
রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। শুরুতে মাদকের বিষয়টি সামনে এলেও এখন পুলিশের ধারণা হত্যাকাণ্ডের পেছনে শুধু ইয়াবা সেবন বা তা দেখে ফেলার ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, জমি-সংক্রান্ত বঞ্চনার বিষয়ও ভূমিকা রাখতে পারে।
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘আদালতে গ্রেপ্তার দুই জন (মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস) যে জবানবন্দি দিয়েছে এবং সাক্ষীরা (সিদ্ধার্থে বন্ধু প্রতিবেশী সীমান্ত দাস ও দখিগঞ্জ শ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ মোহন্ত) যে বক্তব্য দিয়েছে, তা হুবহু মিলে গেছে। সিদ্ধার্থ ও মুগ্ধ বলেছে গভীর রাত ২টা আড়াইটা পর্যন্ত সীমান্তের বাসায় বসে ইয়াবা সেবন করেছে। তারপর সেখান থেকে তাঁরা ওখানে যায়। সাক্ষী সীমান্ত একই কথা বলেছে।’
সনাতন চক্রবর্তী বলেন, ‘শুধু মাদকের কারণে হত্যাকাণ্ড হয়নি। কারণ যে পরিমাণ নৃশংসভাবে হত্যাকাণ্ড করা হয়েছে। পূর্ববর্তী পুঞ্জীভূত ক্ষোভ বা ক্রোধ এগুলোর বহিঃপ্রকাশ হতে পারে। যেহেতু দুই পরিবার পাশাপাশি, এটা তাদের মধ্যে তুলনামূলকভাবে একটা আর্থিক স্বচ্ছল ও আরেকটা দরিদ্র পরিবার। ওদের জবানবন্দি ও আদালত সূত্রে জানা গেছে, ওই জমিটা তাদের পরিবারের কাছ থেকে কিনে নেওয়া। এসব বিষয়ে কিছু বঞ্চনা, ক্ষোভ, হতাশা থাকতে পারে। কারণ এই যে নৃশংসতা, এর পেছনে আরও গভীর কারণ থাকতে পারে।’
মাছুয়াপাড়া এলাকায় গিয়ে জানা যায়, গণপতি চক্রবর্তীর বাড়ি যে ছয় শতক জমিতে নির্মিত হয়েছে, সেটি একসময় সিদ্ধার্থ দাসদের পূর্বপুরুষের মালিকানাধীন ছিল। তাঁর বাড়ির প্রাচীর ঘেঁষে সিদ্ধার্থদের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায়, দুই শতক জমির একপাশের প্রাচীর, অন্য পাশে টিনের দুটি ঘর ও ছোট একটি দোকান।
সিদ্ধার্থদের বাড়ির ভেতরে গিয়ে কথা হয় তাঁর বাবা বিনয় চন্দ্রের সঙ্গে। তিনি জানান, গণপতি চক্রবর্তী যে জায়গা কিনে বাড়ি করেছেন, সেটি তাঁর দাদা চন্দ্র মোহন দাসের। সেখানে মোট জমি আট শতক। দুই শতকে তাঁদের বাড়ি, বাকি ছয় শতকে গণপতি চক্রবর্তী বাড়ি করেন। বিনয় চন্দ্রের বাবা দীনেশ চন্দ্র দাসেরা চার ভাই। ৮ শতক জমি প্রত্যেকে দুই শতক করে ভাগে পান। তাঁর তিন কাকা প্রায় ১৫ বছর আগে তাঁদের ভাগে পাওয়া ৬ শতক জমি রবি ঠাকুরের কাছে বিক্রি করেন। কিন্তু তাঁকে দলিল করে দেননি। গণপতি চক্রবর্তীকে দলিল করে দেন। এবং গণপতির কাছ থেকে টাকা নেন রবি ঠাকুর। ভাগে পাওয়া দুই শতক জমিতে দুই ছেলে, স্ত্রী, বৃদ্ধ মাকে নিয়ে থাকতেন বিনয় দাস। তাঁর ছোট ভাই বিজয় দাসেরও নিজের বাড়ি নেই। তিনি পাশেই একটি ভাড়াবাড়িতে থাকেন। ছয় মাস আগে সিদ্ধার্থের বড় ভাই পার্থ বিয়ে করলে তাঁর থাকার জায়গার সংকুলান হয়। এরপর সিদ্ধার্থ কাকা বিজয় দাসের বাড়িতে থাকতেন। সেখান থেকে শনিবার রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধার্থকে গ্রেপ্তার করা হয়। সিদ্ধার্থ ও তাঁর বড় ভাই পার্থ দুজনে স্বর্ণের দোকানে কাজ করেন। বাবা বিনয় দাস মাছের ব্যবসার পাশাপাশি কীর্তন করেন। মা বাড়িতে মুদিখানা দোকান চালান।
