সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

সুনামগঞ্জ সদর উপজেলায় ছেলের হাতে রেজিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে নূরে আলমকে (৪৬) আটক করেছে পুলিশ।
নিহত রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম জানান, নূরে আলম মানসিক প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ভাতা পান। তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন। কাজকর্মেও তাঁকে কেউ নিতে চান না। ফলে তিনি অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় জীবন যাপন করছিলেন।
নজরুল ইসলাম আরও জানান, রেজিয়া খাতুন অন্যের সাহায্য-সহযোগিতায় কোনো রকমে চলতেন। অভাব-অনটন নিয়ে মা-ছেলের মধ্যে প্রায়ই বিরোধ হতো। পারিবারিক কলহের জেরে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে নূরে আলমকে আটক করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মা-ছেলের মধ্যে ঝগড়া-বিবাদকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। অভিযুক্ত নূরে আলমকে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।









