
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও। এর প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্যাবের মানববন্ধনে পাঁচটি দাবি তুলে ধরে জানানো হয়, সরকার নির্ধারিত দামে খোলা সয়াবিন তেলের মূল্য ১৮৫ টাকা এবং বোতলজাত তেলের মূল্য ১৯৫ টাকা হলেও বাস্তবে বাজারে বোতলজাত তেল ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া হচ্ছে। একইভাবে খোলা পাম তেলও নির্ধারিত ১৬২ টাকার পরিবর্তে ১৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব তথ্য প্রমাণ করে যে বাজারে কার্যকর তদারকির অভাব রয়েছে এবং অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে।
ক্যাব জানায়, ভোজ্যতেল নিয়ে কারসাজি শুধু বাজারে অস্থিরতা সৃষ্টি নয়, বরং ভোক্তার মৌলিক অধিকার—ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি ও নিরাপদ খাদ্য গ্রহণের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে পণ্যের সরবরাহ কমিয়ে দেওয়া এবং অতিরিক্ত দামে বিক্রি করা একটি সংগঠিত প্রতারণা, যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।
মানববন্ধনে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি ও মূল্য নিয়ন্ত্রণের কথা বলা হলেও বাস্তবে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। বাজারে কঠোর নজরদারির অভাব এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ফলে এই সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠছে।
এ সময় তিনি ক্যাবের পাঁচটি দাবি তুলে ধরেন। ক্যাবের দাবিগুলো হলো—সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি অবিলম্বে নিশ্চিত করা, সয়াবিন তেলের বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্র চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, বাজারে নিয়মিত ও কার্যকর তদারকি ও অভিযান পরিচালনা, কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি তাৎক্ষণিকভাবে বন্ধ করা।
এর আগে গতকাল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজারে যান। এ সময় তিনি বাজারের ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ ও বিপণন পরিস্থিতির খোঁজখবর নেন। উপস্থিত ক্রেতাদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
খুচরা বিক্রেতারা জানান, তাঁরা চাহিদা দিয়ে তেলের সরবরাহ কম পাচ্ছেন। বাজারে পাঁচ লিটারের সরবরাহ একেবারে কম। এ ছাড়া খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে।
এ সময় ক্রেতারা জানান, বোতল সয়াবিন বাজারে কম, তবে দাম বাড়েনি। আর খুচরা বিক্রেতারা জানান, বিভিন্ন তেল কোম্পানির ডিলার তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে দেখা যায়, দুটি ব্র্যান্ডের তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও বেশির ভাগ ব্র্যান্ডের বোতল সয়াবিন তেলের সরবরাহ ছিল প্রায় স্বাভাবিক।
এ সময় কয়েকটি দোকানে নতুন ব্র্যান্ডের সয়াবিন তেলের বোতলও বিক্রি করতে দেখা যায়। বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের দ্রুতই সরবরাহ পরিস্থিতি উন্নত হবে বলে আশ্বাস দেন।

সরকারি আমদানি বিল, বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ এবং ঈদ-পরবর্তী সময়ে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার প্রভাবে আবারও চাপে পড়েছে দেশের বৈদেশিক মুদ্রাবাজার। এরই প্রভাবে আন্তব্যাংক বাজারে মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে ১২৩ টাকায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, বাজারে বড় ধরনের অস্থিরতা না থাকলেও...
৪ ঘণ্টা আগে
প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ তৈরির স্বপ্ন নিয়ে শুরু হওয়া খুলনার হাই-টেক পার্ক এখনো বাস্তবায়নের অপেক্ষায়। অনুমোদনের প্রায় ৯ বছর পরও শেষ হয়নি নির্মাণকাজ। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানো হচ্ছে। বর্তমানে কাজের অগ্রগতি ৪৫ শতাংশ।
৪ ঘণ্টা আগে
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অধিকাংশ উপজেলা ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী লাখ লাখ মানুষের চরম দুর্ভোগ লাঘবের লক্ষ্যে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি...
১৩ ঘণ্টা আগে
জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালের হজযাত্রীদের পরিবহন করতে চায় তারা। সবশেষ ২০২৬ সালের হজযাত্রীদের জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। হজ প্যাকেজের একটি বড় অংশ বিমান ভাড়ায় খরচ হয়।
১৬ ঘণ্টা আগে