Ajker Patrika

ভারত থেকে অনুপ্রবেশের সময় সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৭

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৯: ২৫
ভারত থেকে অনুপ্রবেশের সময় সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৭
অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশকালে আটক ব্যক্তিরা। ছবি: বিজিবির সৌজন্যে

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশকালে মানব পাচারকারীসহ সাতজনকে আটক করেছে বিজিবি ২৮ ব্যাটালিয়ন।

আজ শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে বাঁশতলা বিওপির অভিযানে শহীদ মিনার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে চারজন মাদারীপুর ও দুজন গোপালগঞ্জ জেলার বাসিন্দা এবং একজন স্থানীয় মাদক পাচারকারী বলে জানিয়েছে বিজিবি। তবে তাঁদের নাম-পরিচয় জানানো হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতে কাজের উদ্দেশ্যে ছিলেন। তবে তাঁরা কীভাবে ও কখন ভারতে গেলেন, এর পেছনে শুধুই কাজ নাকি অন্য উদ্দেশ্য—সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে গতকাল রাতে বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তপিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে শহীদ মিনার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছয় বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তের নিরাপত্তা ও জনগণের জানমাল রক্ষায় বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত