্যবস্থা করা হয়।
এই তরুণদের মানবিকতা আর সামাজিক দায়বদ্ধতা স্থানীয় বাসিন্দাদের মুগ্ধ করেছে। তাঁদের প্রশংসায় এখন পঞ্চমুখ এলাকাবাসী। সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন তাঁরা।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) শেরপুর উপজেলা শাখার সভাপতি নিমাই ঘোষ বলেন, ‘বিপদে পড়লে মানুষ প্রথমেই থানার দ্বারস্থ হয়। সেখানে সহযোগিতার বদলে দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা গেলে সাধারণ মানুষ ভবিষ্যতে মানবিক কাজে নিরুৎসাহিত হতে পারে।’
অভিযোগের বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘মানবিকতা দেখাতে গিয়ে আমি তো আইনের বাইরে কাজ করতে পারি না। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা আছে, কোনো প্রতিবন্ধী বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে থানায় রাখা যাবে না। তাই আমরা তাদের আত্মীয়স্বজনের খোঁজ করার পরামর্শ দিয়েছি অথবা নিজেদের হেফাজতে রাখতে বলেছি।’
তবে মেয়েটিকে উদ্ধারকারী তরুণেরা বলছেন, মেয়েটি মোটেও মানসিক ভারসাম্যহীন নয়। মানসিক ভারসাম্যহীন হলে সে তার মামাবাড়ির ঠিকানা জানাতে পারত না। পুলিশ দায়মুক্তির জন্য এই ধরনের কথা বলছে।
মেয়েটির মামা রফিকুল ইসলাম বলেন, ‘মা-বাবার বিচ্ছেদের সময় জান্নাতির বয়স ছিল তিন বছর। তখন থেকে সে তার খালার বাসায় থাকে। বুধবার রাত প্রায় ১টার দিকে কিছু তরুণ তাকে আমার কাছে রেখে গেছে। এখন সে আমার কাছেই আছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, ‘বিষয়টি জানতে পেরে মানবিক দিক বিবেচনায় মেয়েটিকে থানা হেফাজতে রাখার জন্য ওসিকে অনুরোধ করেছিলাম। তবে পরে জানতে পেরেছি, তাকে থানায় রাখা হয়নি। বিষয়টি দুঃখজনক।’

কোরবানির ঈদে রাজধানীকে দ্রুততম সময়ে বর্জ্যমুক্ত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। দুই সিটির কর্মকর্তারা জানিয়েছেন, অর্ধেকের বেশি বর্জ্য প্রথম দিনেই অপসারণের লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা। বর্জ্য অপসারণের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ, কোরবানির বিশেষ প্রশিক্ষণ এবং নাগরিক সেবা নিশ্চিত...
৭ মিনিট আগে
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
৯ মিনিট আগে
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত ও ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিও দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষকেরা।
১৩ মিনিট আগে
রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসা থেকে ১০ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার শিক্ষার্থীকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের...
১৯ মিনিট আগে