সিদ্ধার্থের বাবা বিনয় দাস বলেন, ‘আমরা এখানকার কীর্তনীয় বংশের ছাওয়াপোয়া। আমাদের এখানে আদি বাস। এই বাড়িতে আমরা বসবাস করছি। টাকার অভাবে জমি নিতে পারি নাই। কাকারা রবি ঠাকুরের কাছে জমি বিক্রি করছে। কিন্তু জমি লিখে দিছে গণপতিকে। রবি ঠাকুর উনার কাছ থেকে কীভাবে টাকা নিয়েছে, সেটা উনার ব্যাপার।’
সিদ্ধার্থের বড় ভাই পার্থ দাস বলেন, ‘এই জমিটা আমাদের বাপ-দাদার সম্পত্তি। বাড়িটা করার পর কোনো দিন উনার বাড়ি যাইনি। উনার মেয়ের সঙ্গে কখনই কথা বলিনি। উনার সঙ্গে দেখা হলে নমস্কার দেই, কেমন আছো বললে? ভালো আছি, এই টুকুই। আর উনার ছেলে দেখলে কথা বলত রাস্তা-ঘাটে, কাকু কেমন আছো।’
সরেজমিনে মাছুয়াপাড়া এলাকায় গিয়ে অন্তত ১৫ জন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গণপতি চক্রবর্তীর পরিবারের সঙ্গে প্রতিবেশীদের তেমন সামাজিক যোগাযোগ ছিল না। স্থানীয়দের ভাষ্য, পাশাপাশি বাড়ি হলেও দুই পরিবারের মধ্যে মেলামেশা ছিল খুবই সীমিত। পুরো এলাকায় দাস পরিবারের একাধিক বাড়ি থাকলেও চক্রবর্তী পরিবার ছিল একমাত্র ভিন্ন পরিবার। এটিও সামাজিক দূরত্বের একটি কারণ হতে পারে বলে মনে করেন কেউ কেউ।
পাশের বাড়ির বৃদ্ধা সনেকা দাস বলেন, ‘উনার বাড়ি কেউ যাবার পায় না। আমিও যাই নাই। ওমার গেট খোলে না। ওমরা কারও সঙ্গে মিশে না। ওমরা বড়লোক মানুষ, হামরা গরিব মানুষ এই জন্যে মিশে না। গেটের সামনে বসতে দিত না।’
লক্ষী দাস নামের আরেক গৃহবধূ জানান, বাড়িটি উদ্বোধনের দিনে গিয়েছিলেন। এরপর আর যাননি। তাঁরাও কারও বাড়ি আসেন না। এটা এলাকার সবাই জানে।
উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে মাছুয়াপাড়া এলাকার নিজ বাড়ির ছাদ, চিলেকোঠা ও ঘর থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী আগামী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তী আয়ুশের (১২) মরদেহ উদ্ধার করা হয়। গণপতি চক্রবর্তী গত ডিসেম্বরে রংপুর জেলা স্কুল থেকে অবসর নেন। অবসরের পর তিনি হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা দিতেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।
১২ মিনিট আগে
৫৩ হাজার ১০৯ একর সংরক্ষিত বনাঞ্চল আর পাহাড়ঘেরা মৌলভীবাজারে করাতকলের ছড়াছড়ি। বৈধ করাতকলের পাশাপাশি গড়ে উঠেছে অবৈধ করাতকল, যেখানে দিন-রাত চেরা হচ্ছে সামাজিক বনায়ন ও বন থেকে চোরাই পথে কেটে আনা গাছ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষিজমিতেও স্থাপন করা হচ্ছে করাতকল।
২৭ মিনিট আগে
কলকাতার ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবা–মা ও ছোট ভাইকে হারানোর পর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছে সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে সাত বছরের ছোট্ট মেয়ে মহিমা দত্ত। শিশুটির মনে কী চলছে তা প্রকৃত অর্থেই বোঝার উপায় নেই! থেকে থেকেই কেবল শ্মশানে যাওয়ার আবদার! সেখানে গেলে কখনো বলে ওঠে, ‘আমি বাসায় যাব...
১ ঘণ্টা আগে
হারুনুর রশীদ অনুষ্ঠানটি রাজনৈতিক নয় উল্লেখ করে জেলা বিএনপির সদস্যসচিবের আচরণকে ‘বেয়াদবি’ বলে মন্তব্য করেন। একপর্যায়ে তিনি প্রতিমন্ত্রীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
১ ঘণ্টা আগে