
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় যমুনার শাখা নদী নিউ ধলেশ্বরীর ওপর সেতু নির্মাণকাজ ছয় বছরেও শেষ হয়নি। নদীর দুই প্রান্তে তিন জোড়া পিসি গার্ডার খুঁটি নির্মাণ করে কাজ বন্ধ রয়েছে। ৩৪ কোটি টাকার প্রকল্পটির তিন ঠিকাদারের মধ্যে দ্বন্দ্বের জেরে সেতুর কাজ বন্ধ হয়ে যায়। এরই মধ্যে এক ঠিকাদার ১০ কোটি টাকা তুলে উধাও হয়ে গেছেন। ফলে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ নির্মাণ কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ বলছে, আগের কার্যাদেশ বাতিল করে পুনরায় দরপত্রের মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২২ মাসের মধ্যে সেতুর কাজ শেষ করার সময়সীমা বেধে দেওয়া হয়েছে।
এলজিইডির টাঙ্গাইল কার্যালয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার পশ্চিমে চরাঞ্চলের মাহমুদ নগরের গোলচত্বর থেকে যমুনা সেতুর পূর্ব প্রান্তে মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মিত হয়েছে। জোকারচরে নিউ ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মিত হলে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ তৈরি হবে। এ লক্ষ্যে কালিহাতীর জোকারচরে ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণে এলজিইডি ৩৪ কোটি ১৪ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দে ২৬৪ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণে দরপত্র আহ্বান করে। হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, অবনী এন্টারপ্রাইজ ও সৈয়দ মজিবুর রহমান নামের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান জয়েন্ট ভেঞ্চারে সেতু নির্মাণের কার্যাদেশ পায়। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর এই কার্যাদেশ দেওয়া হয়। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর সেতুর নির্মাণকাজ শেষ করার কথা ছিল।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, জোকারচরে নিউ ধলেশ্বরী নদীর বাঁ তীরে দুই জোড়া ও ডান তীরে এক জোড়া পিলার নির্মাণ করে কাজ রাখা হয়েছে।
জোকারচর গ্রামের ইউনুস শেখ, বিদ্যুৎ মিয়া, জাহাঙ্গীর হোসেন, মাসুদ রানাসহ একাধিক ব্যক্তির সঙ্গে কথা হয়। তাঁরা জানান, সেতুটি মূলত যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথের সেতুবন্ধন। সেতুটি নির্মিত হলে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ তৈরি হবে। টাঙ্গাইল শহরসহ পশ্চিম-দক্ষিণাঞ্চলের মানুষ সহজেই এই সেতু দিয়ে উত্তরাঞ্চলে যেতে পারবে। এতে প্রতি ঈদে মহাসড়কে যানজটও হবে না। বিকল্প পথ দিয়ে এলেঙ্গা যেতে পারবে।
এলজিইডি সূত্রে জানা গেছে, কার্যাদেশ পাওয়ার দেড় বছর পর জয়েন্ট ভেঞ্চারের এক অংশীদার সৈয়দ মজিবুর রহমান সেতুটির নির্মাণকাজ শুরু করেন। ২০২১ সালে এপ্রিলে তিনি ওই সেতুতে ৩ কোটি টাকা বিনিয়োগ করেন। হঠাৎ করে অপর এক অংশীদার অবনী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হেকমত আলী সেই কাজ বন্ধ করে দেন–এমন অভিযোগ করেন সৈয়দ মুজিবুর রহমান। এসব ঘটনায় সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ থাকে। সৈয়দ মুজিবুর রহমান টাকা ফেরত চেয়ে প্রশাসনসহ বিভিন্ন স্থানে চিঠি দেন। তাঁদের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়। দ্বন্দ্ব চলাকালে মো. হেকমত আলী অপর দুই ঠিকাদার হায়দার কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী হায়দার আলী ও সৈয়দ মজিবুর রহমানের স্বাক্ষর জাল করে গাজীপুরের এক ঠিকাদার রফিকুল ইসলামের কাছে কাজটি বিক্রি করে দেন।
কাজ কিনে নেওয়ার দাবি করে গাজীপুরের ঠিকাদার রফিকুল ইসলামের অভিযোগ, ‘হেকমত আলী আমার কাছে কাজ বিক্রি করে প্রতারণা করেছেন। জাল স্বাক্ষরের বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করায় তিনি আমার কাছ থেকে সব চুক্তিপত্র ফেরত নেন।’
জয়েন্ট ভেঞ্চারের অংশীদার সৈয়দ মজিবুর রহমান বলেন, ‘দুই অংশীদার হেকমত ও হায়দার কাজ করবেন না বলে আমাকে স্ট্যাম্পে লিখে দিয়ে সেতুটি নির্মাণ করার দায়িত্ব দেন। ২০২১ সালে এপ্রিল মাসে আমি সেখানে ৩ কোটি টাকা বিনিয়োগ করি। হঠাৎ করে এক অংশীদার হেকমত সন্ত্রাসী বাহিনী এনে আমার কাজ বন্ধ করে দেয়। সেতুর নির্মাণ তিনি করবেন বলে জানান।’
অপর ঠিকাদার হায়দার আলী বলেন, ‘হেকমত আলী সেতুর তিনটি পিলার নির্মাণ করেই ৯ কোটি ৮১ লাখ ৪২ হাজার ৭৪৩ টাকা বিল উঠিয়ে নেন। ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর হেকমত আলী আত্মগোপনে চলে যান।’
নির্মাণকাজ বন্ধ থাকায় এলজিইডি কর্তৃপক্ষ চলতি বছরের ৯ মার্চ নতুন করে দরপত্র আহ্বান করে। দরপত্রে প্রাক্কলিত মূল্য ধরা হয় ৩৪ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৩৭৯ টাকা। নির্মাণের কার্যাদেশ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী অ্যান্ড এলহাজ জয়েন ভেঞ্চার (জেভি)। তাদের আগামী ২২ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে। তবে চার মাস পার হলেও কাজ শুরু হয়নি।
চৌধুরী অ্যান্ড এলহাজ জয়েন্ট ভেঞ্চারের একাংশের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ বলেন, ‘দরপত্র আহ্বানের পর নিয়মতান্ত্রিকভাবে আমরা কাজটি পেয়েছি। তবে এখনো এলজিইডির সঙ্গে আমাদের চুক্তি সম্পাদন না হওয়ায় কাজ শুরু করা যায়নি।’
এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী জাহানার পারভীন বলেন, ‘পূর্বের ঠিকাদারদের মধ্যে দ্বন্দ্বের কারণে যথাসময়ে কাজ শেষ হয়নি। তবে তাঁরা যতটুকু কাজ করেছিলেন, সে অনুযায়ী বিল পরিশোধ করা হয়েছে। নতুন করে দরপত্র আহ্বান করে ঠিকাদারও নির্বাচন করা হয়েছে। এবার নির্দিষ্ট সময়েই সেতুর নির্মাণকাজ শেষ হবে।’

রাজশাহীর গ্রামাঞ্চলে বর্ষার সকাল মানেই পাটচাষিদের প্রচণ্ড ব্যস্ততার সময়। কেউ কাস্তে দিয়ে পাটগাছ কাটছেন, আবার কেউ পাটের আঁটি কাঁধে তুলে নিয়ে ছুটছেন জলাশয়ের দিকে। পুকুর, খাল কিংবা ডোবায় জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়ানোর কাজও চলছে পুরোদমে।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই গ্রাফিতি’ দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের...
২ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় গত সাড়ে ছয় বছরে ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৪৮৮ জন। নিহত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১ হাজার ৩৪ জন (৭৪ দশমিক ৭১ শতাংশ), নারী ২১৯ জন (১৫ দশমিক ৮২ শতাংশ) এবং শিশু ১৩১টি (৯ দশমিক ৪৬ শতাংশ)।
২ ঘণ্টা আগে
১৮ বছরের জাহিদ হোসেন সেদিন মায়ের কোলে শুয়ে বলেছিলেন, ‘আম্মু, মাথাটা একটু আঁচড়াইয়া দিবা?’ রাহেলা বেগম এখনো বিশ্বাস করতে পারেন না, সেটাই ছিল ছেলের শেষ আবদার। রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রাস্তার পাশে অস্থায়ী একটি ফুলের দোকান চালাতেন সদ্য কৈশোর পেরোনো জাহিদ।
২ ঘণ্টা আগে