শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তি সনদ (এনওসি) ছাড়া পাকিস্তান থেকে আমদানি করা ২৮ মেট্রিক টন রক সল্ট বা বিট লবণের একটি চালান আটকে দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রয়োজনীয় অনুমোদনপত্র না থাকায় প্রায় দুই সপ্তাহ ধরে চালানটির খালাস কার্যক্রম স্থগিত রয়েছে।
কাস্টমস সূত্র বলেছে, পাকিস্তানের রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘পিক মিনারেলস প্রাইভেট লিমিটেড’ থেকে চালানটি আমদানি করেছে চট্টগ্রামের বোয়ালখালীর প্রতিষ্ঠান ‘ওয়ার্দা অ্যান্ড জুবায়ের এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। ২০ ফুট কন্টেইনারে আসা পণ্যটির খালাসের জন্য ৪ মে আমদানিকারকের পক্ষে চট্টগ্রাম কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে সিএন্ডএফ এজেন্ট ‘তাসমিয়া এন্টারপ্রাইজ’। তবে আমদানি নথির সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের এনওসি বা প্রাপ্যতা সনদ সংযুক্ত না থাকায় কাস্টমস কর্তৃপক্ষ চালানটি খালাসের অনুমতি দেয়নি।
জাতীয় লবণনীতি-২০২২ অনুযায়ী, অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া ক্রুড লবণ আমদানির অনুমতি দেওয়া হয় না। সব ধরনের লবণ আমদানির ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের সুপারিশ বা প্রাপ্যতা সনদ বাধ্যতামূলক। দেশীয় লবণ শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনকারীদের স্বার্থ রক্ষায় অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করার কথাও নীতিমালায় উল্লেখ রয়েছে।
চালানটিতে মোট ২৮ মেট্রিক টন রক সল্ট রয়েছে, যা ১ হাজার ১২০টি ব্যাগে বন্দরে আসে। কাস্টমসের তথ্যমতে, পণ্যটির মোট ইনভয়েস মূল্য ৬ হাজার ৪৪০ মার্কিন ডলার। এ চালানের বিপরীতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, ভ্যাট, অগ্রিম আয়কর ও অগ্রিম করসহ মোট ৬ লাখ ৮৩ হাজার ৪৫৫ টাকা ৯৭ পয়সা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। চালানটির এলসি ও ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছে এনসিসি ব্যাংক লিমিটেড।
এ বিষয়ে আমদানিকারক প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ইয়াসিন আরাফাতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট তাসমিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবসারও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি বলেন, শিল্প মন্ত্রণালয়ের এনওসি ছাড়া চালানটি খালাস করতে দেওয়া হবে না বলে কাস্টমস কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে। বিষয়টি সমাধানে আমদানিকারক প্রতিষ্ঠান সরাসরি কাস্টমসের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার তৌহিদা ইসলাম বলেন, ‘জাতীয় লবণনীতি-২০২২ অনুযায়ী সোডিয়াম ক্লোরাইড বা এ ধরনের লবণ আমদানিতে শিল্প মন্ত্রণালয়ের এনওসি বাধ্যতামূলক। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হলে আইন অনুযায়ী চালান খালাসের অনুমতি দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আগে ইমপোর্ট পারমিটের (আমদানির অনুমোদন) ভিত্তিতে এসব পণ্য শিল্পের কাঁচামাল হিসেবে খালাস দেওয়া হলেও গত ২৩ এপ্রিল থেকে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন শুরু হয়েছে। এখন শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো লবণের চালান খালাস করা হচ্ছে না।’
বাংলাদেশে রক সল্ট বা বিট লবণ খাদ্য, মসলা ও আচার শিল্প, হারবাল ও ইউনানি ওষুধ, কসমেটিকস এবং বিভিন্ন শিল্পকারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ‘হিমালয়ান পিংক সল্ট’ নামে পরিচিত এ ধরনের লবণের ব্যবহার রেস্টুরেন্ট ও স্বাস্থ্যসচেতন ভোক্তাদের মধ্যেও বাড়ছে। তবে দেশে পর্যাপ্ত লবণ উৎপাদন থাকায় স্থানীয় শিল্প সুরক্ষায় সরকার এ পণ্যের আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, রক সল্ট বা বিট লবণ ২৫১০০৩০ এইচএস কোডের আওতায় আমদানি হয়। বর্তমানে এ পণ্যে প্রায় ৯৩ দশমিক ১৬ শতাংশ শুল্ক আরোপ রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে এই এইচএস কোডের আওতায় ৬২৮ দশমিক ৬৫ টন রক সল্ট আমদানি হয়েছে। তবে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ ধরনের আমদানির তথ্য পাওয়া যায়নি।

শেয়ারবাজারে শত শত কোটি টাকা বিনিয়োগে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ জুলাই ধার্য করা হয়েছে।
১ ঘণ্টা আগে
দেশের বাজারে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমায় দাম কমিয়ে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
আগের সরকারগুলোর ধারাবাহিকতায় বর্তমান সরকারও উন্নয়ন ব্যয় টিকিয়ে রাখতে ঋণের ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠছে। একই সঙ্গে অতীতে নেওয়া বিপুল ঋণের সুদ পরিশোধেও গুনতে হচ্ছে বড় অঙ্কের অর্থ। কিন্তু এর বিপরীতে সরকারের আয় বাড়ছে তুলনামূলক ধীরগতিতে। ফলে একদিকে যেমন ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে বাড়ছে সুদ পরিশোধের চাপও।
১৭ ঘণ্টা আগে
উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা, ব্যবসা-বাণিজ্যে ধীরগতি এবং ভ্যাট আদায়ে বড় ধাক্কার চাপে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বড় রাজস্ব ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছরের প্রথম ১০ মাসেই রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৯২ হাজার ২৩৯ কোটি টাকা। অর্থনীতিবিদেরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বছর শেষে...
১৭ ঘণ্টা আগে