নতুন বাস পুড়ে ছাই: মালিকের দাবি নাশকতা, পুলিশের ধারণা ঝালাই থেকে আগুন

নতুন বাস কিনে পরিবহন ব্যবসা শুরুর স্বপ্ন দেখেছিলেন আব্দুল কাদের হৃদয়। গতকাল মঙ্গলবার সাজসজ্জার জন্য বাসটি রংপুরে নিয়ে আসেন তিনি। পরিকল্পনা ছিল, প্রয়োজনীয় কাজ শেষে বাসটি নামাবেন জলঢাকা রুটে। কিন্তু ব্যবসা শুরুর আগেই আগুনে পুড়ে ছাই হলো তাঁর নতুন বাস। এতে ১২ থেকে ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন হৃদয়।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে রংপুর নগরীর টার্মিনালের মাছের আড়ত এলাকায় সড়কের পাশে গ্যারেজে রাখা ‘হৃদয় তাহসিন এক্সপ্রেস’ নামের বাসটিতে আগুন লাগে। বাসমালিকের দাবি, এটি নাশকতার ঘটনা। তবে পুলিশের ভাষ্য, ওয়েল্ডিংয়ের ঝালাই করার সময় ছিটকে পড়া ফুলকি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোটেলের সামনে একটি কোচিং সেন্টারের বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। একই দিনে দুটি বাসে আগুনের ঘটনায় নগরজুড়ে আলোচনা তৈরি হয়েছে।
বাসমালিক আব্দুল কাদের হৃদয় জানান, গতকাল বাসটি কিনে এনে রংপুর টার্মিনালের মাছের আড়ত এলাকায় সড়কের পাশে গ্যারেজের সামনে রাখেন। সেখানে ইঞ্জিনের মবিল পরিবর্তনসহ প্রয়োজনীয় কাজ করানোর পাশাপাশি ভেতরে সাজসজ্জার কাজও চলছিল। আজ দুপুরে বাসের স্টিকার আনতে পাশের একটি সুপারশপে যান তিনি। এর মধ্যেই বাসে আগুন লাগার খবর পান। দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, আগুনে পুরো বাস পুড়ে গেছে।
হৃদয় বলেন, ‘বাসটির ইন্টেরিয়রসহ বিভিন্ন কাজ নতুন করে করানো হয়েছিল। সব মিলিয়ে বাসটিতে আমার ১২ থেকে ১৩ লাখ টাকা খরচ হয়েছে। মঙ্গলবার বাসটি কিনে আনলেও টাকার অভাবে এখনো মালিকানা পরিবর্তন করতে পারিনি।’
আগুন লাগার ঘটনাকে দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ হৃদয়। তাঁর দাবি, বাসটিতে ঝালাইয়ের কাজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার দিকে করা হয়েছিল। অথচ আগুন লাগে বেলা আড়াইটার দিকে। এত দীর্ঘ সময় পর ঝালাইয়ের ফুলকি থেকে আগুন লাগার বিষয়টি তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।
আব্দুল কাদের হৃদয় বলেন, ‘গ্যারেজে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার দিকে বাসটির ঝালাইয়ের কাজ করা হয়। আর আগুন লাগে বেলা আড়াইটার দিকে। আগুন তো তিন-চার ঘণ্টা ধরে থাকবে না। পুরো গাড়ি ফোমের। আগুন ধরলে ১০-১৫ মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ার কথা। এত দেরিতে আগুন লাগার কথা নয়। এটা নাশকতা হতে পারে। রাতে একটি গাড়ি পোড়ানো হয়েছে, একইভাবে আমার গাড়িটিও পোড়ানো হয়েছে।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে বাসটি দেখেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়েছে। পরে বাসের মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। তাঁদের বক্তব্য অনুযায়ী, ঝালাই করার সময় ওপর থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। অসতর্কতার কারণে এটি দুর্ঘটনা হিসেবে ঘটেছে বলে তাঁরা জানিয়েছেন।’









