Ajker Patrika

ফেসবুকে ধর্ম অবমাননা: অভিযুক্ত যুবক পুলিশ হেফাজতে

সুনামগঞ্জ প্রতিনিধি
ফেসবুকে ধর্ম অবমাননা: অভিযুক্ত যুবক পুলিশ হেফাজতে
প্রতীকী ছবি

সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে (২৫) হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় বাদাঘাট বাজার থেকে ওই যুবককে হেফাজতে নেয় তাহিরপুর থানা-পুলিশ। অভিযুক্ত যুবকের বাড়ি বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ওই যুবক তাঁর ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তাঁকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাদাঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যার দিকে একদল উত্তেজিত লোক গড়কাটি গ্রামে যুবকের বাড়ি, দোকান ও স্থানীয় একটি মন্দিরে হামলা চালান।

বাদাঘাট বাজারের স্বপ্নচূড়া সামাজিক সংগঠনের সভাপতি আবির হাসান মানিক জানিয়েছেন, ঘটনা আঁচ করতে পেরে অভিযুক্ত যুবক অভিভাবকদের নিয়ে বাদাঘাট বাজারে ঘটনার মীমাংসা করার জন্য আসেন। পরে উত্তেজিত জনতা তাঁর ওপর চড়াও হলে কৌশলে তাঁকে একটি দোকানে ঢোকানো হয়। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত