Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয়: জুলাইয়ের স্মৃতি রক্ষায় দেয়ালে গ্রাফিতি পুনর্লিখন শুরু

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়: জুলাইয়ের স্মৃতি রক্ষায় দেয়ালে 
গ্রাফিতি পুনর্লিখন শুরু
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই গ্রাফিতি’ দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও ঐতিহাসিক তাৎপর্য অক্ষুণ্ন রেখে ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত বিভিন্ন দেয়ালে অঙ্কিত গ্রাফিতিগুলো পুনরায় রংকরণ ও পুনর্লিখন করা হবে। এ কর্মসূচিতে নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, জুলাইয়ের গ্রাফিতিগুলো ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান এবং সে সময়ের দমন-পীড়নের স্মৃতি বহন করছে। সেই সময়ের ঘটনা, আন্দোলন ও জন-আকাঙ্ক্ষার স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এসব গ্রাফিতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপাচার্য বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে দেশের তরুণসমাজ ও সাধারণ মানুষ অন্যায়, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল। আন্দোলনের সময় দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো সে সময়ের প্রতিবাদ, ক্ষোভ, আত্মত্যাগ ও জন-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে। বর্তমানে এসব গ্রাফিতি দেশের জীবন্ত ইতিহাসের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

উপাচার্য ভবিষ্যতে দেশে যাতে আর কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনের উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন এবং আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত