Ajker Patrika

কম টাকায় বিশ্বভ্রমণ বুদ্ধিমান পর্যটকের গোপন কৌশল

মৌনতা আমিন
আপডেট : ২১ মে ২০২৬, ১২: ০৪
কম টাকায় বিশ্বভ্রমণ বুদ্ধিমান পর্যটকের গোপন কৌশল

মানসিক শান্তির অন্যতম উপায় হয়ে উঠেছে ভ্রমণ। কিন্তু সাধ থাকলেও অনেক সময় সাধ্যের কারণে ভ্রমণপিয়াসি মানুষদের ঘরেই বন্দী থাকতে হয়। অনেকে ভাবেন, লটারি না জিতলে দুনিয়া ঘুরে দেখা সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হলো, ভ্রমণের জন্য লটারির টিকিটের চেয়ে বেশি প্রয়োজন সঠিক কৌশল। কম খরচে বিশ্বভ্রমণের সেরা উপায়গুলো জানা থাকলে ভ্রমণ হবে সহজ আর চাপমুক্ত।

ভ্রমণের খরচ মূলত তিন ভাগ করা যায়—যাতায়াত, খাবার এবং থাকা। এই তিন ক্ষেত্রে খরচ প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। এ জন্য আপনাকে শুধু একটু কৌশলী হতে হবে। মনে রাখতে হবে, টাকা বাঁচানো জরুরি, কিন্তু তা যেন আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে মাটি না করে। কিছু অভিজ্ঞতা অর্থমূল্যের চেয়ে অনেক বড়। নিজের বাজেট ঠিক রেখে বুদ্ধিমত্তার সঙ্গে ঘুরে বেড়ান। কারণ, জীবনের যেকোনো সময় টাকা আয় করা গেলেও সময় আর ফিরে আসবে না।

যাতায়াত খরচ কমানোর কৌশল

  • বিমানের টিকিট বা হোটেল বুকিংয়ের জন্য সার্চ করার সময় ব্রাউজারের ‘ইনকগনিটো মোড’ ব্যবহার করুন। এতে ট্রাভেল সাইটগুলো কুকিজের মাধ্যমে আপনার সার্চ হিস্ট্রি ট্র্যাক করে টিকিটের দাম বাড়ানোর সুযোগ পাবে না।
  • কম দামে টিকিট দেখলেই কিনে ফেলবেন না। স্কাই স্ক্যানার কিংবা গুগল ফ্লাইটে অ্যালার্ট সেট করে রাখুন। সাধারণত সপ্তাহের মঙ্গল ও বুধবার টিকিটের দাম সবচেয়ে কম থাকে।
  • এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য রাতের ট্রেন বা স্লিপার বাস বেছে নিন। এতে যাতায়াতের পাশাপাশি আপনার এক রাতের হোটেলের খরচ সম্পূর্ণ বেঁচে যাবে।
  • যেখানে গণপরিবহন কম, সেখানে নিরাপদ মনে হলে অন্য কোনো গাড়ি বা পরিবারের চলন্ত গাড়িতে লিফট চাইতে পারেন। এটি আপনাকে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে সাহায্য করবে। আর দূরপাল্লার জন্য লোকাল ট্রেন বা বাস তো আছেই। স্বল্প দূরত্বের জন্য ম্যাপ হাতে নিয়ে হাঁটার অভ্যাস করুন।
  • আইসল্যান্ড এয়ার বা টার্কিশ এয়ারলাইনসের মতো কিছু বিমান সংস্থা ফ্রি স্টপ ওভার প্রোগ্রাম দেয়। এর মাধ্যমে কানেকটিং ফ্লাইটের মাঝে বাড়তি কোনো বিমানভাড়া ছাড়াই ওই দেশের প্রধান শহরে ১ থেকে ৭ দিন পর্যন্ত থাকা যায়।

