
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের মনোনয়ন ফরম সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ করেছেন আইনজীবীদের একাংশ। উদ্ভূত পরিস্থিতিতে বিক্ষুব্ধ আইনজীবীরা আদালত এলাকায় বিক্ষোভ-মিছিল করেছেন।
আজ সোমবার (৪ মে) বেলা ৩টার দিকে সমিতির আসন্ন নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিলের দিনে এ ঘটনা ঘটেছে।
তফসিল অনুযায়ী, সমিতির আসন্ন নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিলের জন্য বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় নির্ধারিত ছিল।
জানা গেছে, নির্ধারিত দিনে বেলা ৩টা ৫ মিনিটের দিকে আওয়ামী লীগ ও বামপন্থী আইনজীবীদের একাংশ ‘সাধারণ আইনজীবী ফোরাম’ নামে মনোনয়ন ফরম সংগ্রহের জন্য সমিতির লাইব্রেরির সামনে যান। তবে তাঁরা লাইব্রেরি রুমে প্রবেশ করতে পারেননি। সেখানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে আইনজীবীদের একাংশের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা বলেছেন, ‘সাধারণ আইনজীবী’ ব্যানারে যাঁরা নির্বাচন করতে চাইছেন, তাঁরা আওয়ামীপন্থী।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন বলেন, ‘আমাদের গতবারের মতো এবারও ফরম নিতে দেওয়া হয়নি।’
সাধারণ আইনজীবী ফোরামের সভাপতি পদপ্রার্থী সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ সাংবাদিকদের বলেন, ‘নির্ধারিত সময়ে এসেও আমরা ফরম নিতে লাইব্রেরি মিলনায়তনে ঢুকতে পারিনি। অথচ আগে থেকে একটি পক্ষ ভেতরে ছিল। তারা ফরমও নিয়েছে। আমি প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করছি। তিনি ফোন ধরছেন না।’
এবার সমিতির নির্বাচনে ৫ মে বাছাই, ৮ মে প্রত্যাহার ও ৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২১ মে ভোট গ্রহণের দিন ধার্য আছে।
ফরম সংগ্রহে বাধা দেওয়ার বিষয়ে জানতে মুখ্য নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট রৌশন আরা বেগমকে ফোন করা হলেও তিনি ধরেননি।
এর আগে ২০২৫ সালের ১৩ এপ্রিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় ২১টি পদে বিএনপি-জামায়াত-সমর্থিত প্যানেলের সবাইকে বিজয়ী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের রাতকুচি এলাকার বাসিন্দা নুরজাহান বেগম (৭৮)। প্রায় ৪৮ বছর ধরে নিভৃত পাহাড়ি অঞ্চলের নারীদের স্বাভাবিকভাবে সন্তান প্রসবে সহায়তা করে আসছেন তিনি। দীর্ঘদিনের এই সেবার স্বীকৃতিস্বরূপ এলাকায় তিনি ‘জননী’ নামেই পরিচিত।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের ঘিওর উপজেলার গুরুত্বপূর্ণ বানিয়াজুরী-ঘিওর আঞ্চলিক সড়কের প্রায় ৯ কিলোমিটারজুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কারের অভাবে সড়কটির যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খানাখন্দের কারণে প্রায় সময়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বাড়ছে জনদুর্ভোগ।
১ ঘণ্টা আগে
গাইবান্ধায় সহজ শর্তে ঋণের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি লাপাত্তা হয়েছে ‘তিশা ফাউন্ডেশন’ নামে একটি কথিত এনজিওর কর্মকর্তারা। এতে শতাধিক গ্রাহক দিশেহারা হয়ে পড়েছেন।
১ ঘণ্টা আগে
হাড়ভাঙা খাটুনি আর ধারদেনা করে ফলানো সোনার ফসল চোখের সামনে তলিয়ে যেতে দেখছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের কৃষকেরা।
১ ঘণ্টা আগে