
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের দেওয়া আদেশ অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকাল বুধবারও তাঁদের তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিন্নাত আলী দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আদালতের নির্দেশে দুই দিন তিন ঘণ্টা করে আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া গেছে। এর অংশ হিসেবে আজ প্রথম দিনের জিজ্ঞাসাবাদ হয়েছে। আগামীকালও তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) তোফায়েল আহমেদ বলেছেন, আলোচিত এই চার খুনের মামলার রহস্য উদ্ঘাটনের দ্বারপ্রান্তে রয়েছে পুলিশ।
বিকেল সাড়ে ৪টার দিকে এ বিষয়ে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের তোফায়েল আহমেদ বলেন, ‘রংপুরে আলোচিত এই ফোর মার্ডার একটি রোমহর্ষক হত্যাকাণ্ড। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা মামলার রহস্য উদ্ঘাটনের দ্বারপ্রান্তে আছি।’ মামলাটি তদন্তাধীন হওয়ায় এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি। সর্বোচ্চ পেশাদারি বজায় রেখে মামলার নিষ্পত্তি করা হবে বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।
এর আগে গতকাল সোমবার রংপুর মেট্রোপলিটনের মুখ্য হাকিম-২ রফিকুল ইসলামের আদালত দুই আসামিকে জেলগেটে দুই দিন তিন ঘণ্টা করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। মামলার তদন্ত কর্মকর্তা তিন দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট নগরের মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে খুন হয় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী পার্থী (২৪) ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়ম (১২)। ২২ আগস্ট রাতে তাঁদের মরদেহ উদ্ধার করা হয় নিজ বাড়ি থেকে। ওই দিন রাতেই কানু দাসের ছেলে মুগ্ধ দাস ও বিনয় দাসের ছেলে সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৪ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৭ ঘণ্টা আগে