Ajker Patrika

এআইয়ের পরামর্শে বিনিয়োগ করে প্রায় কোটি টাকা লাভ তরুণের

আজকের পত্রিকা ডেস্ক­
এআইয়ের পরামর্শে বিনিয়োগ করে প্রায় কোটি টাকা লাভ তরুণের
মাইকেল পালাডিনো। ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু প্রযুক্তি জগতেই সীমাবদ্ধ নয়—ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনাতেও এর ব্যবহার দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সংখ্যক প্রাপ্তবয়স্ক, বিশেষ করে জেন-জি তরুণেরা, অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআই-এর সহায়তা নিচ্ছেন। ২৭ বছর বয়সী মাইকেল পালাডিনো এই প্রবণতার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

মঙ্গলবার (৫ মে) রয়টার্স জানিয়েছে, ফ্লোরিডার ট্যাম্পাভিত্তিক সাপ্লাই চেইন ম্যানেজার পালাডিনো ২০১৭ সাল থেকেই নিয়মিত বিনিয়োগ করে আসছেন। কলেজজীবনে এক অধ্যাপকের কাছ থেকে প্রতিদিন মাত্র ৫ ডলার বিনিয়োগের ধারণা শোনার পর থেকেই তিনি বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠেন। সময়ের সঙ্গে সেই অভ্যাস তাঁকে আরও এগিয়ে নিয়ে যায়।

২০২৫ সালে তিনি প্রথমবারের মতো বিনিয়োগ সিদ্ধান্তে এআই ব্যবহার শুরু করেন। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তিনি এআই-এর কাছ থেকে পরামর্শ নিতে থাকেন। ‘২৭ বছর বয়সী একজনের জন্য গ্রোথ-ফোকাসড স্টক পোর্টফোলিও তৈরি করো’ কিংবা ‘৪০ বছর বয়সে অবসর নিতে চাইলে প্রতি মাসে কত বিনিয়োগ করতে হবে?’ —এই ধরনের প্রশ্ন করে এআই-এর কাছ থেকে বিশ্লেষণভিত্তিক নির্দেশনা নেন তিনি। এসব নির্দেশনা তাঁকে পরিকল্পনা সাজাতে সাহায্য করে।

বর্তমানে পালাডিনো প্রতি মাসে প্রায় ২ হাজার ডলার বিনিয়োগ করেন। তাঁর পোর্টফোলিও মূলত দুটি বড় ফান্ডে সীমাবদ্ধ—এসঅ্যান্ডপি ৫০০ এবং প্রযুক্তি খাতভিত্তিক নাসডাক-১০০ সূচক অনুসরণকারী ফান্ড। আগে তাঁর পোর্টফোলিওতে প্রায় ২৫টি বিনিয়োগ ছিল। কিন্তু এআই-এর সাহায্যে তিনি বুঝতে পারেন, অনেক ফান্ডের মধ্যে ওভারল্যাপ রয়েছে। ফলে তিনি বিনিয়োগকে সরল করে একই ধরনের পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম হন। তাঁর দাবি, এআই ব্যবহারের ফলে তাঁর পোর্টফোলিওর মূল্য প্রায় ২০ শতাংশ বেড়ে গেছে, যা প্রায় ৭৫ হাজার ডলারের সমপরিমাণ বৃদ্ধি। বাংলাদেশি মুদ্রায় এই লাভ ৯২ লাখ টাকারও বেশি।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন—এআই ব্যবহারে ঝুঁকিও রয়েছে। ওয়েলস ফার্গোর ২০২৬ সালের এক জরিপ অনুযায়ী, প্রতি পাঁচজন মার্কিন প্রাপ্ত বয়স্কের একজন গত এক বছরে অর্থ ব্যবস্থাপনায় এআই ব্যবহার করেছেন। তবে জেন-জিদের ক্ষেত্রে এই হার ৩৮ শতাংশ।

ওয়েলথ স্ক্রিপ্ট অ্যাডভাইজার্সের প্রধান নির্বাহী অ্যালেক্স ক্যাসওয়েল মনে করেন, এআই দ্রুত ও কম খরচে তথ্য দেয় বলে তরুণদের কাছে এটি আকর্ষণীয়। তবে তিনি সতর্ক করে বলেন, বিনিয়োগ সম্পর্কে কম জ্ঞান থাকলে এআই-এর ভুল বা অনুমাননির্ভর তথ্য শনাক্ত করা কঠিন হতে পারে, যা ব্যবহারকারীদের ভুল আত্মবিশ্বাসে ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, গবেষণা ও পরিকল্পনায় এআই সহায়ক হলেও সরাসরি বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য একে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে দেখা উচিত নয়। সফল বিনিয়োগের জন্য এখনো প্রয়োজন ধৈর্য, অভিজ্ঞতা এবং ঝুঁকি বোঝার সক্ষমতা—যার অন্য কোনো শর্টকাট নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত