বিবিএসের প্রতিবেদন

বাংলাদেশের মানুষ বছরে গড়ে ৯৮১ টাকা ব্যয় করেন শুধু হাত ধোয়ার পেছনে। এ খরচ শহরে ১৩১১ টাকা হলেও গ্রামে ৮৩১ টাকা। পানি ব্যবহারের দিক থেকেও পার্থক্য লক্ষণীয়—একজন গ্রামীণ নাগরিক বছরে গড়ে ৩১ হাজার ১৮৪ লিটার পানি ব্যবহার করেন হাত ধোয়ার জন্য, আর শহরে এ পরিমাণ ৩০ হাজার ৬৮৩ লিটার। এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
গতকাল রোববার আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে অনুষ্ঠিত ‘স্ট্রেংদেনিং এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার স্ট্যাটিস্টিকস প্রজেক্ট’-এর এক সেমিনারে বিবিএসের এ প্রতিবেদন উন্মোচন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিবিএস সচিব আলেয়া আক্তার।
৮ বছরে কৃষিজমি কমেছে ১.৯৮%
প্রতিবেদন অনুযায়ী, ২০১৫-২৩ সালের মধ্যে দেশের কৃষিজমির পরিমাণ ৭৪ হাজার ৩৮৬.৬৩ বর্গকিমি থেকে কমে দাঁড়িয়েছে ৭২ হাজার ৯১৫.৭৪ বর্গকিমিতে, যা মোট ভূমির ৫০.৪১ শতাংশ থেকে নেমে এসেছে ৪৯.৪১ শতাংশে। অর্থাৎ এ সময়কালে কৃষিজমি কমেছে ১.৯৮ শতাংশ। শহরায়ণ ও শিল্পায়নের চাপ এ হ্রাসের পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
বনভূমি কমেছে ৫.৪১ শতাংশ
একই সময়ের মধ্যে দেশের বনভূমিও সংকুচিত হয়েছে। ২০১৫ সালে দেশের বনভূমির পরিমাণ ছিল ১৮ হাজার ৪৯৯.০৮ বর্গকিমি, যা ২০২৩ সালে কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৯৮.১৮ বর্গকিমিতে—কমেছে ৫.৪১ শতাংশ। এর মধ্যে ‘অন্যান্য বনভূমি’ শ্রেণিতে হ্রাসের হার সবচেয়ে বেশি—১৯.৮৬ শতাংশ।
নগরায়ণের পরিমাণ বেড়েছে ২.৮২%
অন্যদিকে, নগরায়ণ এবং শিল্পোন্নয়নের ফলে আর্টিফিশিয়াল সারফেস বা বিল্টআপ এরিয়া বেড়েছে ৩৩ হাজার ১৩৯.৮৩ বর্গকিমি থেকে ৩৪ হাজার ৭২.৯০ বর্গকিমিতে, যা মোট ভূখণ্ডের ২৩.০৯ শতাংশ। এতে ২০১৫ সালের তুলনায় নগরায়ণ বেড়েছে ২.৮২ শতাংশ।
জলাশয়ের ব্যবহার বেড়েছে ৫.৯৪%
জলাশয়ের পরিমাণেও বড় পরিবর্তন এসেছে। ২০১৫ সালে ভূ-অভ্যন্তরীণ জলাশয় তথা নদী, খাল, বিল ও হ্রদের জমি ছিল ১৮ হাজার ১২০.০৫ বর্গকিমি। ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ১৯ হাজার ১৯৬.১২ বর্গকিমি—বৃদ্ধির হার ৫.৯৪ শতাংশ। উপকূলীয় জলাশয় ও মোহনার এলাকা বেড়েছে ৬৪.৮৬ শতাংশ, যা বর্তমানে ১,২৫০.৪৮ বর্গকিমি।
প্রতিবেদন বলছে, ঘন জঙ্গল ও গুল্মভূমির ক্ষেত্রেও সংকোচন ঘটেছে। ঘাস ও ঝোপঝাড়ের জমি কমেছে যথাক্রমে ১৯.৮৬ শতাংশ ও ২১.৩৩ শতাংশ। এতে বন্য প্রাণীর বিচরণক্ষেত্র সংকুচিত হচ্ছে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে।
তবে ইতিবাচক দিকও রয়েছে। ২০১৫ সালে দেশে কৃত্রিম বন ছিল ১,৩৪১.৪৮ বর্গকিমি, যা ২০২৩ সালে বেড়ে হয়েছে ১,৭০৮.৫৩ বর্গকিমি—বৃদ্ধির হার ২৭.৩৬ শতাংশ। অনুৎপাদনশীল জমির ব্যবহার কিছুটা বাড়ায় অব্যবহৃত জমির পরিমাণ ১.১ শতাংশ কমেছে।
এই সেমিনারে বিআইডিএসের মহাপরিচালক ড. এনামুল হক বলেন, ‘ধানের জমি কমছে, কারণ কৃষিজমি দখল করে ঘরবাড়ি বানানো হচ্ছে। হাওর এলাকার জমিও হারিয়ে যাচ্ছে, যা খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বনভূমি হ্রাসের ফলে বন্য প্রাণীর চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। জমির জিংক কমে যাওয়াও এক উদ্বেগের বিষয়, যা ফসলের মান ও উৎপাদনকে প্রভাবিত করতে পারে।’
বাংলাদেশে প্রথমবারের মতো ‘ম্যাটেরিয়াল ফুটপ্রিন্ট’ ও ‘ডোমেস্টিক ম্যাটেরিয়াল কনজাম্পশন অ্যাকাউন্টস’ চালু করা হয়েছে, যা এসডিজির অন্তত ৪টি সূচক অর্জনে ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে। এসব উদ্যোগ টেকসই উন্নয়নের পথে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছে বিবিএস।
আরও খবর পড়ুন:

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে...
৫ ঘণ্টা আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা।
৮ ঘণ্টা আগে
১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন গ্রেডে নামিয়ে আনা হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এতসংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে এমন প্রশাসনিক....
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এই সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন....
১৩ ঘণ্টা আগে