Ajker Patrika

দুর্ভোগের আরেক নাম রংপুর রেলস্টেশন

রংপুর প্রতিনিধি
দুর্ভোগের আরেক নাম রংপুর রেলস্টেশন
টিনের ছাউনির বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্র দিয়ে অঝোরে পানি পড়ছে। ছবি: আজকের পত্রিকা

সামান্য বৃষ্টি হলেই ছাউনির ফুটো দিয়ে পড়ছে পানি। সেই পানি প্ল্যাটফর্ম ভিজে কোথাও জমে কাদা। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা তখন ভেজা, পিচ্ছিল জায়গায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। দীর্ঘদিন ধরে এমন সমস্যা চললেও স্থায়ী সমাধান না হওয়ায় যাত্রীদের ক্ষোভ বাড়ছে। এ যেন দুর্ভোগেরই আরেক নাম হয়ে উঠেছে রংপুর রেলস্টেশন।

রোববার বৃষ্টির সময় সরেজমিন দেখা যায়, টিনের ছাউনির বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্র দিয়ে অঝোরে পানি পড়ছে। এতে প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ কাদাপানিতে একাকার হয়ে যায়।

যাত্রীদের অভিযোগ, প্ল্যাটফর্মে বসার জন্য পর্যাপ্ত জায়গা নেই। তার ওপর ভাসমান মানুষের আনাগোনা বেশি থাকায় বৃষ্টির সময় দুর্ভোগ আরও বেড়ে যায়। স্টেশন এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকায় মশার উপদ্রবও বেশি।

কথা হলে বেলাল হোসেন নামের এক যাত্রী বলেন, ‘চাকরির কারণে প্রতি মাসে একবার ট্রেনে করে ঢাকায় যেতে হয়। গরমে তেমন সমস্যা না হলেও বর্ষাকালে ভোগান্তি চরমে ওঠে। বৃষ্টি হলে আশ্রয়ের জায়গা থাকে না, চারদিক দিয়ে পানি পড়ে শরীর ভিজে যায়।’

টিনের ছাউনির বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্র দিয়ে অঝোরে পানি পড়ছে। ছবি: আজকের পত্রিকা
টিনের ছাউনির বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্র দিয়ে অঝোরে পানি পড়ছে। ছবি: আজকের পত্রিকা

আরেক যাত্রী রওশন আরা বলেন, ‘আমরা রাজশাহী রেলস্টেশন দেখছি, কত সুন্দর, ঝকঝকে চকচকে। রংপুরও বিভাগীয় শহর, কিন্তু এখানকার স্টেশন একটা উপজেলার স্টেশনের চেয়েও খারাপ। রংপুরে মানুষ কি টেক্স-ভ্যাট দেয় না যে রংপুরে স্টেশনটার উন্নয়ন সরকার করে না।’

রংপুরের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, রংপুরবাসীর দীর্ঘদিনের নানা দাবি থাকা সত্ত্বেও রেল কর্তৃপক্ষের উদাসীনতা অত্যন্ত হতাশাজনক।

সাংবাদিক ও সংগঠক এস এম পিয়াল জানান, ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত রংপুর রেলস্টেশনে একবার মাত্র দায়সারাভাবে উন্নয়নকাজ হয়েছিল ১৯৪৪ সালে। এরপর ৮০ বছর পেরিয়ে গেলেও বিভাগীয় শহর হিসেবে রংপুরের এই স্টেশনটির দৃশ্যমান আর কোনো উন্নয়ন হয়নি। বিভাগীয় শহর রংপুর হলেও এই রেলস্টেশনটি ‘বি’ গ্রেডের।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব ‎পলাশ কান্তি নাগ বলেন, রেল খাতে আধুনিকায়নের কথা বলা হলেও বাস্তবে রংপুরে তার প্রতিফলন নেই। দ্রুত এই স্টেশন সংস্কার ও আধুনিকায়ন করা জরুরি।

‎রংপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, দ্রুতই সংস্কার কার্যক্রম শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত