
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বনাঞ্চল নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে চলমান ১২৯টি মামলা প্রত্যাহার করে নিয়েছে বন বিভাগ। পর্যায়ক্রমে গুরুত্ব বিবেচনায় আরও মামলা প্রত্যাহার করে নেওয়া হবে।
আজ রোববার দুপুরে মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান। চারা রোপণের মাধ্যমে শালবন পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘প্রথাগত বনবাসীর সঙ্গে বন বিভাগের অনেক মামলা-মোকদ্দমা আছে। আজকে ১২৯টি মামলা প্রত্যাহার করার মাধ্যমে মধুপুর বনাঞ্চলের বন মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়ে কার্যক্রম শুরু হচ্ছে। ক্রমান্বয়ে আমরা বন মামলাগুলোর পেছনে অর্থ ব্যয় না করে গুরুত্ব বিবেচনায় মামলা প্রত্যাহার করে নেব। তবে জমি বেদখলের মামলা প্রত্যাহার করা হবে না। আর যাদের মামলা প্রত্যাহার করা হবে, তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হবে; যেন তারা ভবিষ্যতে আর কখনো বনাঞ্চলে শালবন পুনঃস্থাপনের কাজে বাধা না দেয়।’
উপদেষ্টা বলেন, ‘শালবনের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য শালবনের সীমানাপ্রাচীর নির্ধারণ করছি। আগামী তিন বছরে পর্যায়ক্রমে সামাজিক বনায়নের ক্ষতিকর গাছ ইউক্যালিপটাস-আকাশমণি সরিয়ে শালবন পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এই বনে ৭০-৩০ ভাগ অনুপাতে শাল ও সহযোগী গাছের চারা রোপণ করা হবে। কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত কোনো নার্সারি ইউক্যালিপটাস ও আকাশমণির চারা উৎপাদন করতে পারবে না।’
রিজওয়ানা হাসান বলেন, ‘বনের অনেক জায়গা বেদখল হয়ে গেছে। শালবনের যেসব জায়গায় বাণিজ্যিক বনায়ন হচ্ছে বা বাণিজ্যিকভাবে দখল হয়েছে, সেগুলো শালবনের আওতায় আনা হবে। দখলদার আপনারা কাকে বলছেন? যারা প্রথাগতভাবে বসবাস করছেন, তাঁদের বলবেন? তা নয়। যাঁরা দখলদার আছেন, তাঁদের আমরাই বরাদ্দ দিয়েছি। তবে সেটা আমি আনুষ্ঠানিক আলোচনা শুরু করব, যাতে ধীরে ধীরে দখলমুক্ত করে শালবন পুনঃস্থাপন করে বনের ঐতিহ্য ফিরিয়ে আনা যায়।’
উপদেষ্টা বলেন, ‘প্রথাগত বনবাসীদের বনে অধিকারগুলোকে স্যাটেল না করে কাগজে-কলমে এগুলো রিজার্ভ ফরেস্ট (সংরক্ষিত বনাঞ্চল) ঘোষণা করা হয়েছে। আমরা তাঁদের অধিকার স্যাটেল করার একটি প্রক্রিয়া শুরু করেছি।’
রিজওয়ানা হাসান আরও বলেন, ‘আমাদের সময়টা খুবই কম। ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করতেই অনেকটা সময় গেছে। গাজীপুরে দখল হওয়া জমির মধ্যে অনেক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাদের পক্ষে আবার আদালতের রায়ও আছে। তাই সেখানে বেদখল হওয়া জায়গা পুনরুদ্ধার করায় একটু জটিলতা আছে। আমরা বিক্ষিপ্ত কার্যক্রম বাস্তবায়নে না গিয়ে সুনির্দিষ্টভাবে কার্যক্রম হাতে নিচ্ছি, যাতে দৃষ্টান্ত স্থাপন করা যায়।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বলেন, ‘আমি দায়িত্বে আসার পরে বনকর্মীদের ২০ জনকে আহত হতে দেখেছি। আশ্চর্যের বিষয়, প্রচণ্ড ঝুঁকি নিয়ে কাজ করেন বনকর্মীরা, কিন্তু তাঁদের ঝুঁকি ভাতা নেই। আমরা বনকর্মীদের ঝুঁকি ভাতা প্রণয়নের একটা প্রস্তাবনা অর্থ বিভাগে পাঠিয়েছি। মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আর যতটা বনভূমি রয়েছে, সেই পরিমাণে বনকর্মী পাওয়া যাবে না। বাংলাদেশের বাস্তবতায় এটা সম্ভব নয়।’
রিজওয়ানা হাসান বলেন, ‘বন বিভাগের দর্শনগত দিকে পরিবর্তন আনতে হবে। কৃষি বিভাগ ধান লাগায় না। মৎস্য বিভাগ মাছ চাষ করে না। তাহলে বন বিভাগকে কেন গাছ লাগাতে হবে? জনগণের অংশগ্রহণের মাধ্যমে গাছ লাগাতে হবে। বন বিভাগকে তা রক্ষা করতে হবে। বন বিভাগের সাম্রাজ্যটা বড় উঁচু দেয়াল দিয়ে ঢেকে না দিয়ে গেট খুলে দিতে হবে। যাতে সবাই প্রবেশ করতে পারে। আমাদের এই দর্শনগত পরিবর্তন আনতেই হবে। ১৯২৭ সালের আইনের ধ্যানধারণা থেকে বেরিয়ে আসতে হবে।’
উপদেষ্টা আগামীকাল সোমবার দুপুরে মধুপুর বনের রাজাবাড়ী এলাকায় বনাঞ্চলের সীমানা নির্ধারণ কার্যক্রমের অংশ হিসেবে সীমানা খুঁটি স্থাপন; লহড়িয়াতে কচ্ছপ, ময়ূর উন্মুক্তকরণ এবং মধুপুর জাতীয় উদ্যানের দোখলায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন, সহকারী বন সংরক্ষক রোখসানা খাতুন, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৭ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে