
এক বছরের ব্যবধানে দেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে এই ঘাটতি ছিল ১১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে ২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার, যা প্রায় ১৭ দশমিক ৪৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে দেশ থেকে মোট ২৬ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে আমদানি হয়েছে ৩৯ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পণ্য। আগের অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে রপ্তানি আয় ছিল ২৬ দশমিক ৩৭ বিলিয়ন ডলার এবং আমদানি ব্যয় ছিল ৩৮ দশমিক ১১ বিলিয়ন ডলার। পরিসংখ্যান বলছে, প্রথম সাত মাসে আমদানি ব্যয় বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে একই সময়ে রপ্তানি আয় কমেছে ১ দশমিক ১ শতাংশ। অর্থাৎ আমদানির তুলনায় রপ্তানি কম থাকায় এই বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে।
অর্থনীতিবিদেরা বলছেন, সাম্প্রতিক সময়ে আমদানি বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। রমজানকে কেন্দ্র করে খাদ্যপণ্যসহ বিভিন্ন নিত্যপণ্যের আমদানি বেড়েছে। পাশাপাশি শিল্প খাতের কাঁচামাল আমদানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় রপ্তানি প্রবৃদ্ধি প্রত্যাশিত গতি পাচ্ছে না।
বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতি এবং ভোক্তাদের ব্যয় কমে যাওয়ার প্রভাব পড়েছে পোশাকসহ বিভিন্ন ভোগ্যপণ্যের অর্ডারে। এর ফলে তৈরি পোশাকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাতে প্রবৃদ্ধি ধীর হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের সামগ্রিক রপ্তানি আয়ে এবং বাণিজ্য ঘাটতিও বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দেশের মোট রপ্তানি আয়ের বড় অংশই তৈরি পোশাক খাত থেকে আসে। ফলে এ খাতে অর্ডার কমে গেলে সামগ্রিক রপ্তানি আয়েও প্রভাব পড়ে। একই সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ-সংকট, গ্যাস সরবরাহে অনিশ্চয়তা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি অনেক শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতায় চাপ সৃষ্টি করছে।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলে আগামী মাসগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি বাড়তে পারে। তিনি বলেন, নতুন বাজারে প্রবেশের উদ্যোগ জোরদার করা, পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং উৎপাদন দক্ষতা উন্নত করা গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী হবে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, মূলত আমদানি বাড়া ও রপ্তানি কমার কারণেই বাণিজ্য ঘাটতি বেড়েছে। তবে একই সময়ে দেশের চলতি হিসাবে ঘাটতি কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ৩৮১ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
জাহিদ হোসেন আরও বলেন, চলমান আন্তর্জাতিক সংঘাতের প্রভাব মার্চ মাস থেকে আরও স্পষ্ট হতে পারে। এতে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ওপর চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতিতে বিনিময় হার স্থিতিশীল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে বাংলাদেশ ব্যাংককে সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে।
একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভারত ও কম্বোডিয়ার মতো দেশগুলো বাণিজ্য চুক্তি, অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধার কারণে অনেক ক্ষেত্রে বেশি প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। ফলে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। তিনি বলেন, রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং উচ্চমূল্যের পণ্যের উৎপাদন বাড়ানো না গেলে ভবিষ্যতেও বাণিজ্য ঘাটতির চাপ অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে দেশের আর্থিক হিসাবে প্রায় ২ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই উদ্বৃত্ত ছিল ৩৩১ মিলিয়ন ডলার। একই সময়ে সার্বিক লেনদেনের ভারসাম্যেও উন্নতি হয়েছে। চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে সামগ্রিক লেনদেনের ভারসাম্যে ২ দশমিক ২৮ বিলিয়ন ডলার উদ্বৃত্ত হয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে ১ দশমিক ২২ বিলিয়ন ডলার ঘাটতি ছিল।

বিদেশে ভিসার জন্য আবেদন করতে গেলে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন কাগজ জমা দিতে হয়। এসব নথি সহজ ও দ্রুত যাচাই করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব কাগজপত্রে বাধ্যতামূলকভাবে কিউআর কোড সংযুক্ত করতে হবে।
১১ ঘণ্টা আগে
দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিগত সময়ে ব্যাংক ও শেয়ারবাজারে কী হয়েছে, সেটা সবাই জানেন। আমরা সেগুলো থেকে উত্তরণের জন্য কাজ করছি।’
২০ ঘণ্টা আগে
রাজধানীতে আয়োজিত হয়েছে হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং মার্কেটিং ফেস্ট ৩.০। গত শনিবার (৯ মে) ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের গ্র্যান্ড বলরুমে এক প্রাণবন্ত ও কৌশলগত আলোচনা, উদ্ভাবন এবং সহযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হলো এ আয়োজন।
২০ ঘণ্টা আগে
চুক্তির আওতায় ডাক জীবনবিমার আওতায় যতগুলো পলিসি আছে, আজীবন বিমা, মেয়াদি বিমা, নির্দিষ্ট বিমা ও বিবাহবিমা—সব কটি বিমার কিস্তিই নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।
১ দিন আগে