Ajker Patrika

প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা, নিরাপত্তায় পুলিশের নানা পদক্ষেপ

সিরাজগঞ্জ প্রতিনিধি  
প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা, নিরাপত্তায় পুলিশের নানা পদক্ষেপ
কামারখন্দ উপজেলার ভদ্রঘাটের পালপাড়া পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। ছবি: আজকের পত্রিকা

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারের পালপাড়ায় প্রতিমা তৈরির ব্যস্ততা বেড়েছে। দিন-রাত কাজ করে প্রতিমার কাঠামো তৈরির কাজ প্রায় শেষ করেছেন কারিগরেরা। পূজার প্রায় ২০ দিন আগে শুরু হবে রং ও তুলির কাজ।

এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমা তৈরির স্থানগুলোর নিরাপত্তায় নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। এর অংশ হিসেবে হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমা তৈরির স্থান ও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় ভদ্রঘাটের পালপাড়া পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এ সময় তিনি প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাজ ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পরে দুর্গাপূজাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

পুলিশ সুপার একটি হটলাইন নম্বর চালুর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে কামারখন্দ থানা-পুলিশকে প্রতিমা তৈরির স্থানসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন।

এ সময় কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী, কামারখন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আলিম খান, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শম্ভু নাথ দাশ, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পালপাড়ার কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর সেখানে ২১৬টি প্রতিমা তৈরির কাজ চলছে। আকার ও কাজের ধরন অনুযায়ী প্রতিটি প্রতিমার দাম পড়ছে ১৮ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত।

স্থানীয় কারিগরদের পাশাপাশি বগুড়া, পাবনা, রংপুর ও নাটোর জেলার কারিগরেরাও এখানে এসে প্রতিমা তৈরির কাজে যুক্ত হয়েছেন। তৈরি করা প্রতিমাগুলো টাঙ্গাইল, নাটোর, বগুড়া ও পাবনাসহ বিভিন্ন জেলার ক্রেতারা নিয়ে যাবেন।

কারিগরেরা বলছেন, প্রতিমা তৈরির উপকরণ ও শ্রমের খরচ আগের তুলনায় বেড়েছে। তাঁদের হিসেবে, ২৫ হাজার টাকায় বিক্রি হওয়া একটি প্রতিমা তৈরিতে প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়। সব মিলিয়ে উৎপাদন খরচ প্রায় ৬০ শতাংশ বেড়েছে। তবে সে তুলনায় প্রতিমার দাম বা লাভ বাড়েনি। বর্তমানে একটি প্রতিমায় প্রায় ৩০ শতাংশ লাভ থাকে।

কারিগর বলরাম পাল বলেন, ‘একেক প্রতিমার একেক দাম। আমাদের এলাকায় এবার ২১৬টি প্রতিমা তৈরি হচ্ছে। দামেরও ব্যাপক পার্থক্য রয়েছে। তাই কত টাকার প্রতিমা বিক্রি হবে, তা বিক্রি শেষ হওয়ার আগে বলা যাচ্ছে না।’

নিরাপত্তার বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে ভদ্রঘাটের পালপাড়ায় পুলিশের টহল দল কাজ করবে। একই সঙ্গে গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত