
‘পুকুর চুরি’ নয়, রীতিমতো পুকুর দখল করে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন ওয়ার্ড বিএনপির নেতারা। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বাংলাগড় হাটে একটি পুকুর তাঁরা পয়লা বৈশাখের দিন দখলে নেওয়ার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই পুকুরটি ব্যক্তিমালিকানাধীন হলেও তাঁরা সরকারি পুকুর বলে দাবি করছেন।
পুকুর দখলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি রবিউল ইসলাম রুবেল, সম্পাদক জাহাঙ্গীর আলম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক সুভানসহ বিএনপির ইব্রাহিম, লালু এবং আরও কয়েকজন নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পুকুরটির মালিক দাবিদার আব্দুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা, প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও সরেজমিন জানা যায়, রাণীশংকৈল পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার জসাইপাড়া এলাকার মৃত মজির উদ্দীনের ছেলে আব্দুল হক পৈতৃক সূত্রে উপজেলার রাতোর ইউনিয়নের বাংলাগড় হাট এলাকার নরগাঁও মৌজার ১২০/৬৬০ নম্বর দাগের ২ একর ৮ শতক জলকরের মালিক। দীর্ঘদিন ধরেই পুকুরটি তাঁর দখলে। হঠাৎ বিএনপির নেতারা এটিকে সরকারি পুকুর বলে পয়লা বৈশাখের দিন তাঁদের লোকজন পুকুরে নামিয়ে মাছ ধরে নেন। বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দেয়।
পুকুরের মালিকের অভিযোগের ভিত্তিতে ১৬ এপ্রিল ওই পুকুর এলাকায় সরেজমিন গেলে সেখানে পুকুরের মালিকের লোকজনের পাশাপাশি নেতারাও উপস্থিত হওয়া শুরু করেন। একপর্যায়ে সেখানে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রতিবেদকের কাছে এসে পরিচয় জানতে চান এবং পুকুরটি খাস বলে পয়লা বৈশাখের দিন উৎসুক জনতা এখানে মাছ ধরেছে বলে জানান। তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
তবে পুকুর দখলের বিষয়ে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাইলে বিএনপির নেতা-কর্মীদের উচ্ছৃঙ্খলতার কারণে অনেকে মুখ খুলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের মধ্যে অনেকে বলেন, বিএনপি নেতা রুবেল, জাহাঙ্গীর, সুভান অনেক দিন ধরেই পুকুরটি দখলের চেষ্টা করছেন। সেই ধারাবাহিকতায় পয়লা বৈশাখের দিন তাঁদের লোকজন নামিয়ে পুকুর থেকে প্রায় দুই লাখ টাকার মাছ ধরা হয়।
অভিযোগের বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম রুবেল বলেন, তাঁরা পুকুর দখল করেননি। তবে সাধারণ মানুষ সরকারি পুকুর হিসেবে পয়লা বৈশাখের দিন ছোট ছোট তেলাপিয়ার বাচ্চা ধরেছে। এখন পুকুরটি উন্মুক্ত আছে। এটি সরকারি কি না, তার খোঁজখবর নেওয়া হচ্ছে।
এদিকে থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬ এপ্রিল বিকেলে এসআই মিরাজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা তদন্ত করতে গেলে সেখানেও খুব উত্তেজনা সৃষ্টি করেন বিএনপির অভিযুক্ত নেতারা। ঘটনার সাক্ষী এবং তাঁদের বিপক্ষের লোকজনকে মারধর করাসহ নানান হুমকি দেন তাঁরা।
এসআই মিরাজ বলেন, ‘আমাদের সামনে তারা খুব উত্তেজিত হচ্ছিল। তবে সেটি আমরা রুখে দিয়েছি। ঘটনাটি ওসিকে জানানো হয়েছে।’
রাতোর ইউনিয়নের ভূমি কর্মকর্তা জাহেরুল ইসলাম বলেন, ‘সরকারি পুকুর হলে ইজারা দেওয়া হতো। যেহেতু ইজারা দেওয়া হয়নি, তার মানে হলো পুকুরটি এখনো ব্যক্তিমালিকানাধীন। তাহলে সে বিষয়ে কোনো তথ্য আপাতত দেওয়া যাচ্ছে না। খোঁজখবর নিয়ে দিতে হবে।’
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান বকুল মজুমদার বলেন, ‘বিএনপি কোনো অন্যায় কর্মকাণ্ডের দায়দায়িত্ব নেবে না। জবর দখলের একেবারে বিরুদ্ধে আমরা। যদি ওয়ার্ড বিএনপির নেতারা এমন কোনো দখল-বাণিজ্যে জড়ায়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৬ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৬ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৮ মিনিট আগে