থাকার খরচ বাঁচানোর উপায়

বিশ্বব্যাপী একাকী ভ্রমণ এবং কম খরচের ভ্রমণের ধারণা বদলে দিয়েছে বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। সম্ভবত সেসবের মাঝে প্রথম পাঁচেই থাকবে কাউচসার্ফিং। এটি এমন অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে স্থানীয়রা পর্যটকদের বিনা মূল্যে নিজেদের বাড়ির সোফা কিংবা বাড়তি ঘর শেয়ার করেন। এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট এবং এর যথাযথ ব্যবহার আপনার ভ্রমণের ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত খরচ কমিয়ে আনতে পারে। তবে বুকিংয়ের আগে অবশ্যই হোস্টের রিভিউ ভালোভাবে দেখে নেওয়া জরুরি। ওয়ানডে ট্যুর বাদ দিয়ে যদি দীর্ঘ মেয়াদে থাকতে চান, তাহলে বিভিন্ন হোস্টেল, এনজিও, অর্গানিক ফার্ম কিংবা মনাস্ট্রিতে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন। বিনিময়ে তারা আপনাকে বিনা মূল্যে থাকা-খাওয়ার সুবিধা দেবে। অনেকের ধারণা, হোস্টেল মানেই গাদাগাদি করে থাকা। কিন্তু বর্তমানে অনেক বুটিক হোস্টেলে কম খরচে দারুণ প্রাইভেট রুম পাওয়া যায়। যেখানে রান্নার সুবিধাও থাকে। এ ছাড়া স্থানীয় সংস্কৃতির স্বাদ নিতে হোমস্টে চমৎকার অপশন। আপনি যদি অ্যাডভেঞ্চারপ্রিয় হন, তাহলে নিজের তাঁবু সঙ্গে রাখুন। ক্যাম্পিং করার মাধ্যমে বিনা মূল্যে মিলিয়ন স্টার হোটেলে ঘুমানোর অভিজ্ঞতা পাবেন। তবে সুরক্ষার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

খাবারের খরচ কমানোর ট্রিকস

ইউরোপ বা আমেরিকার রেস্তোরাঁগুলো দুপুরে ‘মেনু অব দ্য ডে বা লাঞ্চ স্পেশাল অফার করে। রাতের মেনুর একই মানের খাবার দুপুরে অর্ধেক অথবা এক-তৃতীয়াংশ মূল্যে পাওয়া যায়। তবে যদি মনে করেন, তিন বেলা রেস্তোরাঁয় খাওয়া মানেই হলো বাজেটের বারোটা বাজা, তাহলে স্থানীয় মুদিদোকান বা সুপারশপ থেকে পাউরুটি, চিজ, ফল ও দই কিনে পার্কের বেঞ্চে বসে পিকনিকের মতো করে সেরে নিন। হোস্টেলের কিচেনে নিজে নুডলস বা হালকা কিছু রান্না করে নিলে খরচ অনেক কমে যায়।

সাইটসিয়িং বা ঘুরে দেখার টিপস

বিশ্বের অনেক নামী জাদুঘর বা দর্শনীয় স্থান সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে বিনা মূল্যে প্রবেশের সুযোগ দেয়। সেসব দেখতে যাওয়ার আগে ইন্টারনেটে একটু খোঁজ নিলেই বড় অঙ্কের টাকা বাঁচানো সম্ভব। যেকোনো বড় শহরে গাইডসহ বাসে ঘোরার পেছনে ৫০ বা ১০০ ডলার খরচ না করে ফ্রি ওয়াকিং ট্যুরে অংশ নিন। এতে খুব অল্প ব্যয়ে স্থানীয় গাইডদের চমৎকার সেবা পাওয়া যায়। আপনি যদি ছবি তুলতে পারেন, ওয়েবসাইট ডিজাইন করতে পারেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বোঝেন, তাহলে স্থানীয় কোনো হোস্টেল বা ক্যাফে মালিকের সঙ্গে কথা বলুন। তাঁদের কাজের বিনিময়ে আপনার থাকার খরচ অনায়াসে মিলে যেতে পারে।

সূত্র: মিডিয়াম, শোবিজ ডেইলি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত