
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে উপাধ্যক্ষ পদে যোগ দিতে পারেননি অধ্যাপক মোসা. মেহবুবা আলম। আজ বুধবার তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে যোগদানের চেষ্টা করেছেন। অধ্যাপক মেহবুবা নন-ক্যাডার শিক্ষক হওয়ায় তাঁকে এ সরকারি কলেজে যোগদানে একজোট হয়ে আপত্তি তুলেছেন বরিশালের বিভিন্ন কলেজের ক্যাডার শিক্ষকেরা।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্রে অধ্যাপক মেহবুবাকে হাতেম আলী কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছিল।
জানতে চাইলে অধ্যাপক মোসা. মেহবুবা আলম জানান, তিনি রাজেন্দ্র কলেজ থেকে উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়ে আজ হাতেম আলী কলেজে যোগ দিতে আসেন। কিন্তু কলেজের অধ্যক্ষ বলেন, তিনি চাপে আছেন বিসিএস শিক্ষকদের অ্যাসোসিয়েশনের। তিনি সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কলেজে যোগদানের জন্য অপেক্ষা করেছিলেন।
অধ্যাপক মেহবুবা বলেন, ‘শিক্ষামন্ত্রী ও স্থানীয় এমপি আমার পদায়নে সুপারিশ করেছেন। অথচ মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে তাঁরা অবস্থান নিয়েছেন। আসলে তাঁরা (ক্যাডার শিক্ষকেরা) লুটেপুটে খাবেন, আমরা আসতে পারব না।’ তিনি আরও বলেন, ‘অবশ্যই পদায়নের বিধান আছে। আমরা ২০০০ বিধিতে নয়, ৮১ বিধির শিক্ষক। রাজেন্দ্র কলেজ থেকে বিমুক্ত হয়ে আসছি। কিন্তু আমাকে এখানে যোগদান করতে দেয়নি।’
তবে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যাপক ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের হাতেম আলী কলেজ ইউনিট নেতা খান শাহিনুল হক বলেন, অধ্যাপক মেহবুবা আলম আত্মীকৃত নন-ক্যাডার শিক্ষক। ক্যাডারভুক্ত সরকারি কলেজে একজন নন-ক্যাডার দায়িত্ব নিতে পারেন না। তাঁর চেয়ে সিনিয়র শিক্ষক এ কলেজে রয়েছেন। তাঁরা এর প্রতিবাদ জানিয়েছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খানের কাছে। এমনকি মন্ত্রণালয় ও ডিজি অফিসে ক্যাডার শিক্ষকেরা এই পদায়নের আপত্তি জানিয়েছেন। তাঁর দাবি, ‘অধ্যাপক মেহবুবা আজ সকাল ৯টার দিকে এসেছিলেন। পরে নিজেই চলে গেছেন। তাঁর সঙ্গে আমাদের কোনো ধরনের সাক্ষাৎ হয়নি।’
এ ব্যাপারে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান জানান, উপাধ্যক্ষ হিসেবে পদায়ন হওয়া অধ্যাপক মেহবুবা যোগদানের জন্য আজ সকালে এসে তাঁর কাছে রিপোর্ট করে গেছেন। তবে তাঁর এ পদায়ন নিয়ে বরিশালের বিভিন্ন কলেজের ক্যাডার শিক্ষকেরা আপত্তি তুলেছেন। অধ্যাপক মেহবুবা নন-ক্যাডার শিক্ষক। তিনি ঝালকাঠি মহিলা কলেজ থেকে নন-ক্যাডার শিক্ষক হন। ওই সময় ঝালকাঠি মহিলা কলেজসহ ১৮টি বেসরকারি মহিলা কলেজ একযোগে সরকারি হয়। হাতেম আলী কলেজে উপাধ্যক্ষ পদ ক্যাডার শিডিউলভুক্ত।
এই ১৮ কলেজের নন-ক্যাডার শিক্ষকেরা যাতে ক্যাডারভুক্ত কলেজে পদায়ন না করতে পারেন, এ জন্য আইনি প্রক্রিয়ায় ক্যাডারভুক্ত শিক্ষকেরা আদালতের রায় পেয়েছেন। তিনি বলেন, বরিশালের বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকেরা আজ ক্যাম্পাসে এসে এ বিষয়ে কেবল আপত্তি তুলেছেন। এ ক্ষেত্রে পদায়ন হওয়া উপাধ্যক্ষ মেহবুবার সঙ্গে ওই শিক্ষকদের কোনো মুখোমুখি হয়নি।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের চার কিলোমিটার অংশে দুই বছর ধরে খানাখন্দ। পিচ ঢালাই এবং খোয়া উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন সীমাহীন দুর্ভোগে পড়েছে এই...
৩ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজের এডহক কমিটির স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে গভর্নিং বডি গঠনের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। তদন্ত প্রতিবেদনে কলেজের অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে এই জালিয়াতির আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধায় টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ফলে নতুন করে বীজতলা তৈরির প্রস্তুতি নিচ্ছেন অনেক চাষি। এতে আমন উৎপাদনে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গাইবান্ধা সাত উপজেলার ৮১টি ইউনিয়ন ও চারটি পৌরসভা নিয়ে গঠিত। সবকটি উপজেলা নদীবেষ্টিত।
৩ ঘণ্টা আগে
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্বপন দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
৫ ঘণ্টা আগে