
ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে চলমান যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেলপ্রতি প্রায় ১২০ ডলারে পৌঁছেছে। উৎপাদনের ওপর একের পর এক হামলা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক বাজারের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আজ ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলার পর্যন্ত উঠেছিল। তবে পরক্ষণে কিছুটা কমে ১১২.৯৮ ডলারে লেনদেন হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হালকা ও মিষ্টি অপরিশোধিত তেল বা ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ১১৯.৪৮ ডলারে পৌঁছানোর পর বর্তমানে ১১০.১৭ ডলারে স্থিতিশীল রয়েছে। এক দিনে তেলের দামের এমন ঊর্ধ্বগতি বিশ্ব অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষক সংস্থা রাইস্টাড এনার্জি-এর তথ্যমতে, বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ বা প্রতিদিন ১৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করা হয় হরমুজ প্রণালি দিয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে এই রুটটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই প্রণালির মাধ্যমে সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো বড় রপ্তানিকারক দেশগুলো তেল পাঠায়। বর্তমানে প্রাণহানি ও জাহাজ ধ্বংসের ভয়ে ট্যাংকার চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।
রপ্তানি করতে না পারায় তেল উৎপাদনকারী দেশগুলো বর্তমানে গভীর সংকটে পড়েছে। ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে তাদের তেল উৎপাদন কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। কারণ, জাহাজ চলাচল বন্ধ থাকায় তাদের স্টোরেজ ট্যাংকগুলো পূর্ণ হয়ে গেছে। এ ছাড়া যুদ্ধের শুরুতে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিক তেল ও গ্যাস শোধনাগারে হামলার খবর পাওয়া গেছে, যা সরবরাহের চেইনকে পুরোপুরি ভেঙে দিয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি দ্রুত যুদ্ধবিরতি না ঘটে বা সরবরাহ পথ স্বাভাবিক না হয়, তবে তেলের দাম আরও বাড়তে পারে। এর ফলে বিশ্বজুড়ে পরিবহন খরচ বৃদ্ধি এবং তীব্র মূল্যস্ফীতির আশঙ্কা করা হচ্ছে, যার নেতিবাচক প্রভাব ইতিমধ্যে বিভিন্ন দেশের শেয়ার বাজারে দেখা দিয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কার মধ্যে বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম দ্রুত বাড়ছে, শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা যাচ্ছে আর অর্থনীতিবিদেরা সতর্ক করছেন—এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে দেখা দিতে পারে ‘স্ট্যাগফ্লেশন’।
২ ঘণ্টা আগে
জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল—কোনোটিতেই সংকট নেই, তাই দাম বাড়ারও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সোমবার ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
৩ ঘণ্টা আগে
দেশের বেসরকারি খাতের সমস্যাগ্রস্ত চারটি ব্যাংকের পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমানকে।
৩ ঘণ্টা আগে
দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি সহনীয় করতে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা পাঁচটি সুপারিশ করেছেন। এগুলো হলো সংকোচনমুখী মুদ্রানীতি প্রত্যাহার, সুদহার হ্রাস, মূলধনী যন্ত্রপাতি আমদানি প্রক্রিয়া সহজীকরণ, সরবরাহব্যবস্থা ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সুদৃঢ়করণ এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা।
৫ ঘণ্টা আগে